বিনা চিকিৎসায় মায়ের মৃত্যু দেখে ডাক্তার হওয়ার প্রতিজ্ঞা! খ্যাতির শীর্ষে উঠেও কেন শেষে সর্বস্বান্ত হন ধন্বন্তরি ডাঃ নীলরতন সরকার?

জীবনধারা

Sir Nilratan Sircar: চরম অভাবের সঙ্গে যুঝে পৌঁছেছিলেন খ্যাতির শীর্ষে। একইসঙ্গে ছিলেন ধনী ও দরিদ্রদের ধন্বন্তরি। জীবনভর অভাবীদের পরিষেবা দিয়েছিলেন নিখরচায়। খ্যাতি ও বিত্তের শীর্ষে পৌঁছেও সর্বস্বান্ত হয়েছিলেন চিকিৎসক স্য়র নীলরতন সরকার৷ বিস্মিত করে তাঁর মহাজীবন৷

আট ভাইবোন, বাবা মায়ের সংসারে অভাব আর অসুস্থতা দুই-ই ছিল জাঁকিয়ে৷ তার উপর ১৮৬৮ সালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে ধ্বংস হল আজকের ডায়মন্ড হারবারের সেদিনের নেত্রা গ্রামে সরকার পরিবারের ভিটেমাটি৷ আদতে যশোর এবং পরে নেত্রা গ্রামের বাসিন্দা নন্দলাল কার্যত গৃহহীন হয়ে স্ত্রী-সন্তানাদি নিয়ে ঠাঁই নিলেন শ্বশুরবাড়ি জয়নগরে। তারও সাত বছর পর প্রায় বিনা চিকিৎসাতেই মৃত্যু হল স্ত্রী থাকোমণির৷ চোখের সামনে ধুঁকতে ধুঁকতে মায়ের প্রয়াণ তাড়া করে বেড়াত থাকোমণির চোদ্দ বছরের ছেলে নীলরতনকে৷ রোখ চেপে গিয়েছিল, তাঁকে একদিন জানতেই হবে কোন রোগ অকালে কেড়ে নিল মাকে৷
সেই ১৪ বছরের কিশোর স্বপ্ন দেখার সময়েই টের পেয়েছিল বাস্তব কত রুক্ষ৷ ১৮৭৬ সালে জয়নগর হাই স্কুল থেকে এন্ট্রান্স পাশ করলেন তিনি। তার পর বাবার সঙ্গে মাতৃহীন আট ভাইবোন জয়নগর ছেড়ে চলে এল কলকাতা৷ সংসারের হাল ধরতে শিক্ষকতা শুরু করলেন দাদা অবিনাশচন্দ্র৷ নীলরতন ভর্তি হলেন শিয়ালদহের ক্যাম্পবেল মেডিক্যাল স্কুলে (পরবর্তীতে এনআরএস)। মেধাবী হলেও শুধু লেখাপড়া নিয়ে থাকলে চলবে না-বুঝতে পেরেছিলেন তিনি৷ দাদার দায়িত্ব ভাগ করে নিতে নীলরতনও শিক্ষকতা, পরীক্ষার হলে পাহারা, জনগণনার কাজ করেছেন। প্রতিকূলতা পেরিয়ে ১৮৮১ সালে এলএমপি পাশ করলেন।

উত্তীর্ণ তো হলেন৷ কিন্তু ব্রিটিশ কলকাতায় নেটিভ ডাক্তারদের জন্য সন্মান তখনও অধরা৷ কারণ দেশীয় ছাত্রদের জন্য পঠনপাঠনের বন্দোবস্ত ছিল বাংলায়৷ এদিকে মেডিক্যালের বই সব ইংরেজিতে। তার তর্জমা ঠিকঠাক হত না। বাংলা ভাষায় ডাক্তারি পাশ করা নেটিভ ডাক্তারদের জন্য নির্ধারিত অ্যাসিস্ট্যান্ট সার্জনের চাকরি করতে মানে বাঁধল নীলরতনের৷ চলে গেলেন শিক্ষকতার পেশায়৷ মেট্রোপলিটন কলেজ থেকে ১৮৮৩ সালে এলএ এবং ১৮৮৫তে বিএ পাশ করেন। গ্রে স্ট্রিটে সরোজিনী নাইডুর বাবা অঘোরনাথ চট্টোপাধ্যায় স্থাপিত বিদ্যালয়ে কিছু দিন শিক্ষকতা করেন। সেই সময়ে তাঁর সহকর্মী ছিলেন নরেন্দ্রনাথ দত্ত। তখনও তিনি স্বামী বিবেকানন্দ রূপে উদ্ভাসিত হননি৷

আশৈশব সঙ্গী অভাব ও প্রতিকূলতা
শিক্ষকতার জীবন বেশি দিন ছিল না নীলরতন সরকারের জন্য৷ যাঁর গলায় থাকবে স্টেথোস্কোপ, তাঁর হাতে চক ডাস্টার বেশিদিন সইল না জীবনের চিত্রনাট্যে৷ ক্যাম্পবেল স্কুলের তৎকালীন সুপার ম্যাকেঞ্জি সাহেবের সুপারিশে ১৮৮৫ সালে ভর্তি হলেন বেঙ্গল মেডিক্যাল কলেজে, আজকের কলকাতা মেডিক্যাল কলেজ। তাঁর রেজ়াল্ট এত ভাল ছিল যে, পাঁচ বছরের ডাক্তারি কোর্সের সরাসরি থার্ড ইয়ারে ভর্তি হলেন। ‘গুড ইভ’ বৃত্তি-সহ ১৮৮৮তে এমবি পাশ করেন। এর পর ১৮৮৯ সালে একই সঙ্গে এমএ এবং এমডি-দু’টি পরীক্ষাতেই সসম্মান উত্তীর্ণ। ১৮৯০ সালে তাঁর আগে মাত্র ছ’জন এমডি পরীক্ষায় পাশ করেছেন। তাঁরা হলেন চন্দ্রকুমার দে, মহেন্দ্রলাল সরকার, জগবন্ধু বসু, আরডব্লিউ কার্টার, ভগবৎচন্দ্র রুদ্র এবং রামপ্রসাদ বাগচী।

চিকিৎসক জীবনে পা রেখেই শুরু করেন প্রাইভেট প্র্যাকটিস৷ পরবর্তী পাঁচ দশক তিনি ছিলেন ঈশ্বরের প্রতিরূপ৷ রোগীদের কাছে ধন্বন্তরি হয়ে ওঠার পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ব্রিটিশদের৷ সে সময় শ্বেতাঙ্গ চিকিৎসকদের আকাশছোঁয়া ফিজের পাশে দেশীয় চিকিৎসকদের ভিজিট ছইল খুবই কম৷ এই বিভেদ মুছে দেওয়ার জন্য নীলরতন সরকার প্রথমেই নিজের ভিজিট রাখলেন চড়া৷ তাঁর দাপটে ইংরেজদের চক্ষু চড়কগাছ৷ নীলরতন কিন্তু দমলেন না৷ একদিকে তিনি দরিদ্র রোগীর চিকিৎসা করাতেন নিজের খরচে৷ তাঁদের জন্য ছিলেন মুক্ত দরাজহস্ত৷ কখনও কোনও দরিদ্রকে অর্থাভাবে তাঁর কাছে প্রত্যাখ্যাত হতে হয়নি। রাস্তা থেকে তুলে এনে বহু মানুষকে নিজের বাড়িতে রেখে নিখরচায় চিকিৎসা করেছেন। আবার পাশাপাশি তিনিই ধনী রোগীদের কাছ থেকে নিতেন চড়া ভিজিট৷

দরদী চিকিৎসকের পাশাপাশি তাঁর শিক্ষাবিদ দিকটিও অনস্বীকার্য৷ বাংলায় বিভিন্ন জাতীয় বিজ্ঞান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও প্রশাসনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন। বোস ইনস্টিটিউট, কারমাইকেল মেডিক্যাল কলেজ (আরজি কর কলেজ ও হাসপাতাল), কলকাতা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কলেজ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রাণপুরুষ৷

সমাজ গড়ার সঙ্গেই ছিলেন প্রতিবাদী৷ স্বদেশি আন্দোলনে প্রত্যক্ষ অংশ নিয়েছিলেন ১৯০৫ সালে৷ দেড় দশক পর প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে দাঁড়ান। কিন্তু কংগ্রেসের নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল। স্বদেশি শিল্প বিস্তারের ভাবনায় সাবান তৈরির ব্যবসা, চা ও চামড়ার ব্যবসা শুরু করেছিলেন। তার থেকে প্রচুর আর্থিক লোকসান হয়৷ দেনার দায়ে সাধের বসতবাড়ি বিক্রি করতে হয়। কিন্তু তার জন্য কোনও আক্ষেপ ছিল না৷ বলতেন, জীবনে টাকা হল ঢেউয়ের মতো৷ আসবে, আবার চলেও যাবে৷ শিল্প গড়তে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে বলেছেন, ‘‘কলকাতায় ২০ টাকায় ভাড়ার ঘর পাওয়া যায়। তাতেই আমার চলে যাবে।’’

 

Source: bengali.news18.com


Related News