EPFO Update : ৭.৫ কোটি অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য খুশির খবর ! টাকা তোলা ও জমা দেওয়ার নিয়মে বড় বদল

ব্যবসা

৭.৫ কোটি EPFO অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় সুখবর। PF অ্যাকাউন্টে টাকা জমা ও তোলার নিয়মে একাধিক পরিবর্তন আনা হয়েছে। অবসরের পরও কিস্তিতে টাকা তোলার সুবিধা এবং দ্রুত PF Withdrawal-এর সুযোগ মিলতে পারে।

দেশের ৭.৫ কোটির বেশি পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য খুশির খবর ৷ ইপিএফও-এর একাধিক নিয়ম আরও সহজ করা হল ৷ বৃহস্পতিবার ইপিএফও-র তরফে জানানো হয়েছে এবার থেকে অবসরের পর অ্যাকাউন্ট হোল্ডাররা নিয়মিত কিস্তিতে টাকা তুলে নিতে পারবেন ৷ পাশাপাশি অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার সীমা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে ৷ এবং পুরো টাকা তোলার জন্য আর ১২ মাস অপেক্ষা করতে হবে না ৷ ২ মাসের মধ্যেই টাকা তুলতে পারবেন পিএফ অ্যাকাউন্ট হোল্ডার ৷
ইপিএফও জানিয়েছে, কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সভাপতিত্বে কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের (CBT) ২৪০তম বৈঠকে পিএফ অ্যাকাউন্ট নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পিএফ অ্যাকাউন্টে টাকা জমা করা এবং টাকা তোলার নিয়ম আরও সহজ করা হয়েছে। অবসরের কাছাকাছি সময়ে টাকা তোলার নিয়মও সহজ করা হয়েছে। চাকরির সময়েও পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

কীভাবে কাজ করবে SWP স্কিম?
ইপিএফও-র প্রস্তাবিত নিয়মিত কিস্তি তোলার পরিকল্পনা বা Systematic Withdrawal Plan (SWP)-এর আওতায় অবসর নিতে চলা সদস্যরা তাঁদের পিএফ অ্যাকাউন্টে জমা থাকা পুরো টাকা একসঙ্গে না তুলে মাসিক, ত্রৈমাসিক বা ষান্মাসিক কিস্তিতে টাকা নিতে পারবেন।

বর্তমানে অবসরের পর পিএফ অ্যাকাউন্টে জমা টাকা এককালীন তোলার সুবিধাই রয়েছে। কিন্তু SWP চালু হলে অ্যাকাউন্টে অবশিষ্ট টাকার উপর সুদও পাওয়া যাবে। অর্থাৎ, অবসরের পরেও পিএফ অ্যাকাউন্টে সুদ পাওয়ার সুযোগ থাকবে।
এর ফলে সদস্যরা অবসরের পর নিয়মিত আয়ের একটি অতিরিক্ত উৎস পাবেন এবং তাঁদের সঞ্চয়ও বজায় থাকবে। এই সুবিধা সম্পূর্ণ ঐচ্ছিক হবে। এর মূল উদ্দেশ্য হল পেনশনের পাশাপাশি অতিরিক্ত আয়ের একটি উৎস তৈরি করা এবং অবসরের পর সদস্যদের আর্থিক নিরাপত্তা আরও মজবুত করা।

৬.৩২ লক্ষ মানুষ উপকৃত হবেন
শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে ৫৫ বছরের বেশি বয়সি প্রায় ৬.৩২ লক্ষ EPFO সদস্য এই সুবিধা পেতে পারেন। এই সদস্যদের পিএফ অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার বেশি জমা রয়েছে।

কিস্তিতে টাকা পাওয়ার সময় কোনও সদস্যের মৃত্যু হলে তাঁর মনোনীত ব্যক্তি বা নির্ভরশীলরা অ্যাকাউন্টে থাকা বাকি টাকা এককালীন তুলে নিতে পারবেন। অথবা চাইলে নিয়মিত কিস্তিতে সেই টাকা নেওয়া চালিয়ে যেতে পারবেন।
অ্যাকাউন্টে কত টাকা রাখা বাধ্যতামূলক?
সদস্যদের হাতে আরও বেশি নগদ অর্থ তুলে দেওয়ার উদ্দেশ্যে EPF অ্যাকাউন্টে বাধ্যতামূলকভাবে জমা রাখা ন্যূনতম পরিমাণ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও পিএফ-এর পুরো টাকা তোলার জন্য অপেক্ষার সময়সীমা ১২ মাস থেকে কমিয়ে ২ মাস করা হয়েছে। এর ফলে সদস্যরা প্রয়োজনের সময়ে তাঁদের জমা সঞ্চয় দ্রুত তুলতে পারবেন। একইসঙ্গে দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তার জন্য অ্যাকাউন্টে ন্যূনতম ১০ শতাংশ টাকা রাখা থাকবে।
এখন কমেছে ক্লেম বাতিলের হার
মন্ত্রকের তথ্য অনুযায়ী, ক্লেম বাতিলের সামগ্রিক হার ২৩ শতাংশ থেকে কমে ৭.৮২ শতাংশ হয়েছে। একইসঙ্গে ক্লেম নিষ্পত্তিতে গড় সময় ১১.১৫ দিন থেকে কমে ২.৫৭ দিন হয়েছে।

এছাড়াও CBT EPF, Employees’ Pension Scheme (EPS) এবং EDLI স্কিমের অধীনে ২০২৬-২৭ অর্থবর্ষের সংশোধিত বাজেট অনুমান এবং ২০২৭-২৮ অর্থবর্ষের বাজেট অনুমান অনুমোদন করেছে।

 

Source: bengali.news18.com


Related News