EPF অ্যাকাউন্টে DOB ভুল রয়েছে ? দেখে নিন এবার কী করতে হবে

ব্যবসা

EPF অ্যাকাউন্টে জন্মতারিখ ভুল রয়েছে? আর অফিসে ঘোরাঘুরি নয়। EPFO-এর Joint Declaration-এর মাধ্যমে অনলাইনেই DOB সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। জেনে নিন পুরো প্রক্রিয়া।

আপনার EPFO অ্যাকাউন্টে জন্মতারিখ অর্থাৎ Date of Birth ভুলভাবে নথিভুক্ত থাকলে চিন্তার কোনও কারণ নেই। কর্মী ভবিষ্যৎ তহবিল সংস্থা (EPFO) সদস্যদের অ্যাকাউন্টে থাকা ব্যক্তিগত তথ্য সংশোধনের সুবিধা দিয়েছে। এর জন্য এখন অনলাইনেই আবেদন করা যায়।EPFO-এর Joint Declaration পরিষেবার মাধ্যমে কর্মীরা তাঁদের নাম, জন্মতারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারেন।

EPFO গত ৭ নভেম্বর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, সদস্যরা EPFO Member Portal-এ গিয়ে মাত্র পাঁচটি সহজ ধাপে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। এর ফলে ছোটখাটো ভুল সংশোধনের জন্য কর্মীদের বারবার অফিসে ছুটতে হবে না।

EPFO অ্যাকাউন্টে জন্মতারিখ কীভাবে সংশোধন করবেন?
আপনার PF অ্যাকাউন্টে জন্মতারিখ ভুল থাকলে নীচের পদ্ধতিতে অনলাইনে Correction Request পাঠাতে পারবেন।
ধাপ ১: EPFO পোর্টালে লগইন করুন
প্রথমে EPFO-এর অফিসিয়াল Member Portal-এ যান। সেখানে আপনার UAN (Universal Account Number) এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।
ধাপ ২: Joint Declaration অপশন বেছে নিন

পোর্টালে লগইন করার পর Joint Declaration অপশনটি খুঁজে সেখানে ক্লিক করুন। এই পরিষেবার মাধ্যমেই EPF অ্যাকাউন্টে থাকা ব্যক্তিগত এবং চাকরি-সংক্রান্ত তথ্য পরিবর্তনের জন্য আবেদন করা যায়।
ধাপ ৩: যে তথ্য সংশোধন করতে চান, সেটি বেছে নিন
এবার আপনার সামনে এমন কিছু তথ্যের অপশন আসবে, যেগুলি আপডেট করা যায়। আপনার অ্যাকাউন্টে জন্মতারিখ ভুল থাকলে Date of Birth অপশনটি বেছে নিন। একইভাবে নাম বা অন্য কোনও তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট অপশনটি নির্বাচন করুন।
ধাপ ৪: সঠিক তথ্য লিখে নথি আপলোড করুন
এরপর আপনার সঠিক জন্মতারিখ লিখুন। জন্মতারিখের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথিও আপলোড করতে হবে। মনে রাখবেন, আপনি যে তথ্য দিচ্ছেন, তা যেন আপলোড করা নথিতে থাকা তথ্যের সঙ্গে মেলে।

ধাপ ৫: আবেদন জমা দিন

শেষ ধাপে আবেদনপত্রে দেওয়া সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। সবকিছু ঠিক থাকলে আবেদনটি Submit করে দিন। এরপর আপনার আবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাচাই এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠানো হবে।

 

source: bengali.news18.com


Related News