NPS Rule Change: বদলে গেল নিয়ম, এবার সহজেই NPS অ্যাকাউন্ট খুলতে পারবেন এই ব্যক্তিরা

ব্যবসা

NPS অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন করেছে PFRDA। নতুন নিয়মে NRI নাবিকদের জন্য KYC প্রক্রিয়া সহজ হয়েছে। বিদেশের ঠিকানার প্রমাণপত্র নিয়ে আগের সমস্যাও অনেকটাই কমবে। জেনে নিন NPS-এর নতুন নিয়ম।

এনপিএস-এর নিয়মে বড় বদল ৷ এবার থেকে ন্যাশনাল পেনশন সিস্টেমে অ্যাকাউন্ট খোলা হবে আরও সহজ ৷ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)-এ অ্যাকাউন্ট খোলার নিয়মে পরিবর্তন করে প্রক্রিয়াটি আরও সহজ করেছে। এই পরিবর্তন নন-রেসিডেন্ট ইন্ডিয়ান নাবিকদের জন্য করা হয়েছে। এখন তাঁদের KYC-এর ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এর ফলে অ্যাকাউন্ট খোলার সময় বিদেশের ঠিকানার প্রমাণপত্র দিতে যে সমস্যার মুখে পড়তে হত, তা অনেকটাই কমবে।
কোন অ্যাকাউন্টে নতুন নিয়ম প্রযোজ্য হবে?
গত ১৩ নভেম্বর ২০২৬-এর একটি সার্কুলার অনুযায়ী, পেনশন ফান্ড নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, জাহাজে কর্মরত NRI গ্রাহকদের ঠিকানার প্রমাণ হিসেবে কিছু কর্মসংস্থান সংক্রান্ত নথি গ্রহণ করতে হবে নিয়ন্ত্রিত সংস্থাগুলিকে।
এই পরিবর্তন NPS Tier-I অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। PFRDA-এর এই পদক্ষেপের ফলে জাহাজে কর্মরত সেই সমস্ত NRI নাবিকদের NPS-এ অ্যাকাউন্ট খোলা সহজ হবে, যাঁরা অ্যাকাউন্ট খোলার সময় বিদেশে বসবাসের ঠিকানার প্রমাণ দিতে সমস্যায় পড়েন।

NRI নাবিকরা কোন নথি জমা দিতে পারবেন?
পরিবর্তিত NPS নিয়ম অনুযায়ী, NRI নাবিকরা ঠিকানার প্রমাণ হিসেবে নিচের দুটি নথির মধ্যে যে কোনও একটি জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রথমটি হল নিয়োগকর্তা বা শিপিং কোম্পানির সঙ্গে বৈধ এমপ্লয়মেন্ট কনট্র্যাক্ট ৷ নতুন চুক্তিতে কাজে যোগ দিতে চলেছেন এমন নাবিকরা এই নথি ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় বিকল্প হল Continuous Discharge Certificate (CDC)। তবে শর্ত হল, ওই নথিতে থাকা Disembarkation Stamp বা রেকর্ড ছয় মাসের বেশি পুরনো হওয়া যাবে না। এই নথিগুলির মাধ্যমে গ্রাহকের কর্মসংস্থান এবং NRI স্ট্যাটাস যাচাই করা সম্ভব হবে। পাশাপাশি NPS অ্যাকাউন্ট খোলার সময় বিদেশের ঠিকানার প্রমাণপত্র জোগাড় করার সমস্যাও দূর হবে।

নাবিক যদি বর্তমানে জাহাজে থাকেন, তাহলে কী হবে?
PFRDA বর্তমানে জাহাজে কর্মরত নাবিকদের ক্ষেত্রেও ঠিকানা সংক্রান্ত নিয়ম সহজ করেছে। এই ধরনের ক্ষেত্রে গ্রাহক তাঁর বর্তমান ঠিকানা হিসেবে নিয়োগকর্তার বিদেশের ঠিকানা অথবা নিজের ভারতীয় ঠিকানা দিতে পারবেন। এর ফলে সমুদ্রে থাকা NRI নাবিকদের জন্য NPS অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া আরও সহজ হতে পারে।

কেন নিয়ম বদল করল PFRDA?

PFRDA-এর মতে, সমুদ্রে কর্মরত নাবিকদের ক্ষেত্রে প্রচলিত বিদেশি আবাসিক ঠিকানার নথি সংগ্রহ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এর ফলে যোগ্য ব্যক্তিদের NPS-এ নাম নথিভুক্ত করার সময় অযথা দেরি বা সমস্যার মুখে পড়তে হত। নতুন নিয়মের মাধ্যমে এই সমস্যাগুলি দূর করার চেষ্টা করা হয়েছে। একইসঙ্গে গ্রাহকের পরিচয়, চাকরির অবস্থা এবং NRI স্ট্যাটাস সঠিকভাবে যাচাই করা যায়, সেটিও নিশ্চিত করা হয়েছে। নতুন এই পরিবর্তন ১৩ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে, অর্থাৎ সার্কুলার জারির দিন থেকেই নিয়মটি চালু হয়েছে।

 

Source: bengali.news18.com


Related News