‘কৃষ্ণের পায়ের ধুলোর সমানও যোগ্যতা নেই!’ ধীরেন্দ্র শাস্ত্রীকে তীব্র আক্রমণ ইমরান মাসুদের, রামকে বললেন ‘ইমাম-এ-হিন্দ’
বুধবার (২৫ নভেম্বর) এবিপি নিউজের শিখর সম্মেলনে যোগ দিয়েছিলেন ইমরান মাসুদ। সেখানেই ধীরেন্দ্র শাস্ত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। উত্তরে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস সাংসদ। তাঁর বক্তব্য, সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত উদার মনের মানুষ।
ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আগেই সমালোচনার মুখে পড়েছিলেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। এবার তাঁকে তুলোধোনা করলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। ধীরেন্দ্র শাস্ত্রীর উদ্দেশে তাঁর কড়া মন্তব্য, ‘কৃষ্ণের পায়ের ধুলোর সমানও তোমার যোগ্যতা নেই। তুমি ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে কথা বলছ!’ শুধু তাই নয়, ভগবান রামকে ‘ইমাম-এ-হিন্দ’ বলেও উল্লেখ করেছেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, শ্রীকৃষ্ণ ও শ্রীরামকে নিয়ে এমন মন্তব্য করার অধিকার কারও নেই। উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে এই বিতর্ক ঘিরে নতুন করে উত্তপ্ত রাজনৈতিক মহল।
বুধবার (২৫ নভেম্বর) এবিপি নিউজের শিখর সম্মেলনে যোগ দিয়েছিলেন ইমরান মাসুদ। সেখানেই ধীরেন্দ্র শাস্ত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। উত্তরে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস সাংসদ। তাঁর বক্তব্য, সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত উদার মনের মানুষ। নিজেদের আরাধ্য দেবতাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ হলেও তাঁরা অনেক সময় তা সহ্য করে নেন। কিন্তু তার অর্থ এই নয় যে, যে কেউ তাঁদের দেবদেবীদের সম্পর্কে যা খুশি মন্তব্য করতে পারেন। ইমরানের কথায়, কৃষ্ণের পায়ের ধুলোর সমানও যোগ্যতা নেই ধীরেন্দ্র শাস্ত্রীর। অথচ তিনিই ভগবান কৃষ্ণকে নিয়ে মন্তব্য করছেন।
এখানেই থেমে থাকেননি ইমরান। ভগবান রামের প্রসঙ্গ টেনেও নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি। কংগ্রেস সাংসদের কথায়, শ্রীরামকে ‘মর্যাদা পুরুষোত্তম’ বলা হয়। শবরীর এঁটো বেরি খেয়ে তিনি জাতপাত ও উঁচু-নিচুর ভেদাভেদ দূর করার বার্তা দিয়েছিলেন। সেই কারণেই শ্রীরামকে ‘ইমাম-এ-হিন্দ’ বলা হয়। ইমরানের প্রশ্ন, এমন একজন পূজনীয় ব্যক্তিত্বকে নিয়ে কীভাবে কেউ আপত্তিকর মন্তব্য করতে পারেন? তাঁর মতে, ভারতীয় সংস্কৃতিতে শ্রীরাম ও শ্রীকৃষ্ণের গুরুত্ব অপরিসীম। তাঁদের নিয়ে অসম্মানজনক মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
কিন্তু কী এমন মন্তব্য করেছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী, যা নিয়ে এত বিতর্ক? মধ্যপ্রদেশের শিবপুরী জেলার কারেরা এলাকায় একটি রামকথার অনুষ্ঠানে শ্রীরাম ও শ্রীকৃষ্ণের শারীরিক ভঙ্গির তুলনা করেছিলেন বাগেশ্বর ধামের প্রধান। তাঁর বক্তব্য ছিল, ‘আমাদের রাম সোজা দাঁড়ান, সোজা তাকান। আর তোমাদের কৃষ্ণ তিন জায়গায় বাঁকা।’ শ্রীকৃষ্ণের ত্রিভঙ্গী মুদ্রা নিয়েই এমন মন্তব্য করেন তিনি। এমনকী, কৃষ্ণভক্তরা এতে কষ্ট পেতে পারেন বলেও মন্তব্য করেছিলেন। স্বাভাবিকভাবেই এই বক্তব্য ঘিরে ক্ষোভ ছড়ায়। পরে অবশ্য নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চান ধীরেন্দ্র শাস্ত্রী।
এই বিতর্কে আগেই সরব হয়েছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ধীরেন্দ্র শাস্ত্রীর ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করার দাবিও তুলেছিলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানও তাঁর মন্তব্যের সমালোচনা করেন। এমনকী, আগ্রার আদালতে ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মানহানির অভিযোগ দায়ের হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাম-কৃষ্ণ বিতর্ক ঘিরে রাজনৈতিক তরজা বাড়ছে। অযোধ্যা ও মথুরাকে কেন্দ্র করেও রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানউতোর চলছে। ফলে ধর্মীয় বক্তব্যের বিতর্ক যে আগামী দিনে উত্তরপ্রদেশের ভোটের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে, সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা।
Source: www.hindustantimes.com


