Airtel-Amazon Pact: ভারতে স্যাটেলাইট ইন্টারনেটের বাজারে বড় চাল জেফ বেজোসের! এয়ারটেলের সঙ্গে হাত মেলাচ্ছে অ্যামাজন
ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজনের স্যাটেলাইট যোগাযোগ সংস্থা অ্যামাজন লিওর (Amazon Leo) সঙ্গে ভারতী গ্রুপের আলোচনা এখন অনেকটাই এগিয়েছে। এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন ভারতী এয়ারটেলের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান গোপাল ভিত্তল।
ভারতের স্যাটেলাইট ইন্টারনেটের বাজার দখল নিয়ে এবার মুখোমুখি লড়াইয়ের প্রস্তুতি দুই বিশ্বের ধনকুবেরের। একদিকে ইলন মাস্কের স্টারলিঙ্ক, অন্যদিকে জেফ বেজোসের অ্যামাজন লিও। এই প্রতিযোগিতায় নতুন সমীকরণ তৈরি করতে চলেছেন ভারতীয় শিল্পপতি সুনীল মিত্তল। তাঁর সংস্থা ভারতী গ্রুপের সঙ্গে অ্যামাজনের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবসা নিয়ে উন্নত পর্যায়ের আলোচনা চলছে। প্রস্তাবিত চুক্তি বাস্তবায়িত হলে ভারতে অ্যামাজনের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এয়ারটেল। শুধু তাই নয়, এই চুক্তির ফলে ভারতীয় বাজারে স্টারলিঙ্কের একচ্ছত্র আধিপত্য তৈরির সম্ভাবনাও ধাক্কা খেতে পারে।
ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজনের স্যাটেলাইট যোগাযোগ সংস্থা অ্যামাজন লিওর (Amazon Leo) সঙ্গে ভারতী গ্রুপের আলোচনা এখন অনেকটাই এগিয়েছে। এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন ভারতী এয়ারটেলের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান গোপাল ভিত্তল। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ভারতে অ্যামাজন লিওর পরিকাঠামো, গ্রাউন্ড গেটওয়ে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থাপনার দায়িত্ব নিতে পারে ভারতী গ্রুপ। এর ফলে ভারতের মধ্যে স্যাটেলাইট ব্যান্ডউইথের উপর নিয়ন্ত্রণ রাখা সহজ হবে। পাশাপাশি স্থানীয় সংস্থার মাধ্যমে পরিষেবা পরিচালনা করায় নিরাপত্তা সংক্রান্ত সরকারি অনুমোদন পাওয়ার ক্ষেত্রেও সুবিধা হতে পারে অ্যামাজনের। তবে দুই সংস্থার মধ্যে চূড়ান্ত চুক্তি এখনও স্বাক্ষরিত হয়নি।
প্রশ্ন হচ্ছে, এই স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে এত প্রতিযোগিতা কেন? আসলে সাধারণ ব্রডব্যান্ড পরিষেবা যেখানে অপটিক্যাল ফাইবার বা মোবাইল টাওয়ারের উপর নির্ভরশীল, সেখানে স্যাটেলাইট ইন্টারনেট সরাসরি মহাকাশে থাকা উপগ্রহের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে। ফলে পাহাড়ি অঞ্চল, প্রত্যন্ত গ্রাম, সীমান্তবর্তী এলাকা, দ্বীপ কিংবা যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছয় না, সেখানেও দ্রুত ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব। ভারতের মতো বিশাল দেশে এই পরিষেবার বাজার অত্যন্ত সম্ভাবনাময়।
অ্যামাজন লিওর পরিকল্পনাও বেশ বড়। প্রাথমিক পর্যায়ে ৩,২৩৬টি লো আর্থ অরবিট বা নিম্ন কক্ষপথের উপগ্রহ নিয়ে নেটওয়ার্ক তৈরি করতে চাইছে সংস্থাটি। ভবিষ্যতে উপগ্রহের সংখ্যা ৭,৭০০-এর বেশি করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে কক্ষপথে তাদের প্রায় ৪০০টি উপগ্রহ রয়েছে। ভারতের জন্য ৩ টেরাবিট প্রতি সেকেন্ড বা ৩,০০০ জিবিপিএস ব্যান্ডউইথের অনুমোদন চেয়েছে অ্যামাজন। অন্যদিকে, স্টারলিঙ্কের জন্য ৬০০ জিবিপিএস এবং ইউটেলস্যাট ওয়ানওয়েবের জন্য ২০-৩০ জিবিপিএস সক্ষমতার অনুমোদনের তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস। রিলায়্যান্স জিওর লক্ষ্য ৩.৫ টেরাবিট প্রতি সেকেন্ড সক্ষমতার স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করা।
তবে ভারতীয় বাজারে সুনীল মিত্তলের উপস্থিতিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারতী গ্রুপের ইউটেলস্যাট ওয়ানওয়েবে প্রায় ১৮ শতাংশ অংশীদারি রয়েছে। প্রয়োজনে সেটি ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সম্ভাবনার কথাও জানিয়েছেন মিত্তল। মজার বিষয়, ভারতী এয়ারটেলের সঙ্গে স্টারলিঙ্কেরও পুনর্বিক্রয় সংক্রান্ত চুক্তি রয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক স্যাটেলাইট সংস্থাগুলির সঙ্গে একাধিক স্তরে অংশীদারি গড়ে তুলছে ভারতী গ্রুপ।
তবে অ্যামাজনের সামনে এখনও বড় বাধা রয়েছে সরকারি অনুমোদন। নতুন টেলিকম বিধির কারণে পুরনো লাইসেন্সের আবেদন বাতিল হয়ে যাওয়ায় অ্যামাজন লিওকে নতুন করে অনুমোদনের জন্য আবেদন করতে হবে। নিরাপত্তা সংক্রান্ত শর্ত এবং ইন-স্পেসের অনুমোদনও গুরুত্বপূর্ণ। ৫ নভেম্বর ২০২৬-এ ট্রাই স্যাটেলাইট যোগাযোগ পরিষেবার জন্য নতুন অনুমোদন ও স্পেকট্রাম বরাদ্দের সুপারিশ প্রকাশ করেছে। ফলে নিয়ন্ত্রক কাঠামো তৈরির কাজও চলছে।
সব মিলিয়ে ভারতের স্যাটেলাইট ইন্টারনেট বাজারে নতুন লড়াই শুরু হতে চলেছে। জেফ বেজোসের প্রযুক্তিগত শক্তি, সুনীল মিত্তলের ভারতীয় পরিকাঠামো এবং ইলন মাস্কের স্টারলিঙ্ক—এই তিন শক্তির প্রতিযোগিতায় শেষ পর্যন্ত লাভবান হতে পারেন ভারতীয় গ্রাহকরাই। তবে পরিষেবার দাম, সরকারি অনুমোদন এবং বাস্তবে কত দ্রুত নেটওয়ার্ক চালু হয়, তার উপরই নির্ভর করবে এই প্রতিযোগিতার ভবিষ্যৎ।
Source: www.hindustantimes.com


