EPFO Update: UPI ও ATM থেকেই তোলা যাবে PF-এর টাকা! অবসরের পর মাসে মাসে মিলবে জমানো টাকা, EPFO-তে আসছে ৪ বড় পরিবর্তন

ব্যবসা

প্রভিডেন্ট ফান্ড বা PF-এর টাকা তোলার নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (EPFO)। এবার আর PF-এর টাকা তোলার জন্য দীর্ঘ অনলাইন প্রক্রিয়ার মধ্যে আটকে থাকতে হবে না। UPI-এর মাধ্যমে সরাসরি টাকা তোলার সুবিধা চালু করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র।

চাকরিজীবীদের জন্য বড় সুখবর! প্রভিডেন্ট ফান্ড বা PF-এর টাকা তোলার নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (EPFO)। এবার আর PF-এর টাকা তোলার জন্য দীর্ঘ অনলাইন প্রক্রিয়ার মধ্যে আটকে থাকতে হবে না। UPI-এর মাধ্যমে সরাসরি টাকা তোলার সুবিধা চালু করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। এমনকী ATM থেকেও PF-এর টাকা তোলার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, অবসরের পর একবারে পুরো টাকা তুলে নেওয়ার বদলে মাসে মাসে, তিন মাস অন্তর অথবা ছ'মাস অন্তর কিস্তিতে টাকা পাওয়ার সুযোগও আসছে। EPFO-র এই নতুন উদ্যোগের ফলে দেশের কয়েক কোটি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত কর্মীর আর্থিক সুবিধা অনেকটাই বাড়তে পারে।

গত ১৯ নভেম্বর দিল্লিতে EPFO-র ২৪০তম সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সভাপতিত্বে আয়োজিত ওই বৈঠকে PF-এর টাকা তোলার নিয়ম আরও সহজ করার পাশাপাশি অবসরের পর নিয়মিত টাকা পাওয়ার জন্য সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান বা SWP চালুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পাশাপাশি ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম এবং চূড়ান্ত টাকা তোলার অপেক্ষার সময়সীমাও কমানো হয়েছে।

১. UPI ও ATM থেকে PF তোলার সুবিধা
PF গ্রাহকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় পরিবর্তন হতে চলেছে UPI-এর মাধ্যমে টাকা তোলার ব্যবস্থা। বর্তমানে PF-এর টাকা তুলতে অনলাইনে ক্লেম জমা দিতে হয়। নতুন ব্যবস্থায় BHIM অ্যাপের মাধ্যমে অনুমোদিত টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। ২০২৬ সালের ডিসেম্বরের শেষদিকে এই পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা রয়েছে। প্রাথমিকভাবে ন্যূনতম ১ হাজার টাকা তোলার ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে ATM থেকে PF তোলার সুবিধা চালুর বিষয়টিও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ATM পরিষেবার নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।

২. অবসরের পর কিস্তিতে মিলবে PF-এর টাকা
এতদিন অবসরের পর PF-এর পুরো টাকা একসঙ্গে তুলে নেওয়ার প্রবণতা ছিল। এবার সেই নিয়মে বিকল্প আসছে। নতুন SWP ব্যবস্থায় অবসরপ্রাপ্ত কর্মীরা প্রতি মাসে, তিন মাস অন্তর অথবা ছ'মাস অন্তর নিজেদের জমা টাকা তুলতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা, যে টাকা অ্যাকাউন্টে অবশিষ্ট থাকবে, তার উপর নিয়ম অনুযায়ী সুদ জমতে থাকবে। প্রয়োজনে কিছু টাকা একসঙ্গে তুলে বাকিটা কিস্তিতে নেওয়া যাবে। প্রাথমিক পর্যায়ে ৫৫ বছরের বেশি বয়সি এবং PF অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার বেশি জমা রয়েছে, এমন প্রায় ৬.৩২ লক্ষ সদস্য এই সুবিধার আওতায় আসতে পারেন। তবে এই নিয়ম কার্যকর করতে প্রয়োজনীয় সরকারি বিজ্ঞপ্তি ও প্রকল্পের সংশোধন বাকি রয়েছে।

৩. PF অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার বাধ্যবাধকতা কমছে
এতদিন PF থেকে আংশিক টাকা তুললেও অ্যাকাউন্টে মোট জমার অন্তত ২৫ শতাংশ রেখে দেওয়ার নিয়ম ছিল। নতুন সিদ্ধান্তে সেই বাধ্যবাধকতা কমিয়ে ১০ শতাংশ করার অনুমোদন দিয়েছে বোর্ড। অর্থাৎ, প্রয়োজনের সময় কর্মীরা নিজেদের জমানো টাকার আরও বেশি অংশ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি চাকরি ছাড়ার পর চূড়ান্ত PF সেটেলমেন্টের জন্য অপেক্ষার সময় ১২ মাস থেকে কমিয়ে দু'মাস করার সিদ্ধান্ত হয়েছে।


৪. অন্যের দেওয়া টাকাও জমা পড়তে পারে PF অ্যাকাউন্টে
PF-এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে EPFO। নতুন প্রস্তাবে UAN-এর মাধ্যমে কর্মীরা নিজেরাই অতিরিক্ত টাকা PF অ্যাকাউন্টে জমা করতে পারবেন। এমনকী, তৃতীয় কোনও ব্যক্তি বা সংস্থাও ছোট অঙ্কের টাকা জমা করতে পারবে। যেমন, কোনও ডেলিভারি পার্টনারকে গ্রাহকের দেওয়া টিপস সরাসরি তাঁর PF অ্যাকাউন্টে জমা হতে পারে। এর ফলে গিগ ওয়ার্কার, ডেলিভারি কর্মী এবং অসংগঠিত ক্ষেত্রের কর্মীরাও ভবিষ্যতের জন্য সঞ্চয় গড়ে তুলতে পারবেন। তবে এই ব্যবস্থার জন্য EPF স্কিম ও আয়কর আইনে প্রয়োজনীয় সংশোধন করতে হবে।

এদিকে, গোটা পরিষেবাকে আধুনিক করতে EPFO 3.0 চালুর কাজও চলছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে PF অ্যাকাউন্ট পরিচালনা, টাকা তোলা এবং ক্লেম নিষ্পত্তির প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।

সব মিলিয়ে, EPFO-র এই পরিবর্তনগুলি কার্যকর হলে চাকরিজীবীদের PF ব্যবস্থায় বড়সড় রূপান্তর ঘটবে। তবে মনে রাখতে হবে, সব পরিষেবা এখনও চালু হয়নি। কিছু সিদ্ধান্ত বোর্ডের অনুমোদন পেয়েছে, আবার কয়েকটি পরিষেবা এখনও পরিকল্পনা ও পরীক্ষার পর্যায়ে রয়েছে।

 

Source: www.hindustantimes.com


Related News