হিন্দি ছবির দাপটে এক সপ্তাহেই হল থেকে সরানো হচ্ছে হিট ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’? ক্ষুব্ধ পরিচালক-অভিনেতারা
সাড়া ফেলেছে সব্যসাচী চৌধুরী অভিনীত ‘সাধক বামাক্ষ্যাপা’। চোখে জল নিয়ে প্রেক্ষাগৃহ থেকে বেরোচ্ছেন দর্শক। কিন্তু তার পরেও ছবিটির প্রদর্শন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। এর নেপথ্যে কী কারণ?
ঈরণ রায় বর্মন, কলকাতা: ২০ নভেম্বর মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। প্রথা ভেঙে বীরভূমের বোলপুরে ‘গীতাঞ্জলি’ প্রেক্ষাগৃহে এই ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচী চৌধুরীর অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। পর্দায় মা তারার ভূমিকায় পায়েলের অভিনয়ও প্রশংসিত হয়েছে। দর্শকদের পাশাপাশি ইন্ডাস্ট্রির বিশিষ্টজনদের কাছ থেকেও মিলেছে ইতিবাচক প্রতিক্রিয়া। কিন্তু মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই সিনেমা হল সমস্যার মুখে ‘সাধক বামাক্ষ্যাপা’। আগামী সপ্তাহে একাধিক প্রেক্ষাগৃহ থেকে ছবিটি সরিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ, হিন্দি ছবি মুক্তির জেরে পর্যাপ্ত হল পাচ্ছে না বাংলা ছবিটি।
এই পরিস্থিতিতে সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন পরিচালক সায়ন্তন ঘোষাল। উপস্থিত ছিলেন ছবির অভিনেতা সব্যসাচী চৌধুরী ও সাহেব চট্টোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে হতাশা প্রকাশ করে পরিচালক বলেন, দর্শক হলে গিয়ে কাঁদছেন, ছবির প্রশংসা করছেন। হাউস ফুল হচ্ছে। এত ভালো প্রতিক্রিয়া পাওয়ার পরেও কেন ছবি দেখানোর জন্য হল পাওয়া যাচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, ‘রামায়ণ পার্ট ১’ মুক্তির সময়ও একই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল তাঁদের। কালীপুজোয় ‘সাধক বামাক্ষ্যাপা’ মুক্তির পরিকল্পনা থাকলেও হল সমস্যার কারণে পিছিয়ে দিতে বাধ্য হন নির্মাতারা। তখনও তাঁদের উপর চাপ তৈরি করা হয়েছিল বলে দাবি পরিচালকের।
অন্যদিকে, সব্যসাচী চৌধুরীর কথায়, ৯.৮ রেটিং পাওয়ার পরেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে, তা তাঁর অভিজ্ঞতায় নজিরবিহীন। দর্শক নিজেরাই বুকিং অ্যাপে ছবির রেটিং দিচ্ছেন। কাউকে জোর করে রেটিং দিতে বলা হয়নি বলেও স্পষ্ট করেন অভিনেতা। তাঁর কথায়, বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয়ের জন্য গত দু’বছরের যাত্রা মোটেও সহজ ছিল না।
উল্লেখ্য, নভেম্বরের শুরুতে কালীপুজো উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল ‘সাধক বামাক্ষ্যাপা’র। কিন্তু ‘রামায়ণ পার্ট ১’-এর মুক্তির কারণে সেই সময়েও হল সমস্যায় পড়ে ছবির মুক্তি পিছিয়ে দিতে হয়। এবার মুক্তির পরেও একই সমস্যার মুখে পড়ায় টলিউডে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
এবার অভিযোগ, আগামী সপ্তাহে ‘ইয়ে প্রেম মোল লিয়া’ নামে একটি হিন্দি ছবি মুক্তি পাচ্ছে। সেই ছবির জন্যই প্রেক্ষাগৃহে ‘সাধক বামাক্ষ্যাপা’-র শোয়ের সংখ্যা কমতে পারে বলে প্রদর্শকদের তরফে জানানো হয়েছে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ছবির প্রযোজনা সংস্থা এসভিএফ। সংস্থার অভিযোগ, বারবার একই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে বাংলা ছবিকে। হিন্দি ছবির সঙ্গে প্রতিযোগিতায় নামতে গিয়ে বাংলা ছবিকে প্রতিনিয়ত হল পাওয়ার পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। তাই এবার আর শো কমিয়ে নয়, প্রেক্ষাগৃহ থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা।
অন্যদিকে এই আবহের মধ্যেই মঙ্গলবার নবান্নে বাংলা চলচ্চিত্রের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে মঙ্গলবার বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। টলিউডের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়-সহ অনেকেই এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে খবর। এমনকি, বাংলা চলচ্চিত্র জগতের প্রযোজকদেরও এই বৈঠকে থাকতে বলা হয়েছে। এখন দেখার এই বৈঠকে সাধক বামাক্ষ্যাপা সিনেমার দ্বিতীয় সপ্তাহে হল পাওয়া নিয়ে যে সমস্যা হয়েছে তা নিয়ে আলোচনা হয় কিনা।
বাংলা ছবির হল সমস্যা নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টলিউডের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের ওই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এবার সেই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে বাংলা চলচ্চিত্র জগৎ।
Source: bengali.news18.com


