Cairo Fire Accident: মিশরের রাজধানী কায়রোয় ভয়াবহ অগ্নিকাণ্ড! হাইওয়েতে উল্টে গিয়ে দাউদাউ করে জ্বলে উঠল তেলভর্তি ট্রাক! মৃত অন্তত ৩১
মিশরের রাজধানী কায়রোয় ভয়াবহ অগ্নিকাণ্ড। ব্যস্ত রিং রোডে উল্টে গিয়ে দাউদাউ করে জ্বলে ওঠে জ্বালানিবাহী ট্রাক। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের গাড়িতেও। এই দুর্ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে, আহত ১৫। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
কায়রো, মিশর: মিশরের রাজধানী কায়রোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। বুধবার একটি জ্বালানিবাহী ট্রাক ব্যস্ত হাইওয়েতে উল্টে যাওয়ার পর তাতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক গাড়িতে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রক।
সংবাদ সংস্থা এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, কায়রোর ঘনবসতিপূর্ণ আল-ওয়ারাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গিয়েছে, দুর্ঘটনার পর আকাশের দিকে উঠে যায় আগুনের বিশাল গোলা এবং ঘন কালো ধোঁয়া। আতঙ্কিত গাড়িচালকেরা দ্রুত এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন। এই প্রবল আগুন থেকে আশপাশের বাড়িগুলি অবশ্য আগুনের গ্রাস থেকে রক্ষা পেয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
মিশরের সরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কায়রোর রিং রোডে একটি জ্বালানিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই রাস্তা রাজধানীর বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ট্রাকটি উল্টে যাওয়ার পর তাতে আগুন ধরে যায় এবং দ্রুত সেই আগুন আশপাশে থাকা গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও দমকল বাহিনী। মিশরের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মোট ৩৯টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছিল। আহত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর।
প্রত্যক্ষদর্শী আবদেল রহমান খলিল এএফপিকে জানান, দুর্ঘটনার কিছুক্ষণ পরেই তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন। তাঁর কথায়, দৃশ্যটি ছিল ভয়াবহ। উল্টে থাকা জ্বালানিবাহী ট্রাকটি তখন দাউদাউ করে জ্বলছিল।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ। দমকলকর্মীরা দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর কাজ করেন। অন্যদিকে, মিশরের সরকারি কৌঁসুলি দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগুনে ঝলসে যাওয়া মৃতদেহগুলির পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষাও শুরু হয়েছে।
দুর্ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রক জরুরি সতর্কতা জারি করে। স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গফফার ঘটনাস্থল এবং আশপাশের হাসপাতাল পরিদর্শন করেন। সরকারি সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজের খবর অনুযায়ী, পরবর্তী সময়ে রিং রোড থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তা আবার খুলে দেওয়া হয়েছে। ধীরে ধীরে ওই রাস্তায় যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করে।
মিশরের মন্ত্রিসভার এক মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। তদন্তের সম্পূর্ণ রিপোর্ট হাতে পাওয়ার পর পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহণের ক্ষেত্রে ভবিষ্যতে কী ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে, তা স্থির করবে সরকার। বিশেষ করে জ্বালানি পরিবহণের সময় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মিশরে সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের উদ্বেগ
মিশরে সড়ক দুর্ঘটনা এবং অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, পুরনো পরিকাঠামো এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাবের কারণে বহু ক্ষেত্রে দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করে। অনেক এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা, স্মোক ডিটেক্টর এবং অ্যালার্মের পর্যাপ্ত ব্যবস্থা নেই। পাশাপাশি সরু রাস্তার কারণে অনেক সময় দমকলের গাড়ি দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছতেও সমস্যায় পড়ে।
সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতাকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
মিশরের সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর সে দেশে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তার আগের বছর এই সংখ্যা ছিল ৫ হাজার ২০০-রও বেশি।
চলতি বছরের অগস্ট মাসেও উত্তর মিশরে ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে অনেকেই ছিলেন কিশোর। কৃষিশ্রমিকদের বহনকারী দুটি পিক-আপ ভ্যানের সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।
কায়রোর সাম্প্রতিক এই অগ্নিকাণ্ড ফের একবার মিশরের সড়ক নিরাপত্তা এবং জ্বালানিবাহী যান চলাচলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল। তদন্তের রিপোর্টে দুর্ঘটনার প্রকৃত কারণ কী উঠে আসে, এখন সেদিকেই নজর।
Source: bengali.news18.com


