Sourav Ganguly : একমাত্র বাঙালি ক্রিকেটার, তাঁকেও ছেঁটে ফেলেছে দিল্লি! আইপিএল নিলামে বাংলার কাকে এবার কিনতে চান সৌরভ?
Sourav Ganguly : সৌরভ ও যুবরাজের তত্ত্বাবধানে এবার আইপিএল ২০২৭-এ খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। তার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক্সক্লুসিভ সাক্ষাৎকার।
কলকাতা : আইপিএলের প্রস্তুতি ও দিল্লি ক্যাপিটালসের পরিকল্পনা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক্সক্লুসিভ সাক্ষাৎকার-
প্রশ্ন : কোচ হিসেবে আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালসের রিটেনশন ও নিলামের পরিকল্পনা কীভাবে সাজিয়েছেন?
সৌরভ : নিলামে আমাদের টার্গেটের নাম এখনই বলতে পারব না। সেটা বলা সম্ভব নয়, অন্য দলগুলো জেনে যাবে। রিটেনশনের তালিকা আমরা বের করেছি। মিচেল স্টার্ক না থাকায় কিছুটা অসুবিধা হয়েছে। ও খুব ভালো বোলার। তবে ওর পরিবর্তে একজন জোরে বোলার খুঁজব। ঋষভ পন্থকে পাওয়ায় আমাদের সুবিধা হয়েছে। আমাদের একজন টপ অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন। বাকি দল আমরা গুছিয়ে নেব।
প্রশ্ন : অভিষেক পোড়েলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কেন? নিলামে কি তাঁকে আবার দলে নেওয়ার সুযোগ রয়েছে?
সৌরভ : অভিষেককে ছেড়ে দিয়েছি মানে এই নয় যে ওকে আর দলে নেওয়া হবে না। নিলামে ওকে কেনার সুযোগ রয়েছে। ও ভালো করে ঘরোয়া ক্রিকেট খেলুক। দিল্লি ওর উপর নজর রাখবে।
প্রশ্ন : নিলামে দিল্লি ক্যাপিটালসের হাতে অনেক টাকা রয়েছে। কোন কোন বিভাগে বেশি গুরুত্ব দিচ্ছেন?
সৌরভ : দিল্লির পার্সে টাকা রয়েছে। কম টাকায় ভালো কিছু হয় না। তবে আমাদের ভালো টাকা আছে। আমাদের ভালো বোলার নিতে হবে, বিদেশি ভালো বোলার নিতে হবে। পাশাপাশি একজন ওপেনারও প্রয়োজন। অনেক ক্রিকেটারকে নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু আমরা দলের প্রয়োজন এবং জায়গা অনুযায়ী ক্রিকেটার বেছে নেব।
প্রশ্ন : যুবরাজ সিংয়ের সঙ্গে একসঙ্গে কোচিং করানোর অভিজ্ঞতা কেমন হতে চলেছে? ইতিমধ্যেই কি পরিকল্পনা শুরু করেছেন?
সৌরভ: আমরা একসঙ্গে কাজ করেছি। তবে এখনও পরিকল্পনা শুরু হয়নি। নিলাম হয়ে যাক, তারপর নিশ্চয়ই পরিকল্পনা শুরু করব।
প্রশ্ন : কোচ হিসেবে সৌরভ কি পরিকল্পনা করছেন? তরুণ ক্রিকেটারদের তৈরি করার ক্ষেত্রে কতটা গুরুত্ব দেবেন?
সৌরভ : কোচ হিসেবে আমি ক্রিকেটারদের গাইড করব। তাঁদের উন্নতির দিকে নজর দেব। ক্রিকেট তো সারা জীবন খেলা যায় না। আমি নিজে প্রায় ৫০০ ম্যাচ খেলেছি। কিন্তু এখন একটা দল তৈরি করতে হবে। ক্রিকেটারদের তৈরি করাই আমাদের লক্ষ্য। তবে এটা খুব চ্যালেঞ্জিং কাজ।
প্রশ্ন : এবার কি দিল্লি ক্যাপিটালসের আইপিএল জয়ের স্বপ্ন পূরণ হবে?
সৌরভ : চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকায় আমরা ফাইনালে উঠেও হেরে গিয়েছিলাম। এবার কী হয়, দেখা যাক!
Source: bengali.news18.com


