অর্থ পাচার মামলায় অন্তর্বর্তী জামিন পেয়ে জেল থেকে মুক্তি পেলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান
Azam Khan Money Laundering Case: ডুয়াল প্যান জালিয়াতি মামলায় জামিন পেয়ে রামপুর জেলা জেল থেকে বেরিয়ে আসলেন আজম খান ৷ গত ৩১ অক্টোবর ৭৮ বছর বয়সি আজম খানকে গ্রেফতার করেছিল ইডি।
লখনউ: সুপ্রিম কোর্ট অর্থ পাচার মামলায় সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ আজম খানকে দেওয়া অন্তর্বর্তী জামিনের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করার পর গাজিয়াবাদের ডাসনা জেল (Dasna Jail) থেকে মুক্তি পেলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান।
জেল থেকে বেরিয়ে আজম খান বলেন, “আমি সেই একই কথা বলব, যা বরাবর বলে এসেছি। একজন মুসলিম শিক্ষার মন্দির তৈরি করেছিলেন, আর এটাই তার শাস্তি।” বুধবার গাজিয়াবাদের সিজেএম আদালতে জামিন সংক্রান্ত সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁকে মুক্তি দেওয়া হয়। আদালত জামিনের শর্ত হিসেবে ৫০ হাজার টাকা করে দু’জন জামিনদার এবং ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।
এর আগে বুধবারই আজম খানের অন্তর্বর্তী জামিনে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, “এতে আকাশ ভেঙে পড়বে না।”
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ অবশ্য বৃহস্পতিবার ইডির আবেদনটি শুনানির জন্য তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে। মামলায় আজম খানকে অন্তর্বর্তী জামিন দেওয়ার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের ১৭ নভেম্বরের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্তর্বর্তী জামিনের উপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে ইডির হয়ে আদালতে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুকে বেঞ্চ জানায়, “এতে আকাশ ভেঙে পড়বে না। তাঁকে অন্তর্বর্তী জামিনে থাকতে দিন।”
এর আগে ৭৮ বছর বয়সি আজম খানকে ৩১ অক্টোবর রামপুর জেলা জেল থেকে গ্রেফতার করেছিল ইডি। ডুয়াল প্যান (PAN) জালিয়াতি মামলায় জামিন পেয়ে তিনি জেল থেকে বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার আজম খানকে অন্তর্বর্তী জামিন দেয় এলাহাবাদ হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ ছিল, গ্রেফতারের সময় ইডি তাঁকে লিখিতভাবে গ্রেফতারের কারণ জানাতে ব্যর্থ হয়েছে।
মৌলানা মহম্মদ আলি জওহর ট্রাস্টকে কেন্দ্র করে ইডির অর্থ পাচার সংক্রান্ত তদন্তের সূত্র ধরেই এই পদক্ষেপ করা হয়েছিল। আজম খানের প্রতিষ্ঠিত এবং নিয়ন্ত্রণাধীন এই ট্রাস্টের বিরুদ্ধে সরকারি তহবিলের অর্থ অন্যত্র সরিয়ে দেওয়া, জমি অধিগ্রহণে অনিয়ম এবং মহম্মদ আলি জওহর বিশ্ববিদ্যালয় নির্মাণে অনিয়মের অভিযোগ রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক আচার্য আজম খান।
Source: bengali.news18.com


