শিকার না শিকারি, শেষ হাসি কার? গৌতম দাস, রজতাভ দত্ত ও যুধাজিৎ সরকারকে নিয়ে প্রতিশোধের রুদ্ধশ্বাস বাংলা ছবি!
‘শিকারি’—প্রতিশোধ থেকেই শুরু শিকার, সিনেমা টি মুক্তি পাবে ২০২৭ সালের প্রেম দিবসে। একটি ক্যামেরা, এক অসম লড়াই আর প্রতিশোধের এক ভয়ঙ্কর খেলা—‘শিকারি’ দর্শকদের জন্য কতটা নতুন অভিজ্ঞতা নিয়ে আসে, এখন সেটাই দেখার অপেক্ষা।
কলকাতা: প্রকৃতির নির্জন সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা অপরাধের অন্ধকার জগৎ, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা, অস্তিত্ব রক্ষার লড়াই এবং প্রতিশোধের আগুন—এই সমস্ত উপাদানকে এক সুতোয় বেঁধে বড়পর্দায় আসতে চলেছে নতুন বাংলা ছবি ‘শিকারি’। সত্যজিৎ দাসের পরিচালনায় ছবিটি একটি সারভাইভাল রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার, যেখানে প্রতিটি মুহূর্তে বদলে যেতে পারে শিকারি ও শিকারের পরিচয়।
ম্যাড ফ্রেমস্ এর পরিবেশনায় ও অংশু সা এর প্রযোজনায় প্রথম ছবি “শিকারি”এর কেন্দ্রীয় চরিত্র শুভ্র সেনের ভূমিকায় অভিনয় করছেন গৌতম দাস, যাঁকে দর্শক এর আগে প্রয়াত অরুণ রায় পরিচালিত ‘এগারো’ ছবিতে দেখেছেন। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অসমের অভিনেত্রী আইমি গগৈ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত এবং যুধাজিৎ সরকার। চার অভিনেতার ভিন্নধর্মী চরিত্র ও অভিনয়ের মেলবন্ধনে ছবিটি দর্শকদের সামনে তুলে ধরতে চলেছে এক টানটান উত্তেজনার গল্প।
ছবির কাহিনির কেন্দ্রে রয়েছেন শুভ্র সেন, পেশায় একজন সাংবাদিক ও ভ্রমণচিত্রগ্রাহক। স্ত্রী অনিন্দিতাকে সঙ্গে নিয়ে চন্দ্রপুরের নির্জন সমুদ্রসৈকতে কয়েকটা নির্ভার মুহূর্ত কাটাতে গিয়ে আচমকাই এক ভয়ংকর অপরাধচক্রের মুখোমুখি হয় সে। ঘটনাচক্রে তার ক্যামেরায় ধরা পড়ে যায় এমন কিছু দৃশ্য, যা তাকে জড়িয়ে ফেলে এক বিপজ্জনক পরিস্থিতিতে। এরপর ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা তার জীবনের সমস্ত হিসাব বদলে দেয়। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা, বেঁচে থাকার তাগিদ এবং প্রতিশোধের আগুনে বদলে যেতে থাকে শুভ্র। যে ক্যামেরা একসময় তার কাছে ছিল প্রকৃতির সৌন্দর্য খুঁজে পাওয়ার মাধ্যম, সেটাই হয়ে ওঠে সত্যের সন্ধান এবং শত্রুকে চিহ্নিত করার হাতিয়ার।
চন্দ্রপুরের নির্জন সমুদ্রতট, ঝাউবন এবং অন্ধকার অলিগলিকে কেন্দ্র করে এগিয়ে চলবে এই শিকারের খেলা। এখানে শুধু শারীরিক লড়াই নয়, রয়েছে মানসিক সংঘাত, বুদ্ধির লড়াই এবং প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার প্রবল আকাঙ্ক্ষা। শেষ পর্যন্ত কে শিকারি আর কে শিকার, সেই প্রশ্নের উত্তর মিলবে গল্পের শেষ মুহূর্তে। সিনেমায় সঙ্গীত পরিচালক হিসাবে অভিষেক হতে চলেছে জনপ্রিয় গায়ক মিতাস ভট্টাচার্যের।
Source: bengali.news18.com


