আমি 'হেরো'! বিয়ে ভাঙা, চাকরি হারানো, বাড়ি ছাড়ার পর এবার মুখ খুললেন বিখ্যাত YouTuber-এর প্রাক্তন স্বামী
জোরাওয়ারের কথায়, একসময় মানুষ এমন পরিস্থিতি থেকেও বেরিয়ে আসেন, যাকে তিনি জীবনের তলানি বলে মনে করেছিলেন। নিজের জীবনের ওঠাপড়ার কথা অকপটে স্বীকার করে তাই নতুন করে শুরু করার বার্তাই দিলেন তিনি।
মুম্বই: ‘আমি একজন লুজার!’ ৪০ বছর বয়সে দাঁড়িয়ে নিজেকেই এভাবে ব্যাখ্যা করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কুশা কাপিলার প্রাক্তন স্বামী জোরাওয়ার সিং আহলুওয়ালিয়া। জীবনের গত কয়েক বছরে একের পর এক ধাক্কা সামলেছেন তিনি। ভেঙেছে ছয় বছরের দাম্পত্য, হাতছাড়া হয়েছে কর্পোরেট চাকরি, হারিয়েছেন নিজের তৈরি বাড়ি। এমনকী নিজের আত্মসম্মান এবং আত্মবিশ্বাসও একসময় হারিয়ে ফেলেছিলেন বলে জানিয়েছেন জোরাওয়ার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ডায়েরির পাতা থেকে নিজের জীবনের এমনই কিছু অধ্যায় তুলে ধরেছেন তিনি।
কেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন জোরাওয়ার?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফিরে এসে একটি ভিডিও পোস্ট করেন জোরাওয়ার। সেখানে তিনি জানান, বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছিলেন। এর অন্যতম কারণ ছিল তাঁর মানসিক স্বাস্থ্য। সেই সময় মানসিকভাবে ভাল ছিলেন না তিনি। পাশাপাশি কয়েকটি ব্যবসায়িক সুযোগের সঙ্গেও যুক্ত হয়েছিলেন, যার জন্য ক্যামেরার সামনে আসতে চাইছিলেন না। বরং কিছুটা আড়ালে থাকতেই পছন্দ করেছিলেন।
এরপরই নিজের জীবনের সবচেয়ে কঠিন স্বীকারোক্তি করেন তিনি। জোরাওয়ার বলেন, তিনি একজন ‘loser’। গত কয়েক বছরে নিজের জীবনের অত্যন্ত প্রিয় অনেক কিছু হারিয়েছেন। একটি বিয়ে টিকিয়ে রাখতে পারেননি, হারিয়েছেন কর্পোরেট চাকরি, নিজের হাতে তৈরি বাড়ি, আত্মসম্মান। এমনকী নিজের সম্পর্কে ভাল অনুভব করার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছিলেন।
কুশার সঙ্গে বিচ্ছেদ, বদলে যায় জীবন!
২০২৩ সালের ২৬ জুন কুশা কাপিলা এবং জোরাওয়ার সিং আহলুওয়ালিয়া যৌথ বিবৃতিতে তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন। ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাঁরা। দু’জনেই জানিয়েছিলেন, তাঁদের ব্যক্তিগত চাহিদা এবং ভবিষ্যতের লক্ষ্য আলাদা হয়ে গিয়েছে। ফলে পারস্পরিক সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পর কুশাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা কটাক্ষ ও ট্রোলিং শুরু হয়েছিল। সেই সময় কুশার পাশে দাঁড়িয়েছিলেন জোরাওয়ারও। তবে এবার নিজের জীবনের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুললেন তিনি।
‘লুজার’ শব্দটিকেই আপন করে নিলেন!
জোরাওয়ার জানিয়েছেন, ছোটবেলা থেকেই ‘লুজার’ শব্দটি শুনলে তাঁর খুব খারাপ লাগত। বিশেষ করে স্কুলজীবনে বা বড় হয়ে ওঠার সময় কেউ তাঁকে এই শব্দে সম্বোধন করলে অপমানিত বোধ করতেন। কিন্তু সময়ের সঙ্গে বুঝেছেন, এই শব্দটি থেকে যত পালিয়ে বেড়িয়েছেন, ততই যেন সেটি তাঁকে তাড়া করেছে। তাই এবার আর পালাতে চান না। বরং নিজেকে একজন লুজার হিসেবেই মেনে নিয়েছেন। তবে তাঁর এই স্বীকারোক্তির মধ্যে রয়েছে ঘুরে দাঁড়ানোর জেদও। জোরাওয়ারের কথায়, তিনি এমন একজন মানুষ, যিনি অনেক কিছু হারিয়েছেন, কিন্তু নিজের উপর বিশ্বাস হারাননি। জীবনের লড়াই চালিয়ে যাবেন এবং নিজের সব লক্ষ্য পূরণ করবেন। একদিন ফুকেতে অবসর কাটানোর স্বপ্নও রয়েছে তাঁর।
Source: bengali.news18.com


