‘ওদের সঙ্গে ওদেরই কায়দায় মোকাবিলা’: পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন রহমান গুলকে কমান্ডার-ইন-চিফ নিয়োগ করল বালোচ লিবারেশন আর্মি

আন্তর্জাতিক

রহমান গুলের শীর্ষপদে আসাকে নিরাপত্তা পর্যবেক্ষকরা বিদ্রোহী সংগঠনটির একটি পরিকল্পিত পদক্ষেপ হিসেবে দেখছেন। তাঁদের মতে, ইসলামাবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান সেনাবাহিনীর অভ্যন্তরীণ অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্বদর: বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গিদের সঙ্গে পাকিস্তানি সেনার সংঘর্ষ চলছে। গত দু’দিনে অন্তত ২৪ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে দাবি ইসলামাবাদের। তবে জঙ্গিদমন অভিযানে এক মেজর-সহ চার পাক সেনাকর্মীর মৃত্যু হয়েছে।
আঞ্চলিক কৌশলগত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এমন এক নেতৃত্বের পরিবর্তনে পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন রহমান গুলকে তাদের নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে নিয়োগ করেছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। এমনটাই জানা গিয়েছে।
সংগঠনের অভ্যন্তরে ‘উস্তাদ মুরিদ’ এবং ‘মুরিদ বালোচ’ ছদ্মনামে পরিচিত গুলের এই শীর্ষপদে উন্নীত হওয়াকে নিরাপত্তা বিশেষজ্ঞরা বিদ্রোহী গোষ্ঠীর একটি পরিকল্পিত পদক্ষেপ হিসেবে দেখছেন। তাঁদের মতে, ইসলামাবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান সেনাবাহিনীর অভ্যন্তরীণ অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘ওদের সঙ্গে ওদেরই কায়দায় মোকাবিলা করা’—এই মনোভাবেরই প্রতিফলন দেখা যাচ্ছে এই স্ট্র্যাটেজিতে।

পাকিস্তানের ১৯তম ফ্রন্টিয়ার ফোর্স থেকে বিএলএ-র শীর্ষ নেতৃত্বে:
নোশকি এলাকার বাসিন্দা এবং প্রভাবশালী মেঙ্গল পরিবারের সদস্য রহমান গুল আগে পাকিস্তান সেনাবাহিনীর ১৯তম ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে (Pakistan Army’s 19th Frontier Force Regiment) কমিশনপ্রাপ্ত আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি সেনাবাহিনী ছেড়ে বেরিয়ে আসেন।

সেনাবাহিনী থেকে বেরিয়ে আসার পর ধীরে ধীরে বালোচ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতৃত্বের বিভিন্ন স্তরে উঠে আসেন গুল। সংগঠনের শীর্ষ নেতৃত্বের উত্তরসূরি হিসেবে মনোনীত হওয়ার আগে তিনি বিএলএ-র সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি, গোষ্ঠীর বিশেষ আত্মঘাতী হামলাকারী বাহিনী ‘মজিদ ব্রিগেড’-এর অপারেশনাল প্রশিক্ষক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং পরিকাঠামোকে লক্ষ্য করে একাধিক হাই-প্রোফাইল হামলার জন্য দায়ী এই বাহিনী।

কৌশলগত প্রভাব:
গোয়েন্দা ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, একজন প্রাক্তন নিয়মিত সেনা আধিকারিককে সংগঠনের শীর্ষপদে বসানোর ফলে পাকিস্তান সেনাবাহিনীর কার্যপদ্ধতি সম্পর্কে বিএলএ-র কাছে সামরিক কৌশল, রসদ সরবরাহ এবং বিদ্রোহ দমনের পদ্ধতি সংক্রান্ত প্রত্যক্ষ ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।

উস্তাদ মুরিদ এখন সংগঠনের সামগ্রিক নেতৃত্বের দায়িত্ব নেওয়ায়, বালোচিস্তানে গোষ্ঠীটির অভিযানের ধরন ও গতিপ্রকৃতিতে এই নেতৃত্বের পরিবর্তন কী প্রভাব ফেলে, তা নিয়ে গোটা অঞ্চলের নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক নজর রাখছে।
বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ), যা বালোচ লিবারেশন আর্মি নামেও পরিচিত, একটি সশস্ত্র জাতিগত জাতীয়তাবাদী বিচ্ছিন্নতাবাদী সংগঠন। পাকিস্তান থেকে বালোচিস্তান অঞ্চলকে স্বাধীন করার দাবিতে তারা আন্দোলন চালায়।

২০০০ সাল নাগাদ প্রতিষ্ঠিত এই সংগঠনটি ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত গোষ্ঠী নয়, বরং একটি ধর্মনিরপেক্ষ জাতিগত জাতীয়তাবাদী সংগঠন। তাদের প্রধান লক্ষ্য হল বালোচিস্তানের উপর থেকে পাকিস্তানের সার্বভৌমত্বের অবসান ঘটানো এবং একটি স্বাধীন বালোচ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। বালোচিস্তান পাকিস্তানের বৃহত্তম এবং প্রাকৃতিক সম্পদে সবচেয়ে সমৃদ্ধ প্রদেশ হলেও উন্নয়নের নিরিখে সবচেয়ে পিছিয়ে থাকা অঞ্চলগুলির অন্যতম।

দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং অর্থনৈতিক অসন্তোষ থেকেই এই বিদ্রোহের সূত্রপাত। সংগঠনটির অভিযোগ, ইসলামাবাদের কেন্দ্রীয় সরকার বালোচিস্তানের বিপুল প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা এবং কয়লার ভাণ্ডার ব্যবহার করলেও স্থানীয় বালোচ জনগণের সঙ্গে সেই সম্পদের সুফল ভাগ করে নেয় না।

বিদেশি মদতপুষ্ট পরিকাঠামো ও খনি প্রকল্পগুলিরও তীব্র বিরোধিতা করে বিএলএ। বিশেষ করে বহু বিলিয়ন ডলারের চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি)-কে তারা সম্পদ লুণ্ঠন এবং জনসংখ্যার বিন্যাস পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া হিসেবেই দেখে।

 

Source: bengali.news18.com


Related News