India-UAE Defence Ties: প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে এবার সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে হাত মেলাচ্ছে ভারত!
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হয় ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির (জেডিসিসি) ১৪তম বৈঠক। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং।
প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগোল ভারত। এ বার অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরিতে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) সঙ্গে যৌথ উদ্যোগ বাড়ানোর সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। শুধু অস্ত্র কেনাবেচা নয়, সামরিক প্রযুক্তির গবেষণা, নকশা তৈরি থেকে শুরু করে উৎপাদনেও একসঙ্গে কাজ করবে দুই দেশ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, উন্নত সামরিক প্রযুক্তি এবং সমুদ্রপথের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পশ্চিম এশিয়ায় ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে ভারত ও আমিরশাহির এই প্রতিরক্ষা সমঝোতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হয় ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির (জেডিসিসি) ১৪তম বৈঠক। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। আমিরশাহির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রকের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম নাসের এম আল আলাওয়ি। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার একাধিক গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, আগামী দিনে দুই দেশ যৌথ ভাবে পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং উৎপাদনের কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে। প্রতিরক্ষা শিল্প, সামরিক ক্ষেত্রে নতুন প্রযুক্তির উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার প্রযুক্তি, সামরিক প্রশিক্ষণ এবং সামুদ্রিক নিরাপত্তার মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ প্রকল্পগুলির অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা।
মে মাসের সমঝোতার বাস্তবায়নে জোর
উল্লেখযোগ্য বিষয়, চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমিরশাহি সফরের সময় দুই দেশ একটি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্বের কাঠামো স্বাক্ষর করেছিল। বৃহস্পতিবারের বৈঠকে সেই চুক্তির আওতায় নেওয়া উদ্যোগগুলিকে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিশা দেওয়া হয়েছে।
এ দিনের বৈঠকে শুধু সরকারি স্তরের আলোচনা হয়নি। ভারতীয় প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিরাও আবুধাবিতে গিয়েছিলেন। দুই দেশের প্রতিরক্ষা সংস্থাগুলির মধ্যে বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। ভারতীয় প্রতিনিধিরা আমিরশাহির তাওয়াজুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন। সেখানে তাওয়াজুন ইকোনমিক কাউন্সিলের কর্তাদের সঙ্গে বৈঠক করে যৌথ উদ্যোগের সম্ভাবনা খতিয়ে দেখেন তাঁরা। এর ফলে দুই দেশের প্রতিরক্ষা সংস্থাগুলির মধ্যে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা
ভারতের প্রতিরক্ষা সচিবের নেতৃত্বাধীন প্রতিনিধি দল আমিরশাহির প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মহম্মদ বিন মুবারক ফাদেল আল মাজরুইয়ের সঙ্গেও বৈঠক করে। সেখানে পারস্য উপসাগর এবং পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দুই দেশই কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে।
ভারত ও আমিরশাহির সম্পর্ক দীর্ঘদিনের। বাণিজ্য, জ্বালানি এবং সাংস্কৃতিক যোগাযোগের পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রেও গত কয়েক বছরে সম্পর্কের বিস্তার ঘটেছে। ভারতীয় প্রতিরক্ষা শিল্পের উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে অস্ত্র রফতানির সুযোগ তৈরি করাও নয়াদিল্লির অন্যতম লক্ষ্য। অন্য দিকে, উন্নত সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা উৎপাদনে সহযোগিতা আমিরশাহির পক্ষেও গুরুত্বপূর্ণ।
তবে কোন কোন নির্দিষ্ট অস্ত্র বা সামরিক সরঞ্জাম যৌথ ভাবে তৈরি হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত ঘোষণা করেনি দুই দেশ। ফলে আগামী দিনে কোন প্রকল্পগুলি বাস্তবায়িত হয়, তার উপরই এই প্রতিরক্ষা অংশীদারিত্বের অগ্রগতি নির্ভর করবে।
Source: www.hindustantimes.com


