অভিষেক-মুকেশ-করণলালের দাপটে বাংলার প্রত্যাবর্তন, চণ্ডীগড়কে ৮৫ রানে উড়িয়ে জয়ে ফিরল লক্ষ্মীর দল

ক্রীড়া

শেষ পর্যন্ত মাত্র ১১৫ রানেই গুটিয়ে যায় চণ্ডীগড়ের ইনিংস। ফলে ৮৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলা।

প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ের সরণিতে ফিরল বাংলা। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে ৮৫ রানের বড় জয় তুলে নিলেন অভিমন্যু ঈশ্বরণরা। ব্যাট হাতে অভিষেক পোড়েল, ঋষভ চৌধুরী ও সাকির হাবিব গান্ধীর ঝোড়ো ইনিংসের পর বল হাতে কার্যত তাণ্ডব চালালেন মুকেশ কুমার ও করণ লাল। সঙ্গে প্রদীপ্ত প্রামাণিকের কার্যকর স্পিন। সব মিলিয়ে ব্যাট-বলের দুরন্ত পারফরম্যান্সে টুর্নামেন্টে জয়ে ফিরল লক্ষ্মীরতন শুক্লার বাংলা।
প্রথম ম্যাচে কর্ণাটকের কাছে ১৯ রানে হারের পর চণ্ডীগড়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোই ছিল বাংলার লক্ষ্য। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলা। আগের ম্যাচে বাংলার ওপেনিং দুটি ব্যর্থ হয়। তবে এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় বাংলার দুই ওপেনার ব্যাটারকে। মুস্তাক আলিতে রান পেলেন অভিষেক পোড়েল। মাত্র ২৬ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছয়।

অভিষেককে যোগ্য সঙ্গ দেন করণ লাল। ১৫ বলে ২৩ রান করেন তিনি। এরপর অভিমন্যু ঈশ্বরণ ২৯ এবং সাকির হাবিব গান্ধী ৩৪ রান করে বাংলার ইনিংসকে এগিয়ে নিয়ে যান। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন ঋষভ চৌধুরী। মাত্র ১৯ বলে ৩৩ রানের ইনিংস খেলে বাংলার স্কোরকে ২০০-র কাছাকাছি পৌঁছে দেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে বাংলার বোলারদের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করে চণ্ডীগড়। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। বল হাতে সবচেয়ে বড় চমক মুকেশ কুমার। মাত্র ২.৫ ওভার বল করে ৯ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন বাংলার এই পেসার। আইপিএল-এর রিটেনশন তালিকা প্রকাশের আগের সন্ধে মুকেশের এই পারফরম্যান্স নিঃসন্দেহে বাড়তি গুরুত্ব পাবে দিল্লি টিম ম্যানেজমেন্টের কাছে। অন্যদিকে এই ফ্রাঞ্চাইজির আর এক ক্রিকেটার অভিষেক পোড়েল এ দিন ম্যাচের সেরা হন। হাফ সেঞ্চুরি করার পাশাপাশি দুটি দুরন্ত ক্যাচ ধরেন।

অন্যদিকে বল হাতে দুরন্ত করণ লালও। চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন তিনি। প্রদীপ্ত প্রামাণিকও পিছিয়ে ছিলেন না। চার ওভারে ৩৮ রান দিয়ে দুটি উইকেট পান বাংলার স্পিনার। মহম্মদ শামি একটি উইকেট পেলেও এদিনও রান খরচ করেন। তবে করণ ও প্রদীপ্তর স্পিনের সামনে চণ্ডীগড়ের ব্যাটাররা কার্যত কোনও জবাব খুঁজে পাননি।

প্রথম ম্যাচে হারের পর এই জয় নিঃসন্দেহে বাংলার আত্মবিশ্বাস বাড়াবে। ব্যাটিংয়ে অভিষেকের বিধ্বংসী মেজাজ, ঋষভ ও সাকিরের অবদান এবং বোলিংয়ে মুকেশ-করণ-প্রদীপ্তদের দাপট—সব বিভাগেই এদিন নিজেদের মেলে ধরল বাংলা। টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে রাখলেন অভিমন্যু ঈশ্বরণরা। এদিন জয়ের পর দলের কোচ লক্ষ্মী রতন শুক্লা বলেন, “আমাদের চিন্তা ছিল শাহাবাজ আহমেদ না থাকলে কি হবে। কারণ ও রাইজিং স্টার এশিয়া কাপের জন্য ভারতীয় দলের হয়ে খেলতে চলে গেছে। তবে ওকে ছাড়াই আমরা ভালো পারফরম্যান্স করেছি। প্রত্যেকেই ভালো খেলেছে। তবে সবাইকে ধারাবাহিক হতে হবে। এই পারফরমেন্স ধরে রাখতে হবে। করন লাল শাহাবাজের অভাব পূরণ করেছে বল হাতে। মুকেশ অভিষেক সবাই ভালো। শামিও ভালো বল করেছে।”বাংলার পরবর্তী ম্যাচ বুধবার প্রতিপক্ষ ঝাড়খন্ড।

 

Source:bengali.news18.com


Related News