Rahul Gandhi: রাজীব- সনিয়ার প্রথম দেখা, সেই রেস্তোরাঁতেই বান্ধবীকে কেন নিয়ে গিয়েছিলেন, ফাঁস করলেন রাহুল

বিনোদন

সনিয়া গান্ধীর স্মৃতিকথা 'বিলংগিং'-এর মুক্তি উপলক্ষে দিল্লিতে একটি অনুষ্ঠানে এ দিন বক্তব্য রাখছিলেন রাহুল গান্ধী৷

কেমব্রিজের যে রেস্তোরাঁয় প্রথম বার রাজীব গান্ধীর সঙ্গে সনিয়া গান্ধীর দেখা হয়েছিল, সেখানেই নিজের বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন তিনিও৷ সোমবার সনিয়া গান্ধীর লেখা বই প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেই ব্যক্তিগত জীবনের এমন গল্পই শোনালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী৷
কেমব্রিজে পড়াশোনা করার সময়ই বান্ধবীকে নিয়ে ওই রেস্তোরাঁয় যান রাহুল৷ নিজের বাবা-মায়ের প্রেম জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিফলক হিসেবে থেকে ওই রেস্তোরাঁ নিজের বান্ধবীকেও দেখাতে চেয়েছিলেন রাহুল৷
রাহুলের কথায়, ‘ওই রেস্তোরাঁয় বাবা- মায়ের দেখা হওয়াটা ওঁদের জীবনে একটা স্মরণীয় ঘটনা ছিল৷ পরবর্তী সময়ে আমিও কেমব্রিজে ছিলাম৷ তাই আমার বান্ধবীকে বললাম, চলো ওই রেস্তোরাঁয় যাওয়া যাক৷ কীভাবে বাবা-মায়ের দেখা হয়েছিল, বান্ধবীকে সেই গল্পই শোনাতে চেয়েছিলাম৷’

গত ১০ নভেম্বর মুক্তি পেয়েছে সনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং’৷ সেই বই মুক্তি উপলক্ষেই দিল্লিতে এ দিন একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ যে অনুষ্ঠানে বিরোধী শিবিরের বহু গুরুত্বপূর্ণ নেতাই উপস্থিত ছিলেন৷ সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবনের এই স্মৃতিচারণা করেন রাহুল৷
‘বিলংগিং: এ জার্নি অফ লাভ’ নামে এই স্মৃতিকথায় তাঁর ব্যক্তিগত জীবনের বহু ঘটনাই তুলে ধরেছেন সনিয়া৷ রাজীব গান্ধীর সঙ্গে তাঁর প্রেম থেকে শুরু করে বিয়ের পর গান্ধী পরিবারে এসে তিনি কীভাবে মানিয়ে নিলেন, সেই সমস্ত অজানা কাহিনিও তুলে ধরেছেন সনিয়া৷ এমন কি, রাজীব গান্ধীর মৃত্যুর পর তাঁর রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠা, রাহুল গান্ধী সভাপতি হওয়ার পর কংগ্রেসের অন্দরেই কীভাবে বিরোধিতার মুখে পড়তে হয়েছিল, সেই সমস্ত অভিজ্ঞতাই এই বইতে উল্লেখ করেছেন সনিয়া৷

ওই স্মৃতিগ্রন্থেই সনিয়া গান্ধী লিখেছেন, ইংল্যান্ডের কেমব্রিজে একটি ছোট গ্রিক রেস্তোরাঁ ভারসিটি-তে ১৯৬৫ সালে রাজীব গান্ধীর সঙ্গে দেখা হয়েছিল৷ ভারত এবং ইউরোপ থেকে কেমব্রিজে পড়তে যাওয়া বহু পড়ুয়াই ওই রেস্তোরাঁয় ভিড় করতেন৷
বই মুক্তির আগে একটি ভিডিও-তে স্মৃতিচারণা করে সনিয়া বলেন, ইতালিতে তিনি যে ধরনের খাবার খেতে অভ্যস্ত ছিলেন, সেরকম খাবারের খোঁজেই ওই রেস্তোরাঁয় যান তিনি৷ সেখানে এক বন্ধুর মাধ্যমেই রাজীবের সঙ্গে আলাপ হয় তাঁর৷ সনিয়ার কথায়, প্রথম দেখাতেই রাজীবের প্রতি অন্তর থেকে একটি টান অনুভব করেন তিনি৷ এর পরই দু জনের বন্ধুত্ব হয়৷ ঘনিষ্ঠ হয়ে ওঠেন দু জনে৷ একসঙ্গে পার্টিতেও যাতায়াত শুরু হয় রাজীব- সনিয়ার৷ ১৯৬৮ সালের ২৫ ফেব্রুয়ারি বিয়ে হয় তাঁদের৷

সমাজমাধ্যমে সনিয়া লেখেন, ‘কেমব্রিজের একটি ছোট্ট রেস্তোরাঁ আমার প্রেম জীবনের যাত্রা শুরু হয়েছিল৷ ভালবাসা, হাসি এবং একরাশ স্মৃতিতে ভরা একটি জগৎ তৈরি করেছিলাম আমি এবং রাজীব৷’

 

Source: bengali.news18.com


Related News