Hyderabad: জোড়া বিস্ফোরণ, ২৬\১১-র ধাঁচে হামলার হুশিয়ারি হায়দরাবাদে! লতিফ ভাটের হত্যার প্রতিশোধ নিতে হুমকি চিঠি লস্কর-ই-তইবার, সতর্কতা জারি

হোম

Hyderabad: লস্কর-ই-তইবার নাম করে হায়দরাবাদে ২৬/১১-র ধাঁচে জঙ্গি হামলার হুমকি! কাচিগুড়ার হোটেল ও রেলস্টেশনে জোড়া বিস্ফোরণের হুঁশিয়ারি। অন্তত ৩০০ জনকে হত্যার হুমকির পরেই শহরজুড়ে হাই অ্যালার্ট জারি, নিরাপত্তা জোরদার করল পুলিশ।

হায়দরাবাদ:  লস্কর-ই-তইবার (LeT) নাম করে জঙ্গি হামলার হুমকি! হায়দরাবাদের শহরের দু’টি জায়গায় জোড়া বিস্ফোরণ ঘটনো হবে, পাশপাশি, ২৬/১১-র ধাঁচে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই হুমকির পরেই হায়দরাবাদ জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে।
হায়দরাবাদের শীর্ষ পুলিশ আধিকারিকদের উদ্দেশে পাঠানো একটি চিঠিতে জয়েন্ট কমিশনার অফ পুলিশ (স্পেশ্যাল ব্রাঞ্চ), হায়দরাবাদ সিটি জানিয়েছেন, ‘Lashkar-E-Taiba’ শিরোনামে একটি ইমেল পেয়েছেন তাঁরা। ইমেলের প্রেরক নিজেকে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সদস্য বলে দাবি করেছে। সেই ইমেলেই কাচিগুড়ার হোটেল ট্যুরিস্ট প্লাজা এবং কাচিগুড়া রেলওয়ে স্টেশনে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে।
হায়দরাবাদে জোড়া বিস্ফোরণের হুমকি
অভিযোগ, ওই ইমেলে অন্তত ৩০০ জনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ২০০৮ সালের মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার ধাঁচে আক্রমণ চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

হুমকি ইমেলে দাবি করা হয়েছে, লস্কর-ই-তইবার জঙ্গি লতিফ ভাট এবং তার সহযোগীদের ভারতীয় সেনার হাতে মৃত্যুর প্রতিশোধ নিতেই এই হামলার পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য, দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা লস্কর জঙ্গি লতিফ ভাট গত ১৮ নভেম্বর কুলগামের জঙ্গলপোরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়।
পুলিশের তরফে জানানো হয়েছে, হোটেল এবং রেলওয়ে স্টেশনে হামলার হুমকিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তার কথা মাথায় রেখে ওই দুই জায়গায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনবহুল এলাকা, হোটেল, রেলস্টেশন, বাস টার্মিনাল, ধর্মীয় স্থান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামোতেও বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা জোরদারের নির্দেশ জয়েন্ট সিপি-র
চিঠিতে বলা হয়েছে, “তাই হোটেল ট্যুরিস্ট প্লাজা, কাচিগুড়া এবং হায়দরাবাদের কাচিগুড়া রেলওয়ে স্টেশনে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একইসঙ্গে জনবহুল এলাকা, হোটেল, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, ধর্মীয় স্থান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামোর নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।”
সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি, পরিত্যক্ত বস্তু, অচেনা গাড়ি এবং অস্বাভাবিক কার্যকলাপের উপর বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি টহলদারি বাড়ানো, নাশকতা-বিরোধী তল্লাশি চালানো এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রাখার কথাও বলা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, “সন্দেহজনক ব্যক্তি, পরিত্যক্ত বস্তু, যানবাহন এবং অস্বাভাবিক কার্যকলাপের উপর বিশেষ নজর রাখতে হবে। পর্যাপ্ত টহলদারি, নাশকতা-বিরোধী তল্লাশি এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে সমন্বয় নিশ্চিত করতে হবে।”
হুমকি ইমেল পাওয়ার পরই হায়দরাবাদ শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করেছে পুলিশ। সন্দেহজনক জায়গাগুলিতে নাশকতা-বিরোধী তল্লাশি চালানো হয়েছে। অন্যদিকে, ইমেলের প্রেরককে চিহ্নিত করতে তদন্তে নেমেছে সাইবার ক্রাইম বিভাগ।

সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার পাশাপাশি কোনওরকম গুজব ছড়ানো থেকেও বিরত থাকার আবেদন জানিয়েছে পুলিশ। কোথাও সন্দেহজনক ব্যক্তি বা পরিত্যক্ত কোনও বস্তু নজরে এলে ১১২ নম্বরে ফোন করে জানানোর অনুরোধ করা হয়েছে।

এ প্রসঙ্গে হায়দরাবাদের পুলিশ কমিশনার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “হায়দরাবাদের কয়েকটি জায়গায় সম্ভাব্য বোমা হামলার হুমকি দিয়ে একটি ভীতিপ্রদ ইমেল পাওয়ার পরই হায়দরাবাদ সিটি পুলিশ সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সন্দেহজনক জায়গাগুলিতে নাশকতা-বিরোধী তল্লাশি চালানো হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়ানো হয়েছে। হুমকিমূলক ইমেলের পিছনে থাকা ব্যক্তিদের শনাক্ত ও খুঁজে বের করতে সাইবার ক্রাইম পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।” এই হুমকি ইমেলকে কেন্দ্র করে তদন্তের অগ্রগতি নিয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে পুলিশ।

 

Source: bengali.news18.com


Related News