LeT's Latif Bhat Update: কুলগামে ঘেরাও লস্কর কমান্ডার লতিফ ভাট, ভিডিও কলে আত্মসমর্পণের প্রস্তাব নিরাপত্তারক্ষীদের

হোম

প্রতিবেদন অনুযায়ী, বুধবার অর্থাৎ ১৮ নভেম্বর ভোররাত থেকেই কুলগাম জেলার একাধিক গ্রামে নতুন করে গুলির শব্দ শোনা যায়। জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং নিরাপত্তাবাহিনীর যৌথ দল তল্লাশি ও ঘেরাও অভিযান শুরু করে।

জম্মু-কাশ্মীরে জঙ্গিদমনে ফের বড়সড় অভিযান ভারতীয় নিরাপত্তাবাহিনীর। দক্ষিণ কাশ্মীরের কুলগামে নতুন করে শুরু হয়েছে সেনা ও পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। আর এই অভিযানের মধ্যেই নিরাপত্তাবাহিনীর জালে কার্যত আটকে পড়েছে লস্কর-ই-তইবার (LeT) শীর্ষ কমান্ডার লতিফ ভাট। গত ১১ নভেম্বর CRPF-এর উপর হামলার ঘটনায় অভিযুক্ত এই জঙ্গিকে ঘিরে ফেলেছে যৌথবাহিনী। শুধু তাই নয়, তাকে আত্মসমর্পণের সুযোগ দিতে ভিডিও কলও করেছেন নিরাপত্তাবাহিনীর আধিকারিকরা। কিন্তু আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লতিফ। অন্যদিকে, তার ঘনিষ্ঠ সহযোগী উমর নিসার দার ইতিমধ্যেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। কাশ্মীরে জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে এই অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার অর্থাৎ ১৮ নভেম্বর ভোররাত থেকেই কুলগাম জেলার একাধিক গ্রামে নতুন করে গুলির শব্দ শোনা যায়। জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং নিরাপত্তাবাহিনীর যৌথ দল তল্লাশি ও ঘেরাও অভিযান শুরু করে। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তাবাহিনীর দাবি, এই অভিযানের মধ্যেই লস্কর কমান্ডার লতিফ ভাটকে ঘিরে ফেলা সম্ভব হয়েছে।

অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, লতিফ ভাটকে আত্মসমর্পণের সুযোগ দিয়েছে নিরাপত্তাবাহিনী। ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেন এক আধিকারিক। তাঁকে আশ্বস্ত করে বলা হয়, 'আমরা তোমার সঙ্গে আছি।' অর্থাৎ অস্ত্র ছেড়ে বেরিয়ে এলে তাঁর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হবে। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে লতিফ। NDTV-র প্রতিবেদন অনুযায়ী, সে জানায়, 'মুঝে আল্লাহ সে মুলাকাত করনা হ্যায়। ম্যায় বহুত খুশ হুঁ।' অর্থাৎ আল্লাহর সঙ্গে দেখা করতে চায় সে এবং সে খুব খুশি। ফলে আত্মসমর্পণের বদলে সংঘর্ষের পথেই অনড় রয়েছে ওই জঙ্গি।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর কুলগামের আখরান এলাকায় CRPF-এর একটি চেকপোস্টে হামলা চালায় বাইকে আসা দুই জঙ্গি। এলোপাথাড়ি গুলিতে আহত হন তিনজন CRPF জওয়ান। ঘটনার পর থেকেই হামলাকারীদের খোঁজে শুরু হয় ব্যাপক তল্লাশি। তদন্তে নামে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি।

মঙ্গলবার এই ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ CCTV ফুটেজ প্রকাশ্যে আনে পুলিশ। সেখানে দেখা যায়, হামলার আগের দিন অর্থাৎ ১০ নভেম্বর উমর নিসার দার এবং লতিফ ভাট মীর বাজার, আখরান, হাবলিশ এবং কিলাম-সহ একাধিক এলাকায় ঘোরাফেরা করছে। তদন্তকারীদের দাবি, হামলার আগে সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করতেই ওই এলাকাগুলিতে রেইকি করেছিল তারা। হামলার পর পালানোর সময়ও CCTV ক্যামেরায় তাদের গতিবিধি ধরা পড়ে। পুলিশের দাবি, উমর গত পাঁচ থেকে ছয় মাস ধরে লতিফকে আশ্রয় ও অন্যান্য প্রয়োজনীয় সাহায্য দিয়ে আসছিল।

এদিকে সোমবার কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে উমর নিসার দার। ওই সংঘর্ষের পর লতিফ ভাট পালিয়ে যেতে সক্ষম হয়েছিল বলে জানা যায়। তবে এবার তাকে খুঁজে বের করতে একাধিক গ্রাম ও বাগান এলাকায় ঘেরাও অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। ইতিমধ্যেই ৫০০-রও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশের আরও অভিযোগ, গত ২২ জুলাই অনন্তনাগে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত ছিল লতিফ। সেই হামলায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। পাশাপাশি গত ১ আগস্ট কুলগামে দুই পরিযায়ী শ্রমিকের হত্যাকাণ্ডের পিছনেও তার হাত রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।

সব মিলিয়ে কুলগামে জঙ্গিদমনে বড়সড় অভিযান চালাচ্ছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। CRPF-এর উপর হামলার মূল অভিযুক্তকে খুঁজে বের করতে চলছে লাগাতার তল্লাশি। এখন নজর লতিফ ভাটকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা সম্ভব হয় কি না, নাকি ফের সংঘর্ষের পথে এগোয় অভিযান। কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর এই তৎপরতা জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

 

Source: www.hindustantimes.com


Related News