Kolkata International Film Festival: সলমন, অক্ষয় থেকে রজনীকান্ত, প্রভাস! কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বসতে চলেছে তারকার মেলা

বিনোদন

বাংলার চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের পাশাপাশি বলিউড ও দক্ষিণী সিনেমার তারকাদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানকে আরও বর্ণাঢ্য করে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্যের।

কলকাতা: এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বসতে চলেছে চাঁদের হাট। বলিউড থেকে দক্ষিণী চলচ্চিত্র জগতের একাধিক মহাতারকাকে দেখা যেতে পারে কলকাতার মঞ্চে। সলমন খান, অক্ষয় কুমার, রজনীকান্ত থেকে প্রভাস—দেশের চলচ্চিত্র জগতের একাধিক জনপ্রিয় মুখকে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই তাঁদের অনেকেই কলকাতায় আসার বিষয়ে ইতিবাচক সঙ্কেত দিয়েছেন বলেই সূত্রের খবর।
আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে সলমন খান, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, জনি লিভার, কঙ্গনা রানাওয়াত, রজনীকান্ত ও প্রভাসের। তাঁদের পাশাপাশি ভারতীয় চলচ্চিত্র জগতের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যেতে পারে। তবে তারকাদের উপস্থিতির চূড়ান্ত তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বিশেষ করে একই মঞ্চে সলমন খান, অক্ষয় কুমার, রজনীকান্ত ও প্রভাসের মতো তারকাদের উপস্থিতির সম্ভাবনা ঘিরে বাড়ছে আগ্রহ। বলিউডের পাশাপাশি দক্ষিণী চলচ্চিত্র জগতের তারকাদের উপস্থিতি এবারের উৎসবের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠতে পারে।

রাজ্যে সরকার পরিবর্তনের পর এটাই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ফলে এবারের চলচ্চিত্র উৎসবকে বিশেষভাবে সাজিয়ে তুলতে চাইছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যেই চলচ্চিত্র উৎসব পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে রাজ্য সরকার। উৎসবের প্রস্তুতি থেকে শুরু করে অতিথিদের আমন্ত্রণ, উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা—সব ক্ষেত্রেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতি বছরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা থাকে। দেশ-বিদেশের বিভিন্ন ভাষার চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি এই উৎসবের অন্যতম আকর্ষণ। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বরং ভারতীয় চলচ্চিত্র জগতের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় তারকাদের এক মঞ্চে নিয়ে আসার উদ্যোগ এবারের উৎসবকে আলাদা মাত্রা দিতে পারে।

এখন দেখার, শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর কলকাতার মঞ্চে কোন কোন মহাতারকাকে একসঙ্গে দেখা যায়। সব মিলিয়ে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এখন থেকেই বাড়ছে প্রত্যাশা।

 

Source: bengali.news18.com


Related News