তিলকের ‘মন্থর’ সেঞ্চুরি দলেরই চাপ বাড়ালো...পাকিস্তান ‘এ’-র কাছে হারের কারণ হিসেবে কী জানালেন ভারতীয় ব্যাটার?

ক্রীড়া

India A lost Against Pakistan A: অধিনায়ক তিলক ভার্মার শতরান সত্ত্বেও এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে পাকিস্তান এ-র কাছে ৪৮ রানে হারল ইন্ডিয়া এ। ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইন্ডিয়া এ-র দল ২৬৫ রানে গুটিয়ে যায়। তিলক ১০০ রান করেন। অন্যদিকে, অভিষেক শর্মা ৭০ এবং শাহবাজ আহমেদ ৫৬ রানের ইনিংস খেলেন। কিন্তু দল লক্ষ্য থেকে পিছিয়ে পড়ে। আলি রাজা ও হাসান নওয়াজ তিনটি করে উইকেট নিয়ে পাকিস্তান এ-কে জয় এনে দেন।

নয়াদিল্লি: অধিনায়ক তিলক ভার্মার ‘মন্থর’ শতরানের ইনিংস দলের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়াল। পাকিস্তান ‘এ’ দল ভারত ‘এ’-কে ৪৮ রানে হারিয়ে রাইজিং এশিয়া কাপ টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিল। এই হারের পর ভারতের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়েছে। ২৪ নভেম্বর নিজেদের শেষ লিগ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ জিতলে সেমিফাইনালের টিকিট পাকা করতে পারে ভারত। ৩১৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারত এ দল এদিন ৪৯.১ ওভারে ২৬৫ রানে অলআউট হয়ে যায়। তিলক ভার্মা সাতটি চার ও একটি ছক্কার সাহায্যে শতরান পূর্ণ করেন। অন্যদিকে, অভিষেক শর্মা ৪২ বলে ছ’টি চার ও ছ’টি ছক্কার সাহায্যে ৭০ রান করেন এবং শাহবাজ আহমেদ করেন ৫৬ রান। কিন্তু অন্য ব্যাটারদের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পাওয়া যায়নি।

বৈভব সূর্যবংশী প্রথমে আউট হন। অন্যদিকে, ৩১ বলে অর্ধশতরান করা অভিষেক আউট হওয়ার পর রানের গতি কমে যায়। তিলক ও শাহবাজ সপ্তম উইকেটে ১১২ রানের পার্টনারশিপ গড়েন ঠিকই, কিন্তু ক্রমশ বাড়তে থাকা রান রেটের চাপের মুখে লক্ষ্য থেকে দূরে সরে যায় ভারতীয় ‘এ’ দল। পাকিস্তান ‘এ’-র বোলারদের মধ্যে আলি রাজা ও হাসান নওয়াজ তিনটি করে উইকেট নেন। মহম্মদ ইমরান দুটি এবং আহমেদ দানিয়াল ও সুফিয়ান মুকিম একটি করে উইকেট পান।
ম্যাচ হারের পর এদিন তিলক ভার্মা জানান, “অভিষেক যেভাবে শুরু করেছিল এবং মাঝে শাহবাজ যেভাবে আমার সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলেছিল, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, যখন আমরা রানের গতি বাড়াতে চেয়েছিলাম, তখন শাহবাজ আউট হয়ে যায়। অন্যথায়, ও যদি আরও ২ ওভার বা তার কাছাকাছি সময় ক্রিজে থাকতে পারত, তাহলে আমি ম্যাচটা শেষ করতে পারতাম,” তিনি বলেন।

তিবক এদিন আরও জানান, “আমার কাছে সবচেয়ে ভালো বিষয় হল ম্যাচ জেতা। আমরা যদি ম্যাচ জিততে না পারি, তাহলে সেটা আমার কাছে সেরা কিছু নয়। তবে আমি সবসময় চাই ম্যাচ যতটা সম্ভব শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে। আজও আমি সেটাই করার চেষ্টা করছিলাম। অন্য কোনও ব্যাটার যদি আমাকে সমর্থন দিতে পারত, তাহলে আমি ম্যাচটা শেষ করতে পারতাম। কিন্তু এটাই আমার দায়িত্ব। আপনি যদি দলের অধিনায়ক হন, তাহলে সেই চাপ ও দায়িত্ব নিজের কাঁধে নেওয়া উচিত। তাই হ্যাঁ, সত্যি বলতে, এই দায়িত্ব পালন করতে আমি ভালোবাসি। দিনের শেষে ঈশ্বরের কৃপা রয়েছে এবং তিনিই আমাকে এই রানগুলো দিয়েছেন।”

ইমরানকে নিশানা করে এদিন আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন অভিষেক। নওয়াজের বলেও বড় শট খেলেছিলেন তিনি। কিন্তু ভুল টাইমিংয়ের কারণে মিড অফে ক্যাচ দিয়ে আউট হন। শুরুতে ধীরগতিতে ব্যাটিং করে তিলক প্রথম ৩৬ বলে মাত্র ৮ রান করেন। পরের ৫৯ বলে যোগ করেন ৪২ রান। অন্যদিকে, শাহবাজ ৪১ বলে অর্ধশতরান পূর্ণ করেন। রাজা-র বলে শাহবাজ আউট হওয়ার পর ভারত এ-র স্কোর দ্রুত ৮ উইকেটে ২৪১ রানে পৌঁছে যায় এবং শেষের ওভারগুলিতে আর লক্ষ্য পূরণ করতে পারেনি দল।

মাজ সাদাকত ও শামিল হুসেনের দ্রুত শুরু:
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান এ দল ৪৯.২ ওভারে ৩১৩ রানে অলআউট হয়ে যায়। ওপেনার মাজ সাদাকত ৫৯ রান এবং শামিল হুসেন ৩৩ রান করে প্রথম উইকেটে ৭.৫ ওভারে ৬৬ রানের দ্রুত পার্টনারশিপ গড়েন। হর্ষিত রানার সঙ্গে তর্কাতর্কির পর আয়ুষ বাদোনির বলে রানার হাতে ক্যাচ দিয়ে আউট হন হুসেন। এর পরেই কোনও রান না করেই রানার শিকার হন রোহেল নজির। ফলে ৬৭ রানে দুই উইকেট হারায় পাকিস্তান এ।

 

Source: bengali.news18.com


Related News