Indian Railways : মাত্র ৯৯ টাকাতেই রেলস্টেশনে AC স্লিপিং পড! ব্যক্তিগত কেবিন, Wi-Fi, মোবাইল চার্জিংয়ের সুবিধা, রেলের বড় উদ্যোগ

হোম

Indian Railways : মাত্র ৯৯ টাকাতেই পাবেন এসিতে বিশ্রামের সুবিধা। সঙ্গে ওয়াই ফাই, এই স্লিপিং পড নিয়ে এখন যাত্রীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

কলকাতা : ট্রেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে? কিংবা এক ট্রেন থেকে অন্য ট্রেনে ওঠার মাঝে হাতে রয়েছে বেশ কয়েক ঘণ্টা? এবার রেলস্টেশনেই অল্প খরচে মিলতে পারে আরাম করে বিশ্রাম নেওয়ার সুযোগ।
মাত্র ৯৯ টাকা প্রতি ঘণ্টা থেকে ভাড়ায় পাওয়া যাবে AC স্লিপিং পড। সেখানে থাকবে ব্যক্তিগত কেবিন, আরামদায়ক বিছানা, Wi-Fi এবং মোবাইল চার্জিংয়ের মতো সুবিধা।
দক্ষিণ রেলওয়ে কেরলের দুটি গুরুত্বপূর্ণ স্টেশনে এই পরিষেবা চালুর পরিকল্পনা করছে। স্টেশন দুটি হল আলুভা এবং এর্নাকুলাম জংশন। মূলত যাঁদের ট্রেন বদলানোর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, কিংবা ট্রেন দেরিতে চলার কারণে স্টেশনে আটকে থাকতে হয়, তাঁদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হচ্ছে।

কোথায় তৈরি হবে AC স্লিপিং পড?
আলুভা স্টেশনে KSRTC বাসস্ট্যান্ডের বিপরীতে রেলের জমিতে তৈরি হবে একটি দু’তলা এগজিকিউটিভ লাউঞ্জ। প্রায় ১০ হাজার বর্গফুট জায়গাজুড়ে এই পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দক্ষিণ রেলওয়ে জমি দেবে এবং নির্বাচিত সংস্থা লাউঞ্জ নির্মাণ করে ১০ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাবে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। অন্যদিকে, এর্নাকুলাম জংশনে মূল প্ল্যাটফর্মের উত্তর প্রান্তে থাকা বর্তমান AC ওয়েটিং রুমের উপরে তৈরি হবে নতুন লাউঞ্জ।

৯৯ টাকায় কী কী সুবিধা মিলবে? প্রস্তাবিত স্লিপিং পডগুলিতে একাধিক আধুনিক সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। যেমন— আরামদায়ক বিছানা: শুয়ে বিশ্রাম নেওয়ার জন্য থাকবে রিক্লাইনিং বেড। AC ও তাপমাত্রা নিয়ন্ত্রণ: নিজের কেবিনের তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধা থাকবে। ব্যক্তিগত গোপনীয়তা: প্রতিটি পডে থাকবে দরজা অথবা লক। USB চার্জিং পোর্ট: মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চার্জ করা যাবে। রিডিং লাইট: বই পড়া বা অন্য কাজের জন্য থাকবে আলাদা আলো। হাই-স্পিড Wi-Fi: ইন্টারনেট ব্যবহারের সুবিধাও মিলবে।

সবচেয়ে বড় সুবিধা হল, ২৪ ঘণ্টার জন্য হোটেল ভাড়া নেওয়ার প্রয়োজন হবে না। যতক্ষণ বিশ্রাম নেওয়ার দরকার, সেই অনুযায়ী ঘণ্টা হিসেবে ভাড়া দেওয়ার ব্যবস্থা থাকবে। প্রাথমিক ভাড়া ঘণ্টায় ৯৯ টাকা থেকে শুরু হতে পারে।
এর্নাকুলাম স্টেশনে আগে থেকেই রয়েছে AC ওয়েটিং হল-
এর্নাকুলাম জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যেই একটি AC ওয়েটিং হল রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ টাকা দিয়ে বসার ব্যবস্থা ব্যবহার করা যায়। প্রায় ১০০টি আরামদায়ক আসনের পাশাপাশি রয়েছে মোবাইল চার্জিং পয়েন্ট, বিনামূল্যে হাই-স্পিড Wi-Fi, সংবাদপত্র, ছোট লাইব্রেরি এবং টেলিভিশন। তবে নতুন স্লিপিং পডে শুধু বসার জায়গা নয়, বরং ব্যক্তিগত পরিসরে শুয়ে বিশ্রাম নেওয়ার সুযোগও থাকবে।

কেরলে মেট্রো স্টেশনেও রয়েছে এমন ব্যবস্থা
কোচি মেট্রোর MG Road, Pathadipalam এবং Aluva স্টেশনে ইতিমধ্যেই AC স্লিপিং পডের সুবিধা চালু রয়েছে। এবার রেলস্টেশনেও এই ধরনের ব্যবস্থা চালু হলে দীর্ঘক্ষণ অপেক্ষা করা যাত্রীদের জন্য তা বেশ সুবিধাজনক হতে পারে। তবে মনে রাখতে হবে, আলুভা ও এর্নাকুলাম জংশনে রেলওয়ের এই নতুন স্লিপিং পডগুলি এখনও পরিকল্পনা ও নির্মাণের পর্যায়ে রয়েছে। ৯৯ টাকা প্রতি ঘণ্টা হল প্রস্তাবিত প্রাথমিক ভাড়া, চালু পরিষেবার নিশ্চিত বুকিং রেট নয়।

 

Source: bengali.news18.com


Related News