Delhi Encounter: এবার দিল্লিতে এনকাউন্টার! পুলিশের গুলিতে খতম গ্যাংস্টার, ২০ রাউন্ড গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল যুবক
Delhi Encounter: এই গ্যাং-যুদ্ধের জেরেই গত ২৬ মে খুন হন হারুন সাইফির মামা রাজা মেওয়াতি। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছিল। এর প্রায় তিন সপ্তাহ পর, ১৫ জুন খুন হন দুরানির ঘনিষ্ঠ সহযোগী তথা তাঁর গ্যাংয়ের কথিত আর্থিক মদতদাতা রশিদ ওরফে 'পানিওয়ালা'। এই খুনের ঘটনায় হারুন সাইফি এবং তার গ্যাংয়ের কয়েকজন সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
নয়াদিল্লি: দিল্লিতে এনকাউন্টার৷ চলতি সপ্তাহে আইনমন্ত্রী কপিল মিশ্রের দফতরের কাছে এক যুবককে খুনের ঘটনায় অভিযুক্ত ছিল গ্যাংস্টার নাসিম দুরানি৷ বৃহস্পতিবার পুলিশের এনকাউন্টারে নিহত। উত্তরপ্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিশ এবং নয়ডা স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে মৃত্যু হয় তার।
সূত্রের খবর, গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের নেতৃত্বাধীন ডি-কোম্পানির সঙ্গে যোগাযোগ ছিল দুরানির। অভিযোগ, গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় ২৬ বছর বয়সি সমীরকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি চালিয়েছিল সে। মুস্তাফাবাদের বাসিন্দা সমীরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে অনুমান, নাসিম দুরানি এবং হারুন সাইফির গ্যাংয়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, সমীরের বিরুদ্ধেও অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ ছিল। সম্প্রতি একটি অপরাধের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে জেলা পুলিশের তরফে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।
নাসিম দুরানির সঙ্গে ডি-কোম্পানির যোগ
দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী গ্যাংস্টার ছোট শাকিলের সঙ্গে যোগাযোগ ছিল নাসিম দুরানির। অভিযোগ, ২০১৬ সালে জেলবন্দি গ্যাংস্টার ছোট রাজনকে খুন করার দায়িত্ব দুরানিকে দিয়েছিল ছোট শাকিল। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় সাংবাদিক তারেক ফতেহকে খুনের ষড়যন্ত্রেও দুরানির নাম জড়িয়েছিল বলে অভিযোগ। খুন, খুনের চেষ্টা এবং ডাকাতি-সহ ২৫টিরও বেশি ফৌজদারি মামলা ছিল তার বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, বুলন্দশহরের বাসিন্দা দুরানির মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। উত্তর-পূর্ব দিল্লি এলাকায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল সে। ‘রিজওয়ান’ নামেও পরিচিত ছিল এই গ্যাংস্টার।
দিল্লিতে গ্যাং-ওয়ার
নাসিম দুরানির গ্যাংয়ের সঙ্গে মূলত বিবাদ ছিল রাজা মেওয়াতির নেতৃত্বাধীন একটি গোষ্ঠীর। ‘আক্কি ডন’ নামেও পরিচিত ছিল রাজা। পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লিতে সক্রিয় ছিল এই গ্যাং। পুলিশ সূত্রে খবর, এলাকায় আধিপত্য বিস্তার, বেটিং ব্যবসা, মাদক কারবার এবং তোলাবাজিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছিল।
Source: bengali.news18.com


