EPFO Update : UPI-র মাধ্যমে এবার দ্রুত তুলতে পারবেন PF-এর টাকা ! ডিসেম্বর থেকে মিলবে এই অপশন
EPFO সদস্যদের জন্য বড় খবর! ডিসেম্বর ২০২৬ থেকে UPI-এর মাধ্যমে PF-এর টাকা দ্রুত তোলার সুবিধা চালু হতে পারে। UAN ও UPI লিঙ্ক, টাকা তোলার সীমা এবং কারা এই সুবিধা পাবেন, জেনে নিন।
পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য শীঘ্রই আসতে চলেছে সুখবর ৷ এবার PF অ্যাকাউন্ট থেকে UPI-এর মাধ্যমে টাকা তোলার সুবিধা পাবেন অ্যাকাউন্ট হোল্ডাররা ৷ জানা গিয়েছে, ডিসেম্বর ২০২৬ থেকে চালু হতে পারে এই পরিষেবা ৷ ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী, এই পরিষেবা চালুর জন্য সমস্ত প্রযুক্তিগত ট্রায়াল ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। ট্রায়ালের সময় যে সমস্যাগুলি দেখা গিয়েছিল, সেগুলিও সমাধান করা হয়েছে।
নতুন ব্যবস্থায় EPFO সদস্যরা BHIM অ্যাপে দেখতে পারবেন, তাঁদের PF অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যেতে পারে। টাকা তোলার পর একই অ্যাপের মাধ্যমে PF অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে, সেটিও দেখা যাবে।
PF অ্যাকাউন্ট হোল্ডারদের Universal Account Number UPI ID-এর সঙ্গে যুক্ত করা হবে। এই পরিষেবার সুবিধা শুধুমাত্র সেই সদস্যরা নিতে পারবেন, যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট EPFO-এর রেকর্ডে ভেরিফায়েড এবং লিঙ্ক করা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, মোট EPF ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা UPI-এর মাধ্যমে তোলা যেতে পারে। তবে এখনও EPFO-এর পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
১৯ নভেম্বর অনুষ্ঠিত EPFO-এর বোর্ড বৈঠকে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার সীমা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে সদস্যদের আংশিক টাকা তোলার সীমা ৭৫ শতাংশ থেকে বেড়ে ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে।
আংশিক টাকা তোলার নিয়ম সহজ করেছে EPFO-
গ্রাহকদের সুবিধার জন্য EPFO আংশিক টাকা তোলার পুরনো ১৩টি নিয়মকে সরল করে তিনটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করেছে—‘জরুরি প্রয়োজন’, ‘বাড়ি সংক্রান্ত প্রয়োজন’ এবং ‘বিশেষ পরিস্থিতি’।
নতুন নিয়মে শিক্ষার জন্য ১০ বার এবং বিয়ের জন্য ৫ বার PF থেকে টাকা তোলা যাবে। আগে এই দুই ক্ষেত্রে সর্বোচ্চ ৩ বার করে টাকা তোলার সুযোগ ছিল।
আংশিক টাকা তোলার জন্য ন্যূনতম চাকরির মেয়াদ ১২ মাস নির্ধারণ করা হয়েছে। এছাড়া অ্যাডভান্স ক্লেমের অটো-সেটেলমেন্টের সীমা ৫ লাখ টাকা করা হয়েছে।
Source: bengali.news18.com


