ফের উত্তাল বাংলাদেশ! জ্বলছে থানা, পুলিশের গাড়িতে আগুন, স্লোগান উঠছে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’
অভিযোগের তির আওয়ামি লিগের দিকে৷ ফের নতুন করে গণ্ডগোলে জেরবার বাংলাদেশ৷
ঢাকা: বাংলাদেশের নানা প্রান্তে গোলযোগের আগুন জ্বলছেই৷ একদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টা, তার সঙ্গে দেশের টেক্সটাইল কর্মীদেক ১৩০ শতাংশ বেতনবৃদ্ধির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ-মিছিলে জেরবার৷ এরইমধ্যে আবার এক অগ্নি সংযোগ ও ভাঙচুরের ঘটনা করে অশান্তি ছড়াল৷ গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) এস এম জিলানির বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছেন আওয়ামি লিগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে দিনভর দফায় দফায় বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামি লিগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় সংঘাত হয়৷ প্রথম আলোয় প্রকাশিত হয়েছে এই গোলযোগের খবর৷
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন আওয়ামি লিগ ও নিষিদ্ধ ছাত্র লিগের নেতা–কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করে। পরে থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেওয়া হয় বলে অভিযোগ৷
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামি লিগের কয়েকজন নেতা–কর্মীকে পুলিশ আটক করেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে একটি মসজিদের মাইকে ঘোষণার মাধ্যমে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে তাঁরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। পরে থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়।
ফের অগ্নিগর্ভ বাংলাদেশ Photo Courtesy- Prothom Alo
থানায় হামলা ও আগুনের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলিতে ভাঙচুরের শব্দয শোনা যাচ্ছিল। একই সঙ্গে হামলাকারীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন। হামলাকারীদের হাতে লাটিসোঁটা দেখা যায়। কেউ কেউ মোবাইল ফোনে হামলা ও আগুন দেওয়ার ভিডিও রেকর্ড করছিলেন৷
কটি ভিডিওতে এইচ এম রুবেল ফরাজী নামের এক ব্যক্তিকে ফেসবুক লাইভে বলতে শোনা যায়, ‘আমরা কিছু সময়ের মধ্যে থানা জ্বালিয়ে দেব।’ লাইভে তিনি আরও বলেন, পুলিশ তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে। তাঁরা আগুন জ্বালিয়ে সেই গ্যাস নিভানোর চেষ্টা করছেন। তাঁরা পিছু হটবেন না।
এ বিষয়ে পুলিশ সদর দফতরের উপমহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মহম্মদ আবু সুফিয়ান প্রথম আলোকে জানিয়েছিলেন যে টুঙ্গিপাড়া থানা দুর্বৃত্তরা ঘেরাও করে ফেলেছে— এই পর্যন্ত তাঁরা খবর পেয়েছেন। পরবর্তীতে কী হয়েছে সে বিষয়ে তাঁরা খোঁজখবর নিচ্ছেন।
পুলিশ সদর দফতরের মুখপাত্র কামারুম মুনিরার ফোনে যোগাযোগ করে প্রথম আলো। তিনিও বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দেওয়া হয়েছে। সেখানে যানবাহনে আগুন দেওয়ার খবরও তাঁরা পেয়েছেন।
টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ বলেন, টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গীর মোড় ও বাশবাড়িয়া এলাকায় কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর তাঁরা পেয়েছেন। তবে নিরাপত্তার অভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেতে পারছেন না। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তা দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে যেতে পারবেন।
Source: bengali.news18.com


