Iran's plane to India: 'ভারতে ত্রাণসামগ্রী নিতে আসার কথা ছিল, ইরানের সেই বিমানে এয়ার স্ট্রাইক আমেরিকার', দাবি তেহরানের

আন্তর্জাতিক

ভারতে আসার কথা ছিল বিমানের। তার আগে মার্কিন এয়ার স্ট্রাইকে ক্ষতিগ্রস্ত হল সেই বিমান! তেহরানের এই বিস্ফোরক দাবিতে তোলপাড় বিশ্ব। ইরান ও আমেরিকার এই চরম উত্তেজনায় ভারত কিছু বলল কী? জানুন বিস্তারিত রিপোর্ট।

ভারতে ত্রাণসামগ্রী নিতে আসার কথা ছিল। সেই বিমানেই আমেরিকা এয়ার স্ট্রাইক চালিয়েছে বলে দাবি করল ইরানের আধিকারিকরা। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, তেহরানের আধিকারিকরা দাবি করেছেন যে ইরানের মানুষের জন্য অত্যাবশ্যকীয় জিনিসপত্র, ওষুধ-সহ ত্রাণ সামগ্রী সংগ্রহ করার জন্য চলতি সপ্তাহে নয়াদিল্লি উড়ে যাওয়ার কথা ছিল মাহান এয়ারের (ইরানের বেসরকারি উড়ান সংস্থা, যা পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়ায় বিমান চালায়) একটি বিমানের। কিন্তু সোমবার মাশাদ বিমানবন্দরে আমেরিকা যে হামলা করেছে, তাতে সেই বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তেহরানের তরফে দাবি করা হয়েছে।

কাল আসার কথা ছিল ভারতে
ওই রিপোর্ট অনুযায়ী, আগামিকাল (১ এপ্রিল) নয়াদিল্লিতে পৌঁছানোর কথা ছিল ওই বিমানের। কিন্তু মার্কিন হামলায় সেই সফর ভেস্তে যেতে পারে বলে দাবি করেছেন তেহরানের আধিকারিকরা। যদিও ইরানের সেই দাবি নিয়ে আপাতত আমেরিকার তরফে কোনও মন্তব্য করা হয়নি। সরকারিভাবে আপাতত কিছু জানানো হয়নি ভারতের তরফেও।

সব ধ্বংস করে দেব, হুংকার ট্রাম্পের
আর সেইসবের মধ্যেই ইরান-আমেরিকা যুদ্ধে ইতি পড়ার আপাতত কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। তেহরানকে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে অল্প সময়ের মধ্যে চুক্তি না করলে এবং অবিলম্বে ব্যবসার জন্য হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের গুরুত্বপূর্ণ সব জায়গায় ধ্বংসলীলা চালানো হবে। গুঁড়িয়ে দেওয়া হবে সবকিছু।

মার্কিন প্রেসিডেন্টের কথায়, 'যদি কোনও কারণে অল্প সময়ের মধ্যে একটি চুক্তি না হয় (যদিও সেটা সম্ভবত হবে) এবং ব্যবসার জন্য এখনই যদি হরমুজ প্রণালী খুলে না দেওয়া হয়, তাহলে ওদের সমস্ত বিদ্যুৎকেন্দ্র, তৈল ভাণ্ডার এবং খাড়গ দ্বীপ (সম্ভবত সব শোধনাগার) উড়িয়ে দিয়ে নিশ্চিহ্ন করে দিয়ে ইরানে আমাদের দারুণ সফরে ইতি টানব। যেগুলিতে আমরা ইচ্ছাকৃতভাবেই এখনও ছুঁইনি।'

কুয়েতি অয়েল ট্যাঙ্কারে ইরানের হামলা
যদিও ট্রাম্পের সেই হুঁশিয়ারি নিয়ে আপাতত ইরানের তরফে কিছু জানানো না হলেও তেহরান চুপ করে বসে নেই। রিপোর্ট অনুযায়ী, দুবাই বন্দরের কাছেই একটি কুয়েতি তৈল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে হরমুজ প্রণালী পার করেছিল কুয়েতি অয়েল ট্যাঙ্কার।

 

Source: www.hindustantimes.com


Related News