Ind A vs Pak A : হর্ষিত রানাকে চোখ রাঙালেন পাকিস্তানি ক্রিকেটার, পাল্টা জবাবে যা হল, বুকের পাটা দেখালেন ভারতীয় পেসার
India A vs Pakistan A : ভারতীয় এ দলের বিরুদ্ধে রাইজিং এশিয়া কাপে খেলছে পাকিস্তান এ দল। সেই ম্যাচেই ঘটল এমন উত্তেজনাপূর্ণ ঘটনা।
নয়াদিল্লি : ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। রবিবার দোহায় এসিসি মেন্স রাইজিং এশিয়া কাপ ২০২৬-এর ভারত এ বনাম পাকিস্তান এ ম্যাচেও তার ব্যতিক্রম হল না। মাঠের মধ্যেই কথার লড়াইয়ে জড়িয়ে পড়লেন ভারতীয় পেসার হর্ষিত রানা এবং পাকিস্তানের ব্যাটার শামিল হুসেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কী নিয়ে শুরু হল বাগ্বিতণ্ডা?
ম্যাচ চলাকালীন পাকিস্তানের ওপেনার শামিল হুসেন হর্ষিত রানার দিকে আগ্রাসী ভঙ্গিতে তাকান বলে খবর। পাল্টা জবাব দিতে পিছপা হননি ভারতীয় পেসারও। শুধু শামিল নন, পাকিস্তানের আর এক ওপেনার মাজ সদাকাতের সঙ্গেও হর্ষিতকে কথার লড়াইয়ে জড়াতে দেখা যায়।
রিপোর্ট অনুযায়ী, পাওয়ারপ্লে-তে হর্ষিতের বল খেলতে গিয়ে পাকিস্তানের ব্যাটাররা রান তুলছিলেন। সেই সময় তাঁদের সঙ্গে ভারতীয় পেসারের বারবার কথা কাটাকাটি হয়। মাঠের এই উত্তপ্ত মুহূর্তের ভিডিও ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
শামিলের উইকেট নিয়ে হর্ষিতের পাল্টা জবাব-
এর পর শামিল হুসেনকে আউট করার সুযোগ আসে ভারতের সামনে। আয়ুষ বাদোনির বলে বড় শট খেলতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন পাকিস্তানের ওপেনার। বল ব্যাটের কানায় লেগে উঠে যায় শর্ট থার্ড ম্যান অঞ্চলে। সেখানে দাঁড়িয়ে থাকা হর্ষিত রানা সহজেই ক্যাচটি ধরে নেন।
৩৩ রান করে সাজঘরে ফেরেন শামিল। তাঁর উইকেট পাওয়ার পর হর্ষিতকে অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে সেলিব্রেশন করতে দেখা যায়। মাঠে আগে থেকে চলতে থাকা কথার লড়াইয়ের পর এই সেলিব্রেশন যেন ভারতীয় পেসারের পাল্টা জবাব হিসেবেই নজর কাড়ে।
ম্যাচে দুই দলের লড়াই-
দোহায় এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান এ। এর আগে ভারত এ নেপালকে ৩০৬ রানে হারিয়ে দুর্দান্তভাবে প্রতিযোগিতা শুরু করেছিল। সেই ম্যাচে হর্ষিত রানা ১৬ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন। অন্যদিকে, পাকিস্তান এ তাদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে ৬১ রানে হারিয়েছিল।
ফলে ভারত-পাকিস্তান এই লড়াই ঘিরে শুরু থেকেই বাড়তি আগ্রহ ছিল। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দুই দলের ক্রিকেটারদের এই উত্তপ্ত বাক্যবিনিময়ও ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠেছে।
Source: bengali.news18.com


