SIR Case in SC Update: এবার ভোট দিতে না পারলেও চিরতরে ভোটাধিকার চলে যাবে না, বোঝাল সুপ্রিম কোর্ট
আগামী মঙ্গলবারের (৭ এপ্রিল) মধ্যে পশ্চিমবঙ্গের বিচারাধীন সব নামের নিষ্পত্তি হয়ে যাবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের চিঠির প্রেক্ষিতে এমনই জানাল সুপ্রিম কোর্ট।
আগামী মঙ্গলবারের মধ্যে পশ্চিমবঙ্গের বিচারাধীন সব নামের নিষ্পত্তি হয়ে যাবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের চিঠির প্রেক্ষিতে এমনই জানাল সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর (ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা) মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকন্ত বলেন, 'গতকাল হাইকোর্টের প্রধান বিচারপতির থেকে একটি চিঠি পেয়েছি। যে তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, তাতে আমরা খুশি এবং আশাবাদী। গতকালের মধ্যে ৪৭ লাখের মতো নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। প্রতিদিন ১.৭৫ লাখ থেকে দু'লাখ নামে র নিষ্পত্তি করা হচ্ছে। আমাদের জানানো হয়েছে যে আগামী ৭ এপ্রিলের মধ্যে সব নামের নিষ্পত্তি হয়ে যাবে।'
চিরকাল ভোটাধিকার হারাচ্ছেন না, বলল সুপ্রিম কোর্ট
অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের দু'সপ্তাহ আগেই বিচারাধীন সব নামের নিষ্পত্তি হয়ে যাবে। তবে তারপরও এবারের নির্বাচনে যাঁরা ভোট দিতে পারবেন না, তাঁদের ভোটাধিকার চলে যাচ্ছে না বলে আশ্বস্ত করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি বাগচি জানিয়েছেন, যদি কেউ এবারের নির্বাচনে ভোট দিতে না পারেন, সেটার অর্থ এই নয় যে চিরকালের জন্য তিনি ভোটাধিকার হারাচ্ছেন। অর্থাৎ চিরকালের জন্য তাঁর ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে না।
ট্রাইবুনালের জন্য আজ প্রশিক্ষণ হবে প্রাক্তন বিচারপতিদের
তারইমধ্যে যে ভোটারদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য যে ট্রাইবুনাল গঠন করা হচ্ছে, সেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে বুধবার প্রশিক্ষণ দেওয়া হবে। আর ট্রাইবুনালের কাজ শুরু হবে বৃহস্পতিবার থেকেই। সেই রেশ ধরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আজকের মধ্যেই ট্রাইবুনালের জন্য প্রত্যেক প্রাক্তন বিচারপতির ট্রেনিং শেষ করতে হবে। অনলাইনে আবেদন এবং সশরীরে গিয়ে আপিলের বিষয়ে জানাতে হবে তাঁদের।
শীর্ষ আদালত কী বলল ট্রাইবুনালকে?
সেইসঙ্গে শীর্ষ আদালত বলেছে যে বিচারবিভাগীয় আধিকারিক বা জুডিশিয়াল অফিসারদের কাছে যে যে নথি দেওয়া হয়নি, সেগুলি যেন নতুন করে নেওয়া হয়। যদি নতুন কোনও নথি জমা নেওয়া হয়, তাহলে যথাযথভাবে তার সত্যতা যাচাই করে নিতে হবে।
Source: www.hindustantimes.com


