Delimitation Bill Parliament: ডিলিমিটেশন বিল পাশ করাতে ফের সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে মোদি সরকার

হোম

Delimitation Bill Parliament: লোকসভায় ধাক্কার পর নতুন উদ্যোগ কেন্দ্রের, ডিলিমিটেশন বিল নিয়ে ফের বিশেষ অধিবেশনের ভাবনা।

নয়াদিল্লি: ডিলিমিটেশন বিল পাশ করানোর লক্ষ্যে শীঘ্রই সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্রীয় সরকার। CNN-News18-কে এমনটাই জানিয়েছেন কেন্দ্রের শীর্ষ সূত্র। এর আগে সংবিধান সংশোধনী বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। ফলে সংসদে বিলটি পাশ করাতে না পারা কেন্দ্রের কাছে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৬ সালের ১৩ অগাস্ট সংসদের বাদল অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেলেও এখনও আনুষ্ঠানিকভাবে তা প্রোয়োগ করা হয়নি।
গত ১৬ এপ্রিল লোকসভায় তিনটি বিল পেশ করা হয়েছিল। সেগুলি হল সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬, ডিলিমিটেশন বিল, ২০২৬ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল, ২০২৬। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলগুলি পেশ করেন। কিন্তু ১৭ এপ্রিল লোকসভায় ভোটাভুটিতে সংবিধান সংশোধনী বিলটি প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় পাশ হয়নি।

অন্যদিকে, ২০২৩ সালের সংবিধানের ১২৮তম সংশোধনী আইন, যা ‘নারী শক্তি বন্দন আইন’ নামে পরিচিত, তাতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। তবে পরবর্তী জনগণনার পর ডিলিমিটেশন বা নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই এই সংরক্ষণ কার্যকর করার কথা বলা হয়েছে।

এপ্রিল মাসে ডিলিমিটেশন বিল পেশ হওয়ার পর থেকে বিরোধী INDIA জোটের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ২২ জন সাংসদ ছিলেন। তবে দলের মধ্যে বড়সড় ভাঙনের জেরে ২০ জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সঙ্গে হাত মিলিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, INDIA জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক ডিএমকে এখন আর কংগ্রেস নেতৃত্বাধীন জোটের অংশ নয়। ফলে ডিলিমিটেশন বিল নিয়ে ফের সংসদে আলোচনা বা ভোটাভুটির আগে বিরোধী জোটের রাজনৈতিক সমীকরণে বেশ কিছু পরিবর্তন ঘটেছে। এই পরিস্থিতিতে বিলটি পাশ করানোর জন্য কেন্দ্র নতুন করে সংসদের বিশেষ অধিবেশন ডাকার কথা ভাবছে বলে সূত্রের খবর।

 

Source: bengali.news18.com


Related News