Bank Account New Rules: ব্যাঙ্ক গ্রাহকদের জন্য নতুন নিয়মের প্রস্তাব RBI-র ! থাকবে ‘অন অফ স্যুইচ’
Bank Account New Rules: ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় খবর! অ্যাকাউন্ট থেকে ডিজিটাল পেমেন্ট আরও নিরাপদ করতে ‘অন-অফ সুইচ’ ও ‘স্টপ সুইচ’-এর মতো নতুন সুবিধার প্রস্তাব করেছে RBI। কীভাবে কাজ করবে এই ব্যবস্থা, জেনে নিন।
আপনার কি সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্টে রয়েছে ? তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরও সুরক্ষিত ও নিরাপদ রাখার উদ্দেশ্যে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন ড্রাফ্ট গাইডলাইন্স জারি করেছে ৷ এর জেরে এবার থেকে গ্রাহকরা ডিজিটাল পেমেন্ট চ্যানেল অন-অফ করতে পারবেন ৷ পাশাপাশি লেনদেনের সীমাও ঠিক করারও সুবিধা পাবেন ৷ বেশির ভাগ নিয়ম ১ জুলাই ২০২৭ থেকে জারি করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এর মূল লক্ষ্য হচ্ছে গ্রাহকদের অনুমতি ছাড়া লেনদেনের রিস্ক কমানো ৷
এই প্রস্তাব কার্যকর হলে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী এই পরিষেবাগুলি চালু বা বন্ধ করতে পারবেন। কেউ যদি ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার না করেন, তাহলে সেটি বন্ধ রাখতে পারবেন। প্রয়োজন হলে ব্যাঙ্কের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করে ফের পরিষেবা চালু করা যাবে।
কোনও পেমেন্ট চ্যানেল বন্ধ থাকলে সেই পদ্ধতিতে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কোনও পেমেন্ট করা যাবে না। গ্রাহক চাইলে নির্দিষ্ট সময়ের জন্যও কোনও চ্যানেল বন্ধ রাখার বিকল্প বেছে নিতে পারবেন। বর্তমানে একাধিক বেসরকারি ব্যাঙ্কে এই ধরনের সুবিধা চালু রয়েছে। ব্যাঙ্কের অ্যাপের মাধ্যমে গ্রাহক নিজের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট লেনদেনের চ্যানেল বন্ধ করতে পারেন।
গ্রাহকরা নিজেদের লেনদেনের সীমা ঠিক করতে পারবেন ৷ গ্রাহকরা ঠিক করতে পারবেন একদিনে সর্বোচ্চ কত টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে লেনদেন করা যাবে ৷ নতুন গাইডলাইন্সে ‘স্টপ সুইচ’-এর সুবিধা পাবেন গ্রাহকরা ৷ এর জেরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ভবিষ্যতে গ্রাহকের নিজে শুরু করা পেমেন্ট বন্ধ করার জন্য একটি বোতামের মতো সুবিধা পাবেন। গ্রাহকের মনে হলে অ্যাকাউন্ট থেকে ভুল বা অননুমোদিত পেমেন্ট হয়ে যেতে পারে, তাহলে এই সুবিধা চালু করে দ্রুত সেই ধরনের লেনদেন বন্ধ করা যাবে।
‘স্টপ সুইচ’ চালু থাকলে ওই ধরনের কোনও পেমেন্ট করা যাবে না। এমনকি নতুন পেমেন্ট ম্যান্ডেট বা স্থায়ী পেমেন্ট নির্দেশ তৈরি করা যাবে না। পাশাপাশি, গ্রাহক নিজের অ্যাকাউন্ট কোনও নতুন পেমেন্ট অ্যাপে UPI-এর জন্য রেজিস্টারও করতে পারবেন না। এই সুবিধা ফের চালু করতে হলে ব্যাঙ্কের নির্ধারিত পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
প্রস্তাব অনুযায়ী, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পর শুরুতে ডিজিটাল পেমেন্ট চ্যানেলগুলি বন্ধ থাকবে। গ্রাহকের স্পষ্ট সম্মতি এবং পরিচয় যাচাই সম্পূর্ণ হওয়ার পরেই ব্যাঙ্ক এই পরিষেবাগুলি চালু করবে।
নতুন ডেবিট, ক্রেডিট এবং প্রিপেড কার্ড ভারতে ATM এবং দোকানের কার্ড মেশিনে ব্যবহারের জন্য চালু থাকবে। তবে শুরুতে অনলাইন পেমেন্ট, কার্ড ব্যবহার না করে বা স্পর্শহীন পেমেন্ট এবং বিদেশে কার্ড ব্যবহার বন্ধ থাকবে।
বড় অঙ্কের পেমেন্টের জন্য একজন ভরসা যোগ্য ব্যক্তির অনুমোদন লাগবে ৷ এর কাজ শুধু বড় অঙ্কের লেনদেন অনুমোদন করা বা আটকে দেওয়া হবে। তিনি গ্রাহকের অ্যাকাউন্ট নিজে পরিচালনা করতে পারবেন না। অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, ফিক্সড ডিপোজিট, বিনিয়োগ বা বিমা সংক্রান্ত তথ্যও তাঁর কাছে থাকবে না।
এই বিশ্বস্ত ব্যক্তি গ্রাহকের অ্যাকাউন্টের যৌথ মালিক, নমিনি বা অনুমোদিত স্বাক্ষরকারীও হতে পারবেন না। এছাড়াও, তাঁর মোবাইল নম্বর গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নথিভুক্ত মোবাইল নম্বরের থেকে আলাদা হতে হবে।
Source: bengali.news18.com


