Derby Ticket Price Slashed: ডার্বি আগেই খুশখবরি! ফ্যানদের জন্য টিকিটের দাম কমাল ইস্টবেঙ্গল, ক্রীড়ামন্ত্রীর কথাতেই কাজ

ক্রীড়া

ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে এবং ইস্টবেঙ্গল, মোহনবাগান উভয় ক্লাবেরই সকল স্তরের সমর্থকদের কথা চিন্তাভাবনা করে যে টিকিট দাম নিয়ে ভাবনা চিন্তা করার কথা বলা হয়েছে৷

কলকাতা: দারুণ সুখবর, এবার ডার্বি দেখতে গেলে কম টাকাতেই টিকিট পাবেন, উদ্যোগ নিয়ে ব্যবস্থা করে দিলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ৷ আগামী ২৯ নভেম্বর আইএসএলে কলকাতা ডার্বিতে টিকিটের অত্যধিক দামে সমর্থকদের হতাশার কথা শুনে আয়োজক ইস্টবেঙ্গলকে দাম কমানোর জন্য অনুরোধ করেছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল ক্লাব ন্যূনতম টিকিটের দাম ৩০০ টাকা করেছিল। তবে ক্রীড়া মন্ত্রী অনুরোধ  দাম পরিবর্তন করতে চলেছে তারা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ডার্বির টিকিট পাওয়া যাবে ২০০, ৩০০, ৪০০, ৫০০ এবং ৫৫০ টাকায়। কেবল তা-ই নয়, ইস্টবেঙ্গল সদস্যদের জন্য থাকছে বিশেষ ছাড়। ৩০০ টাকার টিকিট তাঁরা পাবেন মাত্র ১৫০ টাকায়। যাঁরা ইতিমধ্যেই পুরনো দামে টিকিট কেটে ফেলেছেন, তাঁদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে লাল-হলুদ ক্লাব।
উল্লেখ্য প্রথমে সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছিল ৩০০ টাকা। সর্বোচ্চ দাম ছিল ২০০০ টাকা। মোট সাতটি বিভাগে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল।

ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন  যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের লক্ষ লক্ষ ফুটবল সমর্থকরা সোশাল মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মাধ্যমে আমাকে আসন্ন যে ডার্বি, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের যে টিকিট দাম সম্পর্কে অভিযোগ জানাচ্ছিল। খোঁজ নিয়ে দেখলাম ইস্টবেঙ্গল ম্যাচটির আয়োজক। ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে এবং ইস্টবেঙ্গল, মোহনবাগান উভয় ক্লাবেরই সকল স্তরের সমর্থকদের কথা চিন্তাভাবনা করে যে টিকিট দাম নিয়ে ভাবনা চিন্তা করার কথা বলা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের কাছে। তো আমার বিশ্বাস, সকল স্তরের ফুটবল অনুরাগীর সুবিধার্থে, বিশেষ করে যারা কলেজের ছাত্রছাত্রীরা আছেন, তারা যারা ফুটবলে মাঠে আসতে চান, তাদের কথা চিন্তাভাবনা করে নির্দিষ্টভাবে টিকিটের দাম নির্ধারণ হবে।

ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার বলেন, সম্প্রতি বহু ছাত্র-ছাত্রী ই-মেইলের মাধ্যমে এবং অফিসিয়ালদের মাধ্যমে টিকিটের দাম কমানোর অনুরোধ জানিয়েছিলেন। তাদের মাঠে এসে খেলা দেখার সুবিধার্থে ক্লাব কর্তৃপক্ষ মাননীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করে টিকিটের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

 

Source: bengali.news18.com


Related News