Priyanka Gandhi: সঞ্জয় গান্ধিকে নিয়ে কথা...শুনেই সহপাঠীকে সপাটে চড়! স্কুলের সেই ঘটনা, মা-দাদার সামনে বললেন প্রিয়ঙ্কা
Priyanka Gandhi: ১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসে ‘কিসসা কুর্সি কা’ মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন সঞ্জয় গান্ধি। তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। যদিও পরে আপিলের শুনানি চলাকালীন সেই সাজা স্থগিত রাখা হয়েছিল।
নয়াদিল্লি: নিজের স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ এ সঞ্জয় গান্ধি ও তাঁর স্ত্রী মানেকা গান্ধিকে নিয়ে নানা অজানা কথা লিখেছেন সনিয়া গান্ধি৷ সম্প্রতি, সেই বই সংক্রান্ত আরও একটি খোলামেলা ‘আড্ডা’র ভিডিও প্রকাশ করা হয়েছে সোশাল মিডিয়ায়৷ সেখানে মা সনিয়া এবং রাহুল-প্রিয়ঙ্কা তিনজনেই আরও নানা কথা আড্ডার ছলে শেয়ার করেছেন৷ ‘What Ma Left Out of Her Book’ শিরোনামের ২৩ মিনিটের এই ভিডিওটি রাহুল গান্ধির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। সেখানে ১৯৭৭ সালে প্রিয়ঙ্কার ঠাকুমা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্বাচনে পরাজয়ের পর গান্ধি পরিবারে তৈরি হওয়া ‘টানাপোড়েন’-এর স্মৃতিচারণ করেছেন প্রিয়ঙ্কা।
মঙ্গলবার এক খোলামেলা কথোপকথনে নিজের মা তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধি এবং ভাই তথা রায়বেরেলির লোকসভা সাংসদ রাহুল গান্ধীর সামনে শৈশবের একটি ঘটনা তুলে ধরেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি। জানান, একবার তাঁর কাকা সঞ্জয় গান্ধিকে ‘চোর’ বলায় এক সহপাঠীকে চড় মেরেছিলেন তিনি
প্রিয়াঙ্কা বলেন, “এমারজেন্সির পরে যখন দাদি (ইন্দিরা গান্ধি) নির্বাচনে হেরে গেলেন, তখন আমরা অন্য একটা বাড়িতে চলে গিয়েছিলাম। সেই সময় চারপাশে একটা চাপা উত্তেজনা ও অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছিল।”
উল্লেখ্য, ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধি পরাজিত হয়েছিলেন। তাঁর রাজনৈতিক জীবনে সেটিই ছিল একমাত্র নির্বাচনী পরাজয়।
শৈশবের একটি ঘটনার কথা স্মরণ করে প্রিয়াঙ্কা বলেন, “আমার মনে আছে, এক ছোট ছেলে এসে আমাকে বলেছিল, ‘তোমার কাকা জেলে রয়েছে, তোমার কাকা চোর।’ আমি তাকে সপাটে একটা চড় মেরেছিলাম। তারপর সে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর আমরা শিক্ষকের কাছে যাই এবং আমাকে বকুনি খেতে হয়।”
কেন জেলে যেতে হয়েছিল সঞ্জয় গান্ধিকে?
জরুরি অবস্থার পর ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সঞ্জয় গান্ধিকে জেলে যেতে হয়েছিল। বিশেষ করে ‘কিসসা কুর্সি কা’ মামলায় তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে।
অভিযোগ ছিল, তৎকালীন তথ্য ও সম্প্রচারমন্ত্রী বিদ্যাচরণ শুক্লের সঙ্গে ষড়যন্ত্র করে ইন্দিরা গান্ধি সরকারের সমালোচনামূলক একটি রাজনৈতিক ব্যঙ্গচিত্রের মূল প্রিন্ট নষ্ট করে দিয়েছিলেন সঞ্জয় গান্ধি।
অভিযোগ অনুযায়ী, ১৯৭৫ সালে ছবিটির প্রদর্শন বন্ধ করতে গুরুগ্রামের মারুতি কারখানায় ছবির রিলগুলি নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল।
জরুরি অবস্থার অবসান এবং ১৯৭৭ সালে জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর এই ঘটনার তদন্ত শুরু হয়। এর জেরে সঞ্জয় গান্ধি ও বিদ্যাচরণ শুক্লের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়।
এ ছাড়াও, মামলার সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগে ১৯৭৮ সালে সুপ্রিম কোর্ট তাঁর জামিন বাতিল করে দিলে ফের জেলে যেতে হয় সঞ্জয় গান্ধিকে।
স্কুলে প্রিয়াঙ্কার চেয়ে বেশি ‘বিদ্রোহী’ ছিলেন রাহুল
ভিডিওয় প্রিয়াঙ্কা গান্ধির মুখে শৈশবের এই ঘটনার কথা শোনার পর রাহুল গান্ধি জানান, স্কুলজীবনে তিনি বোনের তুলনায় অনেক বেশি বিদ্রোহী স্বভাবের ছিলেন।
রাহুল বলেন, “স্কুলে আমার আর আমার বোনের মধ্যে একটা পার্থক্য ছিল। কারণ ও আমার মতো বিদ্রোহী ছিল না।”
এ প্রসঙ্গে তিনি জানান, প্রিয়াঙ্কা স্কুলে ‘প্রিফেক্ট’ বা ছাত্রনেত্রীর দায়িত্বে ছিলেন।
Source: bengali.news18.com


