IAS Officer sings Bollywood song: ‘দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড’ গেয়ে নেটপাড়ায় ভাইরাল আইএএস অফিসার!চিনুন শীলা দাহিমাকে
তাঁর মতে, জীবনে পেশাগত দায়িত্ব যতই থাকুক না কেন, নিজের ভালোলাগা ও শখকে বাঁচিয়ে রাখা জরুরি। আগের ভিডিয়োটিও তৈরি করেছিলেন মূলত মানুষকে নিজেদের শখ এবং সৃজনশীলতার সঙ্গে যুক্ত থাকার বার্তা দিতে।
ভোপাল: জেলার প্রশাসনিক দায়িত্ব সামলান তিনি। প্রতিদিন ব্যস্ত থাকতে হয় সরকারি কাজ, সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা থেকে শুরু করে নানা প্রশাসনিক কাজে। কিন্তু সেই কঠোর প্রশাসনিক পরিচয়ের আড়ালেও রয়েছে এক অন্য মানুষ। অবসরে যিনি বলিউডি গানের সুরে মেতে ওঠেন। সম্প্রতি এমনই এক অন্য রূপে নেটপাড়ার নজর কেড়েছেন মধ্যপ্রদেশের শেওপুর জেলার কালেক্টর তথা আইএএস অফিসার শীলা দাহিমা। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একটি ভিডিয়ো। সেখানে সানগ্লাস পরে বলিউডের জনপ্রিয় গান ‘দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড’ গাইতে দেখা যাচ্ছে তাঁকে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির এই গানটি গেয়েছেন বিশাল দাদলানি ও শেফালি। আর সেই গানের তালে বেশ উৎসাহের সঙ্গে গলা মেলাতে দেখা গিয়েছে শীলাকে। তাঁর এই সাবলীল, প্রাণবন্ত পারফরম্যান্স দেখে মুগ্ধ নেটিজেনরা।
তবে এই প্রথম নয়, এর আগেও নিজের সঙ্গীতপ্রেমের জন্য সোশাল মিডিয়ায় আলোচনায় এসেছিলেন এই আইএএস অফিসার। ২০২৬ সালের অগাস্ট মাসে তাঁর আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেখানে ১৯৫৬ সালের ছবি ‘সিআইডি’-র জনপ্রিয় গান ‘লেকে পেহলা পেহলা প্যায়ার’ গাইতে দেখা গিয়েছিল তাঁকে। প্রায় ৩ মিনিট ২৭ সেকেন্ডের সেই ভিডিয়োয় গানের পাশাপাশি ছিল পুরোনো ছবি, বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্ত এবং প্রকৃতির নানা দৃশ্য।
এছাড়াও শেওপুর মেলার মঞ্চে আয়োজিত ‘সুরময়ী সন্ধ্যা’ নামের একটি সঙ্গীতানুষ্ঠানেও গান গেয়েছিলেন তিনি। অর্থাৎ, প্রশাসনিক দায়িত্বের বাইরেও সঙ্গীতের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ পুরনো। শীলা দাহিমার কাছে গান কোনও সাময়িক শখ নয়। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তাঁর গভীর ভালবাসা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির কারণে কখনও নিয়মিত বা প্রথাগতভাবে সঙ্গীতের প্রশিক্ষণ নেওয়া সম্ভব হয়নি। তবে গান শোনা এবং নিজের মতো করে অনুশীলন চালিয়ে গিয়েছেন তিনি।
২০১৫ ব্যাচের আইএএস অফিসার শীলা দাহিমা। ২০২৬ সালের এপ্রিল মাসে তাঁকে মধ্যপ্রদেশের শেওপুর জেলার কালেক্টর হিসেবে নিয়োগ করা হয়। তার আগে তিনি মধ্যপ্রদেশ সরকারের সমবায় দফতরে ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত ছিলেন। জেলা কালেক্টরের দায়িত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ। সরকারি বিভিন্ন দফতরের কাজকর্ম তদারকি, জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সাধারণ মানুষের অভিযোগের নিষ্পত্তি—সবই সামলাতে হয় তাঁকে। এত ব্যস্ততার মধ্যেও নিজের সঙ্গীতপ্রেমকে বাঁচিয়ে রেখেছেন শীলা।
Source: bengali.news18.com


