Bangladesh Update: বাংলাদেশের গোপালগঞ্জে থানায় হামলা, একাধিক জায়গায় আগুন ও ভাঙচুর! পুড়ল পুলিশের গাড়ি-সহ ১০টি যানবাহন
Bangladesh Update: গোপালগঞ্জে তাণ্ডব! মুকসুদপুর থানা থেকে গ্রামীণ ব্যাঙ্কের কার্যালয়, একাধিক জায়গায় আগুন ও ভাঙচুর।
কলকাতা: বাংলাদেশের গোপালগঞ্জে ফের উত্তপ্ত পরিস্থিতি। নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। থানার ভিতরে থাকা পুলিশের সরকারি গাড়ি এবং বিভিন্ন মামলায় বাজেয়াপ্ত করা যানবাহন মিলিয়ে মোট ১০টি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
থানায় হামলা ও অগ্নিসংযোগের একাধিক ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ফেসবুকে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, থানায় আগুন লাগানোর পর বিক্ষোভকারীরা সেলফি তুলছেন এবং মোবাইলে ভিডিও করছেন। তাঁদের মুখে শোনা যাচ্ছে ‘জয় বাংলা’ স্লোগান। অন্য একটি ভিডিওতে কয়েকশো নেতা-কর্মীকে থানার ভিতরে ঢুকে গাড়ি ও মোটরসাইকেলে আগুন লাগাতে দেখা যায়। থানার একাধিক ঘরেও ভাঙচুর চালানো হয়। নিচতলা থেকে দোতলা পর্যন্ত বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার প্রায় দু’ঘণ্টা পরেও সেখানে আগুন জ্বলছিল বলে জানা গিয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কাউকে দেখা যায়নি বলেও অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বুধবার সন্ধ্যার পর থেকেই মুকসুদপুর থানা ভবনে কোনও পুলিশকর্মী ছিলেন না। সেই সুযোগে বৃহস্পতিবার দুপুরে লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা চালানো হয়। মুকসুদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির জানিয়েছেন, থানায় আগুন দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গিয়েছে। তবে এই ঘটনায় কোনও পুলিশকর্মীর হতাহতের খবর নেই।
শুধু থানা নয়, মুকসুদপুর উপজেলায় গ্রামীণ ব্যাঙ্কের তিনটি কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করে শহরের লঞ্চঘাট এলাকায় জমায়েত হন। তাঁদের মিছিল ও স্লোগান ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের কোর্ট এলাকা থেকে কাঁচাবাজার পর্যন্ত ব্যাপক জমায়েত হয়। বিক্ষোভকারীদের অনেকের হাতে রামদা, চায়নিজ কুড়াল, লাঠি, বইঠা, ঢাল ও সড়কির মতো দেশীয় অস্ত্র দেখা যায়।
একই দিনে জেলার বিভিন্ন জায়গায় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাঁদের ঘনিষ্ঠদের বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর সামনে এসেছে। দুপুর ১২টা নাগাদ বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির প্রাক্তন সভাপতি তথা জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা চালানো হয়। এর আগে সকাল ১১টা নাগাদ কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সাংসদ সেলিমুজ্জামান মোল্লার বাড়ি এবং তাঁর আত্মীয় ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়া হয়। শহরের পোস্ট অফিস মোড়ে এফএনএফ নামে একটি সুপারশপেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এছাড়া দুপুর ১২টায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সাংসদ কে এম বাবরের মালিকানাধীন হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল। মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ায় প্রাক্তন সাংসদ এস এম জিলানীর বাড়িতেও আগুন লাগানোর ঘটনা ঘটে। চলতি ঘটনাগুলিকে কেন্দ্র করে গোটা গোপালগঞ্জ জুড়ে উত্তেজনা ও আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে।
Source: bengali.news18.com


