CJP's Saurav Das: অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার কথা ছিল, লন্ডন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরেই তাঁকে বাধা দেওয়া হয়েছে! অভিযোগ ককরোচ নেতা সৌরভের
CJP's Saurav Das: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে লন্ডন যাওয়ার কথা ছিল CJP নেতা সৌরভ দাসের। কিন্তু দিল্লি বিমানবন্দরে তাঁকে লন্ডনগামী বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ।
নয়াদিল্লি: লন্ডনগামী বিমানে উঠতে বাধা দেওয়ার অভিযোগ তুললেন Cockroach Janta Party (CJP)-র নেতা সৌরভ দাস। সোমবার দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু নরেন্দ্র মোদি সরকার তাঁকে ব্রিটেনে যেতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন সৌরভ।
সোমবার গভীর রাতে সমাজমাধ্যম X-এ একটি পোস্ট করে এই অভিযোগ করেন তিনি। সেখানে লেখেন, “অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে লন্ডনে যাওয়ার জন্য দিল্লি বিমানবন্দরে পৌঁছেছিলাম। কিন্তু এই কাপুরুষ মোদি সরকার আমাকে বিমানে উঠতে বাধা দিয়েছে।”
পরবর্তী একটি ভিডিও বার্তাতেও একই অভিযোগ করেন সৌরভ। তাঁর দাবি, অক্সফোর্ড, কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স (LSE) এবং এডিনবরা-সহ একাধিক বিশ্ববিদ্যালয় থেকে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। সেখানে Cockroach Movement নিয়ে বক্তব্য রাখার কথা ছিল তাঁর।
সৌরভের অভিযোগ, ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে তাঁর বক্তব্য রাখা নিয়ে অস্বস্তিতে ছিল সরকার। সেই কারণেই তাঁর ব্রিটেন সফর আটকে দেওয়া হয়েছে।
ভিডিও বার্তায় তিনি বলেন, “এই কাপুরুষ সরকার আমাকে লন্ডনগামী বিমানে উঠতে দেয়নি।” তাঁর আরও দাবি, এই অনুষ্ঠানগুলির আয়োজন করার জন্য ভারতীয় পড়ুয়ারা অনেক পরিশ্রম করেছিলেন। কিন্তু সরকারের এই পদক্ষেপে তাঁদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
সৌরভের কথায়, “ভারতীয় পড়ুয়ারা অনুষ্ঠানগুলি আয়োজন করার জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছিলেন। কিন্তু এই বুদ্ধিবিরোধী সরকার ভয় পেয়েছে যে, আমি কীভাবে এত নামী প্রতিষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পেলাম!”
সৌরভের পাশে CJP-র প্রতিষ্ঠাতা
দলের সহকর্মীর পাশে দাঁড়িয়েছেন Cockroach Janta Party-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সৌরভের পোস্টটি শেয়ার করে তিনিও কটাক্ষ করেছেন সরকারকে।
তিনি লেখেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি সম্মেলনে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন সৌরভ। তাঁর এই আমন্ত্রণে ক্ষমতাসীন কোনও ব্যক্তি অসন্তুষ্ট হয়েছেন বলেও ইঙ্গিত করেন তিনি
তবে সৌরভ দাসের এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ঠিক কী কারণে তাঁকে লন্ডনগামী বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
Source: bengali.news18.com


