Bhuban Badyakar: 'কাঁচা বাদাম'-গানে রাতারাতি ভাইরাল ভুবন বাদ্যকর এখন কোথায়? কী করে সংসার চালাচ্ছেন? খোঁজ নিল লোকাল-১৮ বাংলা
Bhuban Badyakar: 'কাঁচা বাদাম' গেয়ে রাতারাতি তারকা, এখন কেমন আছেন বীরভূমের ভুবন বাদ্যকর? জানালেন নিজের মুখেই...
বীরভূম,সৌভিক রায়: “বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…” মাত্র কয়েক বছর আগে এই একটি গানেই তোলপাড় হয়েছিল গোটা নেটদুনিয়া। বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত প্রত্যন্ত কুড়ালজুরি গ্রামের এক সাধারণ বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর রাতারাতি হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক স্তরের ভাইরাল তারকা। সাইকেলের পেছনে বাদামের বস্তা নিয়ে গ্রামে গ্রামে ফেরি করতে করতে নিজের সুরে গান বেঁধেছিলেন তিনি। এক পথচারীর ক্যামেরায় বন্দি হওয়া সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বদলে গিয়েছিল তাঁর জীবন।
একসময় যে ভুবন বাবুকে চিনতেন শুধু আশপাশের কয়েকটা গ্রামের মানুষ, সেই তিনিই পাড়ি দিয়েছিলেন মুম্বই, অংশ নিয়েছিলেন দেশের প্রথম সারির রিয়েলিটি শো-তে। নামীদামি তারকাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়া থেকে শুরু করে মিউজিক ভিডিওতে অভিনয় ‘বাদাম কাকু’র জনপ্রিয়তা তখন আকাশছোঁয়া।
সাধারণ মাটির বাড়ি ছেড়ে তৈরি করেছিলেন পাকা বাড়িও। কিন্তু সময়ের চাকা ঘুরতেই যেন আচমকাই অন্তরালে চলে গিয়েছেন সেই ভুবন বাদ্যকর। সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে এখন আর সেভাবে তাঁর দেখা মেলে না। আজ কেমন আছেন তিনি? কী করেই বা চলছে তাঁর সংসার? তা জানতেই আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম কুড়ালজুরি গ্রামের ভুবন বাদ্যকরের সঙ্গে। নিজের বর্তমান পরিস্থিতির কথা জানাতে গিয়ে ভুবন বাবু বলেন, “মাঝে কিছুদিন যাত্রাপালায় অভিনয় করতাম। কিন্তু সেখানেও কাজ করিয়ে ঠিকমতো টাকা দিচ্ছিল না। এখনও প্রায় ৬৭ হাজার টাকা বকেয়া পড়ে রয়েছে। টাকা না পাওয়ায় আর যাত্রাপালাও করি না। এখন বিভিন্ন জায়গায় ফেসবুক মিটআপ হয়। সেখানে যাঁরা আমাকে আমন্ত্রণ জানান, সেখানেই যাই। তা থেকে যা সামান্য উপার্জন হয়, তা দিয়েই কোনওমতে সংসার চলছে। এছাড়া মাঝেমধ্যে কীর্তন বা বাউল গানের দল ডাকলে সেখানে গান গাইতে যাই।”
পরিবারের হাল ধরতে সম্প্রতি বড় পদক্ষেপ নিয়েছেন তিনি। ভুবন বাবু জানান, “দিন কয়েক আগে ৭৫ হাজার টাকা লোন নিয়ে ছেলে মনোজকে একটি টোটো কিনে দিয়েছি। ও টোটো চালিয়ে সংসারের হাল ধরার চেষ্টা করছে।” নতুন কোনও গান কি আর বাঁধছেন না? এই প্রশ্নের উত্তরে গলায় আক্ষেপ নিয়ে তিনি জানান নিজের ইউটিউব চ্যানেল হাতছাড়া হওয়ার কথা। তাঁর কথায়, “আমার দেড় লক্ষ সাবস্ক্রাইবারের একটি ইউটিউব চ্যানেল ছিল। কিন্তু আমাকে কিছু না জানিয়েই একজন সেটি লিখিয়ে নিয়েছিল। সেই নিয়ে এখনও আইনি লড়াই ও কেস চলছে। চ্যানেলটি না থাকায় নতুন কোনও গান পোস্ট করতে পারছি না। পরে ছেলে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে। সেখানে আর ফেসবুকে এখন টুকিটাকি ভিডিও পোস্ট করি। তবে পুরোনো চ্যানেলটি পুরোপুরি ফিরে না পাওয়া পর্যন্ত নতুন কোনও গান বাঁধছি না।”
যে বাদাম বিক্রি তাঁকে বিশ্বজোড়া পরিচিতি দিয়েছিল, সেই পুরোনো পেশায় কি আবার ফিরে গিয়েছেন তিনি? উত্তরে ভুবন বাবু স্পষ্ট ও পরিষ্কার ভাবে জানান, “না, এখন আর আগের মতো সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করা হয় না। তবে আশপাশের কেউ বাড়িতে এসে বাদাম কেনার অর্ডার দিলে, তা এনে দিই।” রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছেও আজ ফের সাধারণ জীবনযাপনে ফিরেছেন বীরভূমের ভুবন বাদ্যকর। আইনি জটিলতা কাটিয়ে নিজের ইউটিউব চ্যানেল ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন তিনি, আর সেই সঙ্গে অপেক্ষা করছেন আবারও নতুন সুরে দর্শকদের মন জয় করার।
Source: bengali.news18.com


