শুধু খাবার নয়, মানসিক চাপেও বাড়তে পারে সুগার! কীভাবে কর্টিসল বাড়িয়ে দেয় রক্তে শর্করার মাত্রা? জানাচ্ছেন চিকিৎসক

জীবনধারা

Diabetes & Cortisol:মানসিক চাপ শুধু মন খারাপ বা উদ্বেগের কারণ নয়, ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রাও বাড়িয়ে দিতে পারে। দীর্ঘদিনের স্ট্রেসে শরীরে কর্টিসল বা ‘স্ট্রেস হরমোন’-এর মাত্রা বেড়ে যায়, যা ইনসুলিনের কার্যকারিতায় প্রভাব ফেলে। কীভাবে কর্টিসল রক্তে সুগার বাড়ায়? কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন এবং স্ট্রেস নিয়ন্ত্রণে রেখে কীভাবে ডায়াবেটিস সামলাবেন, জানুন বিশেষজ্ঞের পরামর্শে।

কলকাতা: মানসিক চাপকে সাধারণত মন বা মনের স্বাস্থ্যের সমস্যা বলে মনে করা হয়। কিন্তু এর প্রভাব শুধু মানসিক স্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বিশেষ করে যাঁদের ডায়াবেটিস রয়েছে, তাঁদের ক্ষেত্রে দীর্ঘদিনের মানসিক চাপ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন করে তোলে। কাজের চাপ, আর্থিক চিন্তা, পর্যাপ্ত ঘুমের অভাব কিংবা ব্যক্তিগত সমস্যার কারণে মানসিক চাপ তৈরি হতে পারে। এই চাপ শরীরের হরমোনের স্বাভাবিক কার্যকলাপে প্রভাব ফেলে, যার সরাসরি প্রভাব পড়তে পারে রক্তে গ্লুকোজের মাত্রায়।
এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কর্টিসল। একে সাধারণত ‘স্ট্রেস হরমোন’ বা মানসিক চাপের হরমোন বলা হয়। কঠিন পরিস্থিতির সঙ্গে শরীরকে মানিয়ে নিতে সাহায্য করে এই হরমোন। কিন্তু দীর্ঘদিন ধরে শরীরে কর্টিসলের মাত্রা বেশি থাকলে ইনসুলিনের কার্যকারিতা ব্যাহত হতে পারে। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে। কর্টিসল বাড়লে মানসিক চাপ বাড়ে, আর মানসিক চাপ থেকে বাড়তে পারে ব্লাড সুগারের মাত্রা, যা বলছেন মণিপাল হাসপাতাল, ইএম বাইপাস-এর সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান, ডায়াবেটোলজি অ্যান্ড এন্ডোক্রিনোলজি ডাঃ শুভঙ্কর চৌধুরী–

মানসিক চাপ তৈরি হলে রক্তে শর্করার কী হয়?
কোনও ব্যক্তি মানসিক চাপে পড়লে শরীরে স্বাভাবিকভাবেই ‘ফাইট অর ফ্লাইট’ বা বিপদের মোকাবিলা করার প্রতিক্রিয়া তৈরি হয়। এই সময় কর্টিসল ও অ্যাড্রিনালিনের মতো হরমোন নিঃসৃত হয়। এগুলি শরীরকে বিপদ বা কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত করে। এই প্রক্রিয়ায় লিভার বা যকৃতে জমা থাকা গ্লুকোজ রক্তে মিশে যায়। এর ফলে শরীর অতিরিক্ত শক্তি পায়। তাই মানসিক চাপের সময় সাময়িকভাবে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। কিন্তু মানসিক চাপ দীর্ঘদিন ধরে চলতে থাকলে বা বারবার তৈরি হলে এই হরমোনগুলি বারবার নিঃসৃত হয়। এর ফলে রক্তে শর্করার মাত্রা দীর্ঘ সময় ধরে বেশি থাকতে পারে। ডায়াবেটিস রোগীদের শরীরে এমনিতেই ইনসুলিন তৈরি হওয়া বা ইনসুলিন ঠিকমতো কাজ করার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। তাই মানসিক চাপে তাঁদের সুগার নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়ে।

কর্টিসল ও ইনসুলিনের মধ্যে সম্পর্ক কী?
শরীরে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন কীভাবে ব্যবহার হবে, তা নিয়ন্ত্রণে ভূমিকা রয়েছে কর্টিসল হরমোনের। এই হরমোনের একটি গুরুত্বপূর্ণ প্রভাব হল, এটি ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। অর্থাৎ শরীরের কোষগুলি আগের মতো কার্যকরভাবে ইনসুলিনের প্রতি সাড়া দেয় না। ফলে গ্লুকোজ সহজে কোষের ভিতরে প্রবেশ করতে পারে না এবং রক্তেই থেকে যায়। টাইপ ২ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সাধারণত আগে থেকেই ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার সমস্যা থাকে। দীর্ঘদিন ধরে কর্টিসলের মাত্রা বেশি থাকলে এই সমস্যা আরও জটিল হতে পারে। অন্যদিকে, টাইপ ১ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও মানসিক চাপের কারণে হরমোনের পরিবর্তন রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। এমনকী ইনসুলিনের প্রয়োজনীয়তার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। তাই রক্তে শর্করার মাত্রা অকারণে ওঠানামা করলে শুধু খাবার বা ওষুধকেই তার জন্য দায়ী করা ঠিক নয়।

 

Source: bengali.news18.com


Related News