Sheikh Hasina: ‘হাতকড়া পরে ফিরতে হবে’, হাসিনার প্রত্যাবর্তনের দিন ঘোষণার পরেই চরম হুঁশিয়ারি তারেক সরকারের! ‘পলাতক সন্ত্রাসবাদী’ কটাক্ষ

আন্তর্জাতিক

Sheikh Hasina: শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে স্বাগত জানানো হবে, তবে ফিরলেই গ্রেফতার করে জেলে পাঠানো হবে। স্পষ্ট জানালেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ঢাকা: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এমনকী বাংলাদেশ সরকারকে তাঁর ফেরার জন্য বিমানের বন্দোবস্ত করতেও অনুরোধ করেন তিনি৷ সেই আবেদন সরাসরি খারিজ করে দিল বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চাইলে সাধারণ যাত্রীর মতো বিমানে চড়ে ফিরতে পারবেন না শেখ হাসিনা। তাঁকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে এবং হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একইসঙ্গে তাঁকে ‘পলাতক সন্ত্রাসী’ বলেও কটাক্ষ করেছেন তিনি।
বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনা কোনও সাধারণ বাণিজ্যিক বিমানের যাত্রী নন। তাই তাঁর স্বাভাবিক যাত্রীর মতো দেশে ফেরার কোনও সুযোগ নেই। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, “না, তিনি কোনও সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে হাতকড়া পরিয়ে অথবা কড়া নজরদারির মধ্যে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনা যেতে পারে।”

একই সুর বাংলাদেশের অন্য বিদেশ প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ৷ তিনি বলেন, ‘‘ওঁর যদি আসতে ইচ্ছা হয়, তা হলে আসুন। এখানে এলে তাঁকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে। এই ধরনের রাজনৈতিক নাটকের কোনও অর্থ হয় না। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষকে নিশানা করা হচ্ছে। দাবি করা হচ্ছে, তাঁরা শেখ হাসিনার দলের নেতা ও কর্মী। অথচ শেখ হাসিনা নিজেই নিজের নেতা-কর্মীদের বিপদের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন অকারণে এমন একটি প্রচার অভিযান শুরু করা হয়েছে, যার ফলে আওয়ামি লিগের সাধারণ কর্মীরা বিপদের মুখে পড়ছেন’’৷

‘দণ্ডিত অপরাধী, পলাতক সন্ত্রাসী শেখ হাসিনা’
শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর অভিযোগ, আওয়ামি লিগ সরকারের আমলে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাস চালানো হয়েছে। আর তার জন্য দায়ী শেখ হাসিনা।
হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশের মানুষ সন্ত্রাসের একটাই রূপ চেনেন। তা হল শেখ হাসিনার মদতে চলা আওয়ামি সন্ত্রাস। তিনি একজন দণ্ডিত অপরাধী, একজন পলাতক সন্ত্রাসী।”

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছাকে কার্যত উড়িয়ে দিয়ে বিদেশ প্রতিমন্ত্রী বলেন, তাঁর ব্যক্তিগত ইচ্ছা আর বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তাঁর কথায়, “মনের যন্ত্রণা থেকে অর্থ খরচ করে, লোক ভাড়া করে এবং অন্যদের সাহায্যে অনেক কিছু ছাপানো যেতে পারে। কিন্তু বাস্তবতা আর ইচ্ছা এক জিনিস নয়। দু’টিকে আলাদা করে বুঝতে হবে। বাস্তবতা হল, প্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে ফিরতে দেওয়া হবে না।” বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চেপে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা নিয়েও কটাক্ষ করেন তিনি। প্রতিমন্ত্রীর বক্তব্য, শেখ হাসিনার প্রত্যাশার সঙ্গে সরকারের অবস্থানের কোনও মিল নেই।

 

Source: bengali.news18.com


Related News