Cyber Attack At FIFA: ফিফায় সাইবার হানা, কোন কোন ডেটা লিক হয়েছে স্বীকার করে নিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা

ক্রীড়া

Cyber Attack At FIFA: ফুটবলের সর্বোচ্চ নিয়মাক সংস্থা জানিয়েছে যে, হ্যাকাররা ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের একটি নির্দিষ্ট এবং অল্প অংশেই ঢুকতে পেরেছে৷

জুরিখ:  এবার সাইবার অ্যাটাকের শিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷  ফিফা একটি  সাইবার আক্রমণের শিকার হয়েছে, যার মাধ্যমে হ্যাকাররা ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য ভাণ্ডারে হাত দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷
ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য হাতানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে৷   সীমিত কিছু তথ্য চুরি হয়েছে, স্বীকার ফিফার৷  সাইবার হামলার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ফিফা৷
ইএসপিএন (ESPN)-র সূত্র জানিয়েছে, এই হ্যাকিংয়ের ঘটনায় ফিফার কাছে থাকা তথ্যের ০.১ শতাংশেরও কম অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, চুরি হওয়া নথিপত্রের মধ্যে বিতর্কিত এবং শেষ পর্যন্ত ব্যর্থ হওয়া ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (FIFA Forward Enterprise) প্রস্তাবনা সম্পর্কিত কোনও তথ্য যায়নি৷

ফিফার পক্ষ থেকে কোনও সিস্টেম বা প্রযুক্তিগত ত্রুটির কারণে হ্যাকররা ঢুকে পড়েছে এরকম কোনও সম্ভাবনা উড়িয়ে দিয়েছে৷ ইএসপিএন (ESPN)-কে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই কথা৷  তারা আরও জানান, হ্যাকাররা কর্মীদের ছদ্মবেশ ধারণ করে সিস্টেমে প্রবেশ করেছিল।

ফিফার একজন মুখপাত্র বলেছেন: “ফিফা নিশ্চিত করছে যে তারা একটি সাইবার অ্যাটাকের শিকার হয়েছে, যার ফলে সীমিত সংখ্যক ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে। ফিফা আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।”
ফিফা তথ্য—বিশেষ করে ব্যক্তিগত তথ্য—অবৈধভাবে সংগ্রহ ও প্রকাশ করার ঘটনাকে কঠোরতম ভাষায় নিন্দা করে। এ ধরনের কর্মকাণ্ড গোপনীয়তার একটি গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন এবং এটি সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বড় ধরনের শাস্তির কারণ হতে পারে৷

সূত্র ইএসপিএন (ESPN)-কে জানিয়েছে যে, এই আক্রমণটি কোনও নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং একটি প্রতিষ্ঠান হিসেবে ফিফা (FIFA)-কে লক্ষ্য করে চালানো হয়েছিল।

‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ (Handsome Boy Hacking Club) নামে একটি গোষ্ঠী এই আক্রমণের দায় স্বীকার করেছে বলে মনে হচ্ছে; তারা তাদের এক্স (X) অ্যাকাউন্টে ফিফার কম্পিউটার ডেস্কটপের মতো দেখতে কিছু স্ক্রিনশট প্রকাশ করেছে। হ্যাকারদের গোষ্ঠীটি ১২ জিবি ডেটার অ্যাক্সেস পাওয়ার দাবি করেছে। বিশ্লেষণ থেকে দেখা যায়, এটি ফিফার কাছে থাকা মোট ডেটার ০.১ শতাংশেরও কম৷
 

Source: bengali.news18.com


Related News