Sadhak Bamakhyapa: জিতের ‘সাথী’-র ইতিহাস কি ফেরাবে ‘সাধক বামাক্ষ্যাপা’? বামের জন্মভূমি থেকেই শুরু প্রিমিয়ার
Birbhum News: ২৫ বছর আগে ‘সাথী’ যে ইতিহাস গড়েছিল, বীরভূমের মাটিতে সেই পথেই হাঁটছে সব্যসাচীর ‘সাধক বামাক্ষ্যাপা’!
বীরভূম: কলকাতার জাঁকজমকপূর্ণ প্রিমিয়ারের চেনা বৃত্ত ভেঙে এক অনন্য নজির গড়তে চলেছে সব্যসাচী চৌধুরী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। শহরের আলো ঝলমলে প্রেক্ষাগৃহে নয়, সাধক বামাক্ষ্যাপার জন্মভূমি তথা লীলাভূমি বীরভূম থেকেই শুরু হতে চলেছে এই ছবির আনুষ্ঠানিক পথচলা। আগামী ২০ নভেম্বর ছবিটি সারা রাজ্যে মুক্তি পেলেও, ঠিক তার আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার বোলপুরেই অনুষ্ঠিত হবে এর জাঁকজমকপূর্ণ প্রিমিয়ার। ২৫ বছরের পুরনো ইতিহাসকে উসকে দেওয়া প্রযোজনা সংস্থার সূত্রে জানা গিয়েছে, বামাক্ষ্যাপার প্রতি সম্মান এবং তাঁর মাটির মানুষের আবেগকে প্রাধান্য দিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঠিক আড়াই দশক আগে, অর্থাৎ ২৫ বছর আগে বীরভূমের মাটি থেকেই বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়েছিল। ২০০১ সালে এই বীরভূম জেলা থেকেই মুক্তির পথ বেছে নিয়েছিল জিৎ অভিনীত ব্লকবাস্টার ছবি ‘সাথী’। দীর্ঘ ২৫ বছর পর আবারও সেই একই ঐতিহাসিক পথ অনুসরণ করে বীরভূম থেকেই শুভ সূচনা হতে চলেছে ‘সাধক বামাক্ষ্যাপা’-র। বোলপুরের প্রেক্ষাগৃহগুলিতেই প্রথম এই ছবি দেখার সুযোগ পাবেন দর্শক।
মূলত ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবিটির। কিন্তু কাকতালীয়ভাবে একই দিনে মুক্তি পায় বলিউডের হেভিওয়েট ছবি নীতেশ তিওয়ারীর ‘রামায়ণ’। একই সময়ে দুটি বড় ছবি মুক্তি পেলে প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে জটিলতা এবং ব্যবসায়িক প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি এড়াতেই এবং ‘রামায়ণ’-কে শ্রদ্ধা জানিয়েই নিজের ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা।
ছোটপর্দায় বামাক্ষ্যাপা চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই ঘরে ঘরে বরমাল্য পেয়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। তবে বড়পর্দায় তাঁকে এই রূপেই শেষবারের মতো দেখা যাবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অভিনেতা। এ প্রসঙ্গে সব্যসাচী বলেন, “এই শেষ। আর আমাকে এই চরিত্রে দেখা যাবে না। আসলে বামাক্ষ্যাপার পুরো জীবনটাই প্রায় এই ছবিতে দেখানো হয়ে গিয়েছে। জন্ম থেকে মৃত্যু সবটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তাই আমার তরফ থেকে আর কিছু বাকি নেই।”
তারাপীঠে ভক্তদের সমাগম এবং সাধারণ মানুষের আবেগ দেখেই সব্যসাচীর তীব্র বিশ্বাস ছিল যে, বাঙালির মনে বামাক্ষ্যাপাকে নিয়ে প্রবল আগ্রহ রয়েছে। ছবির ট্রেলার বা ঝলক ইতিমধ্যেই দর্শকের মনে দারুণ সাড়া ফেলেছে। এখন দেখার বিষয়, বীরভূমের মাটি থেকে শুরু হওয়া এই ছবি ২৫ বছর আগের ‘সাথী’-র মতো বক্স অফিসেও নতুন কোনও ইতিহাস তৈরি করতে পারে কি না।
Source: bengali.news18.com


