ইউটিউব কনসার্টের ভিডিওতে হিজাব ছাড়া গান গাওয়ায় কঠোর শাস্তি! ইরানে গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত

আন্তর্জাতিক

২৯ বছর বয়সি এই গায়িকাকে গত জুন মাসে ৭৪ বার বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছিল। তাঁর সঙ্গে চারজন সঙ্গীতশিল্পী এবং তাঁর প্রযোজনা দলের চার সদস্যকেও সাজা দেওয়া হয়েছিল।

তেহরান: ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিজাব না পরে একটি রেকর্ড করা কনসার্টের ভিডিওতে গান পরিবেশন করার ঘটনায় ইরানের কর্তৃপক্ষ গায়িকা পারাস্তু আহমাদি (Parastoo Ahmadi) এবং তাঁর দলের চার সদস্যকে ৭৪ বার বেত্রাঘাত (Sentenced to 74 lashes) করেছে।
২৯ বছর বয়সি এই গায়িকাকে গত জুন মাসে ৭৪ বার বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছিল। তাঁর সঙ্গে চারজন সঙ্গীতশিল্পী এবং তাঁর প্রযোজনা দলের চার সদস্যকেও সাজা দেওয়া হয়। সোমবার তাঁর আইনজীবী মোস্তফা নিলি নিশ্চিত করেছেন যে, সেই শাস্তি কার্যকর করা হয়েছে।
সংবাদ সংস্থা আইএসএনএ-র প্রতিবেদন অনুযায়ী, নিলি বলেন, “পারাস্তু আহমাদি এবং তাঁর কনসার্টের ভিডিওর পিছনে থাকা প্রযোজনা দলের চার সদস্যের উপর আরোপিত ৭৪ বার বেত্রাঘাতের সাজা আজ (সোমবার) কার্যকর করা হয়েছে।” সংস্কারপন্থী সংবাদপত্র শরগও এই ঘটনার খবর প্রকাশ করেছে।

ইউটিউবে ভাইরাল কনসার্টের ভিডিও ঘিরেই আইনি পদক্ষেপ:
২০২৪ সালের ডিসেম্বর মাসে ইউটিউবে আপলোড করা ওই ভিডিওতে দেখা যায়, একটি ঐতিহ্যবাহী ক্যারাভানসেরাই কমপ্লেক্সের মৃদু আলোয় আলোকিত মঞ্চে দর্শকশূন্য পরিবেশে গান গাইছেন আহমাদি।

তাঁর পরনে ছিল লম্বা স্ট্র্যাপযুক্ত গাউন এবং মাথায় কোনও হিজাব ছিল না। ইরানের কঠোর নিয়ম অনুযায়ী, প্রকাশ্যে মহিলাদের চুল ঢেকে রাখা বাধ্যতামূলক। সেই নিয়ম লঙ্ঘন করেই তিনি গান পরিবেশন করেছিলেন। দেশের বিধিনিষেধ অনুযায়ী, প্রকাশ্যে মহিলাদের গান গাওয়াও নিষিদ্ধ।
কালো পোশাক পরা কয়েকজন সঙ্গীতশিল্পীদের সঙ্গে আহমাদির এই পরিবেশনার ভিডিওটি অনলাইনে লক্ষ লক্ষ বার দেখা হয়।

আহমাদি এবং তাঁর দলের সদস্যদের বিরুদ্ধে ‘জনসাধারণের শালীনতায় আঘাত’ এবং ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ বিষয়বস্তু তৈরি, সম্প্রচার, প্রচার ও প্রকাশের কাজে সহযোগিতা করার’ অভিযোগ আনা হয়েছিল।
সাজা প্রত্যাহারের জন্য ইরানকে আহ্বান জানিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:

গত অক্টোবর মাসে আপিলের শুনানিতে বেত্রাঘাতের সাজা বহাল রাখার প্রতিবাদ জানিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাশাপাশি, এই সাজা কার্যকর করার পরিকল্পনা পরিত্যাগ করার জন্য ইরানের কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।

গত জুন মাসে একই সাজা পাওয়া অন্য চারজনের ক্ষেত্রে কী পদক্ষেপ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
ইরানের কঠোর পোশাকবিধির বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রতিবাদের মধ্যেই এই শাস্তির ঘটনা সামনে এসেছে। বর্তমানে ক্রমশ বেশি সংখ্যক মহিলাকে প্রকাশ্যে হিজাব ছাড়া দেখা যাচ্ছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর এই প্রবণতা আরও গতি পায়। দেশের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে মাহসা আমিনিকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল।

 

Source: bengali.news18.com


Related News