দুবাইয়ের মাটিতে আনন্দ শঙ্করকে স্মরণ বিশেষ অনুষ্ঠানে, উপস্থিত থাকবেন শ্রীনন্দা শঙ্কর

বিনোদন

আনন্দশঙ্কর চলচ্চিত্র সঙ্গীতকার হিসাবে সুনাম অর্জন করেন। বহু জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠানে উদ্বোধনী সুরারোপ করেন তিনি।

কলকাতা: আগামী ১৪ই নভেম্বর দুবাই ক্রিক পার্কের ‘আল আজিয়াল থিয়েটার’-এ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিখ্যাত ‘শঙ্কর ঘরানা’-র আনন্দ শঙ্কর ও তনুশ্রী শঙ্করের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে দুবাইতে বসবাসরত তাঁদের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। অনুষ্ঠানটির উদ্বোধন করবেন তাঁদের কন্যা শ্রীনন্দা শঙ্কর, যিনি বর্তমানে শঙ্কর ঘরানার ঐতিহ্যকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
শিশু দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে মঞ্চস্থ হবে ‘ফিনিক্স’ (Phoenix) নামের একটি মিউজিক্যাল ব্যালে। এতে কঠিন সময়ে বিশ্বজনীন মাতৃত্বের আখ্যান এবং সামাজিক, প্রথাগত ও পৌরাণিক বিধিনিষেধ থেকে নারীর মুক্তির গল্প ফুটে উঠবে। অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন এষা সেনগুপ্ত; নৃত্য পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন সোমদত্তা দে মুখোপাধ্যায়। এর সংগীত পরিচালনা করেছেন কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক অমিত চট্টোপাধ্যায় এবং অত্যন্ত অর্থবহ চিত্রনাট্যটি লিখেছেন পনেরো বছর বয়সী ঋষান সেনগুপ্ত।

আনন্দশঙ্কর ছিলেন খ্যাতনামা ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ, সুরকার ও সঙ্গীতশিল্পী।  প্রাচ্য ও পাশ্চাত্যের সুরের সংমিশ্রণে ফিউশন ধারার অসাধারণ সুরসৃষ্টি করে বিশ্বে সর্বাধিক পরিচিতি লাভ করেন। ভারতীয় মার্গসঙ্গীতের ছাত্র হয়েও তিনি পাশ্চাত্য সঙ্গীতের বিশেষ অনুরাগী ছিলেন।

সন্ধ্যাটির সমাপ্তি ঘটবে একটি নস্টালজিক বা স্মৃতিমধুর সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে, যেখানে কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী ইক্ষিতা মুখোপাধ্যায় বাংলা ও হিন্দি গান পরিবেশন করবেন।

“মিসিং ইউ”, আনন্দ শঙ্করের কম্পোজিশনে নৃত্য পরিবেশিত হবে, থাকছে আনন্দ শঙ্করের “আ মিউজিকাল ডিসকভারি অফ ইন্ডিয়া”-তে নৃত্য পরিবেশনা। এই উদ্যোগ নিয়ে এষা সেনগুপ্ত ও সোমদত্তা দে মুখার্জি জানান, ” দুবাইয়ের মাটিতে আমরা বাংলা তথা ভারতীয় সংস্কৃতির চর্চা চালিয়ে যাচ্ছি আমাদের মতো করে।”

 

Source: bengali.news18.com


Related News