Indian Navy: ১৮ দিনে দ্বিতীয় ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধজাহাজ পেল ভারতীয় নৌবাহিনী, উপকূলীয় সুরক্ষায় আরও শক্তিশালী ‘আশঙ্ক’
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সোমবার বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনীর হাতে যুদ্ধজাহাজটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। নৌবাহিনীর পক্ষ থেকে জাহাজটি গ্রহণ করেন রিয়ার অ্যাডমিরাল গৌতম মারওয়াহা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কলকাতার GRSE-তে তৈরি হয়েছে এই যুদ্ধজাহাজ।
ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে সামুদ্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌবাহিনী। এবার নৌবাহিনীর হাতে এল অত্যাধুনিক ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধজাহাজ ‘আশঙ্ক’ (Ashank)। মাত্র ১৮ দিনের ব্যবধানে দ্বিতীয় অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট বা ASW-SWC পেল ভারত। এর আগে গত ৫ নভেম্বর নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল ‘আমিনি’। এবার ২৩ নভেম্বর দ্বিতীয় যুদ্ধজাহাজ ‘আশঙ্ক’ হস্তান্তর করল কলকাতার প্রতিরক্ষা রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)। উপকূলবর্তী এলাকায় শত্রুপক্ষের ডুবোজাহাজের গতিবিধি শনাক্ত করা এবং প্রয়োজনে সেগুলিকে প্রতিহত করার ক্ষেত্রে ভারতীয় নৌবাহিনীর শক্তি অনেকটাই বাড়াবে এই যুদ্ধজাহাজ।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সোমবার বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনীর হাতে যুদ্ধজাহাজটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। নৌবাহিনীর পক্ষ থেকে জাহাজটি গ্রহণ করেন রিয়ার অ্যাডমিরাল গৌতম মারওয়াহা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কলকাতার GRSE-তে তৈরি হয়েছে এই যুদ্ধজাহাজ। এর নাম ‘আশঙ্ক’, যার অর্থ নির্ভীক বা ভয়হীন। দেশের সামুদ্রিক সীমানা সুরক্ষায় যুদ্ধজাহাজটির ভূমিকার কথা মাথায় রেখেই এমন নামকরণ বলে মনে করা হচ্ছে।
কী বিশেষত্ব রয়েছে এই যুদ্ধজাহাজের? আধুনিক সোনার প্রযুক্তির সাহায্যে জলের তলায় থাকা শত্রুপক্ষের ডুবোজাহাজের অবস্থান শনাক্ত করতে পারবে ‘আশঙ্ক’। শুধু শনাক্ত করাই নয়, প্রয়োজনে সেগুলিকে আক্রমণ করার জন্য রয়েছে অত্যাধুনিক লাইটওয়েট টর্পেডো এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি রকেট লঞ্চার। পাশাপাশি উপকূলীয় নজরদারি এবং মাইন সংক্রান্ত অভিযানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে এই যুদ্ধজাহাজ। বিশেষ করে অগভীর সমুদ্র এবং উপকূলবর্তী সংকীর্ণ জলপথে অভিযান চালানোর উপযোগী করে তৈরি করা হয়েছে এটিকে।
এই শ্রেণির যুদ্ধজাহাজের অন্যতম বিশেষত্ব হল ওয়াটারজেট প্রযুক্তি। এর ফলে অগভীর জলেও দ্রুত ও কার্যকরভাবে চলাচল করতে পারবে জাহাজগুলি। ভারতের সমুদ্রবন্দর, গুরুত্বপূর্ণ নৌঘাঁটি এবং উপকূলীয় পরিকাঠামোর নিরাপত্তার ক্ষেত্রে এই ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রুপক্ষের ডুবোজাহাজ উপকূলের কাছাকাছি পৌঁছে গেলে তা শনাক্ত করে দ্রুত প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর হবে এই যুদ্ধজাহাজ।
‘আশঙ্ক’-এর আরও একটি বড় দিক হল আত্মনির্ভর প্রতিরক্ষা উৎপাদন। জাহাজটির প্রায় ৮৮ শতাংশ উপকরণ ও প্রযুক্তি দেশীয়। এর সঙ্গে রয়েছে GRSE-তে তৈরি ৩০ মিলিমিটার নেভাল সারফেস গান। অর্থাৎ বিদেশি প্রযুক্তি ও আমদানির উপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্রতিরক্ষা শিল্পের উপর ভরসা বাড়াচ্ছে ভারত।
উল্লেখযোগ্য বিষয়, ‘আশঙ্ক’ হস্তান্তরের মধ্য দিয়ে GRSE-র তৈরি যুদ্ধজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২০। এর মধ্যে ৮২টি যুদ্ধজাহাজ ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে কলকাতার এই সংস্থা। বর্তমানে নৌবাহিনীর জন্য আরও ১২টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের কাজ চলছে সেখানে।
ভারতের নৌ-শক্তি বৃদ্ধির এই ধারাবাহিকতা কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগর—সর্বত্র সামুদ্রিক বাণিজ্যপথ এবং উপকূলীয় নিরাপত্তা রক্ষায় ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধজাহাজের প্রয়োজনীয়তা বাড়ছে। সেই পরিস্থিতিতে মাত্র ১৮ দিনের ব্যবধানে ‘আমিনি’ ও ‘আশঙ্ক’-এর অন্তর্ভুক্তি ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে নিঃসন্দেহে বড় পদক্ষেপ।
Source: www.hindustantimes.com


