Bangladesh News: শেখ হাসিনা ফেরার কথা বলতেই..বাংলাদেশে ফিরছেন মিঠু-রা! পদ্মাপাড়ের রাজনীতির সরাসরি আঁচ বঙ্গে

আন্তর্জাতিক

Bangladesh News: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় এবার ভারত থেকে বাংলাদেশে ফিরছেন আওয়ামি লিগ নেতারাও। ‘‘দেশের সরকার নেত্রীকে আটক করতে পারবে না, আমরা স্বাগত জানাব,’’ বলছেন দলের নেতাকর্মীরা। মালদহের মহদিপুর সীমান্ত দিয়ে দেশে ফিরলেন আওয়ামি লিগের জেলা পরিষদ সদস্য। ভয় উধাও। আওয়ামি লিগ আবার একত্রিত। ঘোষণা আওয়ামি লিগ নেতার। বাংলাদেশীদের মুখে মুখে ফিরছে হাসিনা প্রসঙ্গ। হাসিনা দেশে ফিরলে শান্তি আসবে, বলছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। মালদায় মহদিপুর সীমান্তে বাড়ছে ব্যস্ততা। তবে, প্রতিবেশী দেশ অশান্ত হলে ব্যবসায় প্রভাব পড়ার আশঙ্কা লরিচালকদের।

সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ: সামনের মাসেই বাংলাদেশে ফেরার বার্তা দিয়েছেন শেখ হাসিনা! আর সেই বার্তার পরেই কি ঘরে ফেরার তৎপরতা শুরু আওয়ামি লিগের দেশছাড়া নেতাদের মধ্যে? দু’মাস এদেশে কাটিয়ে মালদহের মহদিপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য তথা আওয়ামি লিগ নেতা হাবিবুর রহমান সহ তার কর্মীরা। তাঁর দাবি, নেত্রী শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিয়েছেন। তাই তাঁর মতো বহু দেশছাড়া আওয়ামি লিগ নেতা এবার ধীরে ধীরে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, বাংলাদেশে নতুন করে অস্থিরতার আবহ তৈরি হওয়ায় মহদিপুর সীমান্তে বাড়ছে উদ্বেগ। ওপারে গাড়ি নিয়ে যেতে আতঙ্কে রয়েছেন এপারের ট্রাকচালক ও খালাসিরা। প্রসঙ্গত, শেখ হাসিনা দেশে ফেরার কথা ঘোষণা করার
মালদহের মহলিপুর সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্ট নিয়ে যাতায়াত চলে। পাশাপাশি, এই স্থলবন্দর দিয়ে চলে ভারত-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য। গত কয়েকদিন ধরেই মালদায় মহদিপুর সীমান্তে দু’দেশের নাগরিকদের যাতায়াত ঘিরে তৈরি হয়েছে বাড়তি ব্যস্ততা। বেড়েছে বাংলাদেশীদের যাতায়াত। বাংলাদেশ থেকে ভারতে বিভিন্ন কাজে আসা নাগরিকদের অনেকের মুখেই শোনা যাচ্ছে শেখ হাসিনার প্রসঙ্গ। কেউ বলছেন, তাঁরা শেখ হাসিনাকেই আবার ক্ষমতায় দেখতে চান। আবার কারও বক্তব্য, তাঁরা কোনও নির্দিষ্ট দল নয়, বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় আসুক, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করুক, সেটাই তাঁদের প্রত্যাশা।

এরই মধ্যে তাৎপর্যপূর্ণভাবে লক্ষ্য করা যাচ্ছে আওয়ামি লিগ নেতাদের বাংলাদেশের প্রত্যাবর্তন। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামি লিগ নেতাদের অনেকেই এসেছিলেন এদেশে। এদের অনেকেই এবার সাহস করে দেশে ফিরছেন। মালদহের মহদীপুর সীমান্তে দেখা মিলল বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আওয়ামি লিগ জেলা পরিষদ সদস্য হাবিবুর রহমান ওরফে মিঠুর। হাবিবুর রহমানের দাবি, ভয়ে গত দু’মাস বেঙ্গালুরু ও হায়দরাবাদে ছিলেন তিনি। এবার নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার বার্তা পেয়ে নিজের দেশেই ফিরছেন। তাঁর মতো আরও অনেক দেশছাড়া নেতা দেশে ফেরার উদ্যোগ নিচ্ছেন বলেও দাবি তাঁর। স্পষ্ট জানালেন, আওয়ামি লিগ এখন একত্রিত। নেত্রীকে দেশের স্বাগত জানানো হবে। আমরা আওয়ামী লীগ আছি। তাঁকে আটক করতে পারবে না সরকার।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে চাপা গুঞ্জন সেদেশের সংখ্যালঘু হিন্দুদের মধ্যেও। বাংলাদেশ থেকে ভারতে আত্মীয়ের বাড়ি বেড়াতে আসা ডলি সাহা, ভানুরানী ঘোষরা জানালেন, বাংলাদেশের পরিস্থিতি মাঝেমধ্যে অশান্ত হচ্ছে। অনেক সংখ্যালঘু পরিবারে অত্যাচার, বাড়ি ঘর পোড়ানোর ঘটনা হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে পরিস্থিতি বদল হতে পারে।
বাংলাদেশী নাগরিকদের কারও আবার বক্তব্য কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল নয় এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষের মনোভাব হল, শুধু মুখে ভালো কথা নয় যে দল দেশকে ভালোভাবে চালাতে পারবে সাধারণ বাংলাদেশিরা তার পক্ষেই থাকবেন। দেশ চালানোর জন্য যোগ্যতা থাকতে হবে। আওয়ামি লিগ এখন প্রকাশ্যে ঘুরছে। উল্লেখযোগ্য এই বদলের কথাও জানাচ্ছেন বাংলাদেশিরা।
তবে রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশের অস্থিরতার প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে সীমান্ত বাণিজ্যেও। ওপারে পণ্য নিয়ে যেতে ভয় পাচ্ছেন এপারের ট্রাকচালক ও খালাসিরা। তাঁরা চান, ওপারে দ্রুত শান্তি ফিরে আসুক, যাতে নির্ভয়ে পণ্যবাহী গাড়ি নিয়ে যাতায়াত করতে পারেন।

মহদিপুর চেকপোস্ট সূত্রে খবর, এই সীমান্ত দিয়ে আগে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৫০ জন নাগরিক বৈধ পাসপোর্ট নিয়ে যাতায়াত করতেন। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০০ থেকে ২২০ জনে। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি পণ্যবাহী ট্রাকও চলাচল করে। পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ ও শুল্ক দফতর।

 

Source: bengali.news18.com


Related News