S400 Deployment: পাকিস্তান সীমান্তে আরও শক্তিশালী ভারতের আকাশ-ঢাল! ফেব্রুয়ারির মধ্যেই মোতায়েন হতে পারে পঞ্চম এস-৪০০

হোম

ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ প্রতিনিধি দল আগামী ডিসেম্বর মাসে রাশিয়া যাবে। সেখানে পঞ্চম এস-৪০০ ব্যবস্থার প্রাক-সরবরাহ পরিদর্শন করা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি ভারতে পৌঁছবে।

পাকিস্তানের বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ ভারতের। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর মোতায়েন হতে পারে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পঞ্চম স্কোয়াড্রন। এর ফলে পাকিস্তান সীমান্তে ভারতের আকাশ প্রতিরক্ষা আরও মজবুত হবে। বিশেষ করে শত্রুপক্ষের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কামিকাজ়ে ড্রোন এবং অন্যান্য আকাশপথের হামলা প্রতিরোধে বাড়বে সক্ষমতা। চিন, তুরস্ক এবং আমেরিকার কাছ থেকে পাকিস্তানের সামরিক সরঞ্জাম সংগ্রহের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ প্রতিনিধি দল আগামী ডিসেম্বর মাসে রাশিয়া যাবে। সেখানে পঞ্চম এস-৪০০ ব্যবস্থার প্রাক-সরবরাহ পরিদর্শন করা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি ভারতে পৌঁছবে। ফেব্রুয়ারির মধ্যেই সেটি মোতায়েনের জন্য প্রস্তুত হয়ে যাওয়ার কথা। প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে ওয়াকিবহাল দুই উচ্চপদস্থ আধিকারিকের সূত্রে এই খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

৭৪০ কিলোমিটার এলওসি পাহারায় এস-৪০০
বর্তমানে ভারতের হাতে চারটি এস-৪০০ ব্যবস্থা রয়েছে। তার মধ্যে তিনটি মোতায়েন রয়েছে পাকিস্তান সীমান্তের দিকে পঞ্জাব, রাজস্থান এবং গুজরাতে। চতুর্থটি রয়েছে অসমে। অরুণাচল প্রদেশের দিকে ১১২৬ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনা সামরিক তৎপরতার মোকাবিলায় এই ব্যবস্থাটি ব্যবহার করা হচ্ছে। এ বার পঞ্চম এস-৪০০ মোতায়েন করা হবে জম্মু ও কাশ্মীরের ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখা পাহারা দেওয়ার জন্য।

রাশিয়ার তৈরি এস-৪০০ বিশ্বের অন্যতম আধুনিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রায় ৪০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ব্যবস্থার বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। শত্রুপক্ষের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, আত্মঘাতী ড্রোন এবং আকাশপথে নজরদারি চালানো বিশেষ বিমানকে শনাক্ত করে ধ্বংস করতে পারে এটি। ফলে পাকিস্তানের দিক থেকে একসঙ্গে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা থাকলেও তা প্রতিরোধে ভারতের হাতে আরও একটি শক্তিশালী স্তর তৈরি হবে।

অপারেশন সিঁদুরে কার্যকারিতা প্রমাণ
২০২৫ সালের মে মাসে অপারেশন সিঁদুরের সময় এস-৪০০ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিশেষ আলোচনা হয়েছিল। সরকারি সূত্রের দাবি, পাকিস্তানের যুদ্ধবিমান, নজরদারি বিমান এবং অন্যান্য আকাশপথের হামলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই ব্যবস্থা। পাকিস্তানের আকাশসীমার ভিতরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাও সামনে আসে। সেই অভিজ্ঞতার পরেই ভারতের বায়ুসেনা আরও পাঁচটি এস-৪০০ স্কোয়াড্রন কেনার প্রস্তাব দেয়। ২০২৬ সালের মার্চে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (ডিএসি) অতিরিক্ত পাঁচটি এস-৪০০ কেনার প্রস্তাবে প্রাথমিক অনুমোদন দিয়েছে। তবে সেই নতুন চুক্তি এখনও স্বাক্ষরিত হয়নি।

পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধিতে উদ্বেগ
ভারতের এই তৎপরতার পিছনে রয়েছে পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও। চিন পাকিস্তানকে জে-৩৫ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা করছে বলে খবর। পাশাপাশি চিনা প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র, নজরদারি ব্যবস্থা এবং ড্রোনও কিনছে ইসলামাবাদ। তুরস্কের কাছ থেকেও সামরিক প্রযুক্তি ও আত্মঘাতী ড্রোন পাচ্ছে পাকিস্তান। আমেরিকা তাদের এফ-১৬ যুদ্ধবিমানের আধুনিকীকরণে সাহায্য করছে। সৌদি আরবের আর্থিক সহায়তাও পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে প্রতিরক্ষা সূত্রের দাবি।

এই পরিস্থিতিতে শুধু এস-৪০০ নয়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিরোধী ব্যবস্থাও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে নয়াদিল্লি। ভবিষ্যতের যুদ্ধে দূর থেকেই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে হামলার প্রবণতা বাড়বে বলে মনে করছেন সামরিক কর্তারা। তাই পাকিস্তান সীমান্তে পঞ্চম এস-৪০০ মোতায়েন ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে।

 

Source: www.hindustantimes.com


Related News