Kakoli on Delimitation: ডিলিমিটেশন হলে সাংসদদের কাজ সহজ হবে, সংসদ অধিবেশনের আগে মন্তব্য NCPI সাংসদ কাকলি ঘোষদস্তিদারের

হোম

শুক্রবার হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেন বারাসতের সাংসদ কাকলি। তিনি জানান, সংসদের বিশেষ অধিবেশনের নির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে এখনও তাঁদের কাছে কোনও আনুষ্ঠানিক তথ্য আসেনি।

সংসদে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে। তার আগে ডিলিমিটেশন নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিদ্রোহী তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার। তাঁর মতে, ডিলিমিটেশন কার্যকর হলে সাংসদদের কাজ অনেক সহজ হবে। কারণ, প্রতিটি সাংসদের কাছে পৌঁছনোর জন্য নির্দিষ্ট সংখ্যক ভোটার থাকবে। তাতে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং প্রশাসনিক কাজকর্মও সহজ হবে। তবে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিলে কী বলা হচ্ছে, তা না দেখে সমর্থনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে রাজি নন তিনি। ফলে সংসদে ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটির আগে কাকলির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

শুক্রবার হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেন বারাসতের সাংসদ কাকলি। তিনি জানান, সংসদের বিশেষ অধিবেশনের নির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে এখনও তাঁদের কাছে কোনও আনুষ্ঠানিক তথ্য আসেনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সমাজমাধ্যমে দেওয়া পোস্ট থেকেই অধিবেশনের খবর পেয়েছেন তাঁরা। ৩০ নভেম্বর সকালে অধিবেশনের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে বলে মনে করছেন তিনি।

ডিলিমিটেশন বিল নিয়ে তাঁদের অবস্থান কী হবে, এই প্রশ্নের উত্তরে কাকলি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে ঠিক কী ধরনের বিল সংসদে আনা হবে, তা আগে জানতে চান তাঁরা। তাঁর বক্তব্য, ডিলিমিটেশন সংবিধানের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। জনসংখ্যার ভিত্তিতে নির্বাচনী এলাকার পুনর্বিন্যাসের বিষয়টি সংবিধানে নির্দিষ্ট রয়েছে। তাই সংবিধানের বিধান মেনেই এগোনো উচিত।

কাকলির মতে, দেশের জনসংখ্যা অনেক বেড়েছে। সেই কারণে নির্বাচনী এলাকার পুনর্বিন্যাস হলে সাংসদদের পক্ষে নিজেদের এলাকার মানুষের কাছে পৌঁছনো সহজ হবে। এতে প্রশাসনিক কাজেও সুবিধা হবে। সংবিধান প্রণেতারা নির্দিষ্ট সময় অন্তর এই প্রক্রিয়া চালানোর কথা ভেবেছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি।

ভোটাভুটিতে কী ভূমিকা বিদ্রোহী সাংসদদের?
বর্তমানে তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদ আলাদা গোষ্ঠী তৈরি করেছেন। কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে তাঁরা ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। তবে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছ থেকে তাঁদের দলবদল বা সংযুক্তির আবেদন এখনও চূড়ান্ত স্বীকৃতি পায়নি। সরকারি নথিতে তাঁরা এখনও তৃণমূল সাংসদ হিসাবেই পরিচিত।

এই পরিস্থিতিতে ডিলিমিটেশন বিল সংসদে উঠলে তাঁদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, সংবিধান সংশোধনী বিল পাশ করাতে সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। গত এপ্রিল মাসে এই সংক্রান্ত বিল প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় পাশ করানো যায়নি। এ বার সরকার নতুন করে উদ্যোগী হলে বিদ্রোহী সাংসদদের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

কাকলি জানিয়েছেন, সাংসদ হিসাবে ভোট দেওয়ার অধিকার তাঁদের রয়েছে। তবে আলাদা করে বসার ব্যবস্থা হলেও তাঁদের ভোট কোন দলের হিসাবে গণ্য হবে, তা ঠিক করবেন লোকসভার স্পিকার।

বাংলার রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন
ডিলিমিটেশন নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেও উদ্বেগ রয়েছে। জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে উত্তর ও দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে সংসদীয় প্রতিনিধিত্বের ভারসাম্য বদলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল দক্ষিণের রাজ্যগুলি তুলনায় কম আসন পেতে পারে বলে বিরোধীদের আশঙ্কা।

কাকলির বক্তব্য, প্রস্তাবিত বিলের প্রকৃত বিষয়বস্তু না জেনে বাংলার রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়বে না কমবে, সে বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। সংসদে আলোচনা এবং বিলের বিস্তারিত তথ্য সামনে আসার পরেই তাঁরা নিজেদের অবস্থান জানাবেন।

আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সংসদের এই বিশেষ অধিবেশন চলার কথা। কেন্দ্রীয় সরকার এখনও আনুষ্ঠানিক ভাবে আলোচ্যসূচি প্রকাশ করেনি। ফলে ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল নিয়ে সরকার শেষ পর্যন্ত কী পদক্ষেপ করে এবং কাকলির নেতৃত্বাধীন বিদ্রোহী সাংসদরা কোন পক্ষে ভোট দেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

 

Source: www.hindustantimes.com


Related News